ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) প্লাটুন, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অধ্যক্ষ প্রফেসর ছানোয়ারা সুলতানা, উপাধ্যক্ষ প্রফেসর মো. শওকত আলী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আব্দুল কাসেম উপস্থিত ছিলেন। কলেজের বিএনসিসি সদস্যদের পাশাপাশি অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।
র্যালিতে ‘সচেতন হই, সচেতন করি—ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংস করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার বংশবিস্তার রোধে ব্যক্তি ও সামাজিক পর্যায়ে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি এবং পরিচ্ছন্নতা বজায় রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
র্যালিতে অংশগ্রহণকারীরা নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং আশপাশের মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পরিচ্ছন্নতা যেন শুধু প্রচারণার অংশ না হয়ে দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত হয়। সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।
শুভ্র/
