যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সাতটি কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেন।
অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশ নেয়া সেরা ১০ জনকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
আজ শনিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর অলিম্পিয়াডের উদ্বোধন করেন।
বাংলাদেশ রসায়ন সমিতির উদ্যোগে ও যবিপ্রবির রসায়ন বিভাগের আয়োজনে জাতীয় পতাকা উত্তোলন ও শোভাযাত্রার পর সকাল ১০টায় অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে প্রতিযোগিতা শুরু হয়।
রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কে. এম. আনিস-উল-হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ হাফিজ উদ্দিনসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
