বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং আনন্দ-বেদনার এক আবেগঘন আবহের মধ্য দিয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বরিশাল বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ২০২০-২১ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৪২০ নম্বর কক্ষে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে ধর্মীয় সম্প্রীতি ও শুদ্ধতার বার্তা নিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর অতিথিদের আসন গ্রহণ ও ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে মূল পর্বের কার্যক্রম শুরু হয়।
সংগঠনটির সভাপতি মো. সজীবের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ মোঃ জাওয়াদ কবির ও সদস্য মারজিয়া মাকিনের সাবলীল ও প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মো. আবু সালেহ এবং ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের প্রভাষক প্রান্ত সাহা। অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শেখ সাজিদ; এ সময় কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দসহ বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

গোবিপ্রবিতে আন্তর্জাতিক অফিস, বায়োলজিক্যাল ইনস্টিটিউট ও আন্তর্জাতিক ভাষা সেন্টারের উদ্বোধন
অনুষ্ঠানের প্রথম পর্বে বরিশাল বিভাগের ছয়টি জেলা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল ও বরগুনা থেকে আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপের শুভেচ্ছা, শুভেচ্ছা স্মারক (ক্রেস্ট) এবং সংগঠনের লোগো সংবলিত চাবির রিং দিয়ে বরণ করে নেওয়া হয়। একই মঞ্চে বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি অধ্যায় শেষ করা ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রবীণ শিক্ষার্থীদের সংগঠনের পক্ষ থেকে সম্মাননা স্মারক (ক্রেস্ট), সনদপত্র (সার্টিফিকেট), চাবির রিং ও ফুল দিয়ে আবেগঘন বিদায়ী সংবর্ধনা জানানো হয়। প্রবীণদের বিদায়ে এবং নবীনদের আগমনে কক্ষজুড়ে এক অন্যরকম আবেগের সৃষ্টি হয়।
অতিথির বক্তব্যে প্রক্টর ড. এস এম আহসান বরিশালে কাটানো নিজের পুরোনো দিনের স্মৃতিচারণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং পড়াশোনার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজ অঞ্চল ও দেশের মুখ উজ্জ্বল করার আহ্বান জানান।
অতিথির বক্তব্যে শিক্ষক ও বরিশাল বিভাগীয় এসোসিয়েশন এর প্রধান উপদেষ্টা ড. মো. আবু সালেহ সংগঠনটির পারস্পরিক ভ্রাতৃত্ববোধের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘বরিশাল অ্যাসোসিয়েশন নিছক কোনো সংগঠন নয়, এটি ক্যাম্পাসে আমাদের সবার জন্য একটি পরিবার।’ এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন এবং আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের প্রয়োজনীয় বই কিনে দেওয়ার এক মহতী অঙ্গীকার ব্যক্ত করেন। তবে শর্ত হিসেবে তিনি মজার ছলে ও স্নেহভরে জানান, বই পড়া শেষে এর মূল বিষয়বস্তু ও সারমর্ম তাঁকে বুঝিয়ে বলতে হবে। প্রভাষক প্রান্ত সাহা তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের যেকোনো একাডেমিক ও ব্যক্তিগত প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পরিচিতি পর্ব। এতে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা নিজেদের নাম, বিভাগ ও জেলার পাশাপাশি নিজ নিজ জেলার ঐতিহ্য এবং বরিশাল বিভাগের কোন বিষয়টি তাঁদের সবচেয়ে বেশি ভালো লাগে, তা সবার সামনে তুলে ধরেন। পাশাপাশি প্রধান অতিথির উপস্থিতিতে এক আনন্দঘন র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, যেখানে বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুভূতি প্রকাশ পর্বে নবীন শিক্ষার্থীরা বলেন, পরিবার-পরিজন ছেড়ে সম্পূর্ণ নতুন ও অপরিচিত পরিবেশে আসার পর যে একাকিত্ব ও শূন্যতা তৈরি হয়েছিল, নিজ অঞ্চলের বড় ভাই-বোনদের এই প্ল্যাটফর্মে এসে তা নিমেষেই কেটে গেছে। এখানে তাঁরা নিজেদের মধ্যে এক ধরনের পারিবারিক উষ্ণতা, নিরাপত্তা ও স্বস্তি খুঁজে পেয়েছেন। অন্যদিকে, বিদায়ী শিক্ষার্থীরা ক্যাম্পাস জীবনের স্মৃতিচারণ করে অনুজদের প্রতি ভালোবাসা ও সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন। শিক্ষার্থীদের পরিবেশনায় দেশাত্মবোধক ও আধুনিক গান, দলীয় নৃত্য, কৌতুক এবং স্বরচিত কবিতা আবৃত্তির সুরেলা মূর্ছনায় পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। নৈশভোজ ও ফটোসেশনের মধ্য দিয়ে রাতের এই মিলনমেলার সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সাধারণত জেলাভিত্তিক ছাত্রকল্যাণ সমিতি গঠিত হলেও গোবিপ্রবিতে বরিশাল বিভাগের ছয়টি জেলা নিয়ে একটি সমন্বিত বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতি গঠিত হয়েছে। শিক্ষার্থীরা এই অনন্য উদ্যোগকে বৃহত্তর বরিশালের ঐক্য, সংহতি ও সম্প্রীতির প্রতীক হিসেবে দেখছেন। তাঁদের মতে, জেলার ভৌগোলিক সীমানা আলাদা হলেও ক্যাম্পাসে তাঁরা সবাই একই সুতোয় গাঁথা একটি পরিবারের সদস্য; যেখানে কোনো ভেদাভেদ নেই।
শুভ্র/
