সুন্দর করে সাজানো কেক দেখলে সাধারণত জিভে জল আসে। কিন্তু কোনো কেক দেখতে যদি হয় অদ্ভুত, চোখ দুটো যদি থাকে কোটর থেকে বেরিয়ে আসার মতো, আর মুখের দাঁতগুলো যদি হয় বেখাপ্পা, তাহলে কেমন লাগবে? এমনই এক কুৎসিত ভেড়ার কেক তৈরি করে আলোচনায় এসেছে যুক্তরাষ্ট্রের মিশিগানের একটি বেকারি। মজার বিষয় হলো, কেকটি তৈরি করা হয়েছিল নিছক এপ্রিল ফুলের রসিকতা হিসেবে। অথচ সেই কেকই শেষ পর্যন্ত হয়ে উঠেছে আন্তর্জাতিকভাবে আলোচিত এক মিষ্টান্ন।
যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট এলাকার ওয়েস্টল্যান্ডে অবস্থিত ‘হোমস্টেড কিচেন আর্টিজান কেকারি’ নামের একটি বেকারি ১ এপ্রিল উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অদ্ভুত দেখতে একটি ভেড়ার কেকের ছবি প্রকাশ করে। ইস্টার উৎসবকে সামনে রেখে তৈরি করা কেকটির নকশা ছিল ইচ্ছাকৃতভাবেই হাস্যকর ও বেখাপ্পা।

আজ কেক দিবস
কেকটির চোখ দুটি ছিল বড় ও গোলাকার, যা দেখে মনে হচ্ছিল চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসবে। মুখে ছিল অসমান ও সামনের দিকে বেরিয়ে থাকা দাঁত। ধূসর রঙের ক্রিম এমনভাবে লাগানো হয়েছিল, যেন সেটি গলে নিচের দিকে নেমে আসছে। আর শরীরের পশমের মতো ভাব আনতে ওপরে ছড়িয়ে দেওয়া হয়েছিল নারকেলের কুচি।
কেকটির নকশায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘নেইলড ইট!’-এর ব্যর্থ কেক তৈরির হাস্যরসাত্মক ধরন অনুসরণ করা হয়েছিল। অর্থাৎ, নিখুঁত কেকের বদলে ইচ্ছা করেই তৈরি করা হয়েছিল এমন একটি কেক, যা দেখলে হাসি চেপে রাখা কঠিন।
বেকারিটির ধারণা ছিল, এমন কেকের ছবি দেখে মানুষ মজা পাবেন। কিন্তু পোস্টটি যে এত বড় সাড়া ফেলবে, তা হয়তো তারা নিজেরাও ভাবেননি। ছবিটি প্রকাশের পর মন্তব্যের বন্যা বয়ে যায়। ইনস্টাগ্রামেই পোস্টটিতে প্রায় চার হাজার মন্তব্য জমা পড়ে।
একজন মন্তব্যকারী মজা করে লেখেন, কেকটির কষ্ট লাঘব করতে তিনি ছুরি খুঁজছেন। এমন অসংখ্য হাস্যরসাত্মক মন্তব্যে ভরে ওঠে পোস্টের মন্তব্যের ঘর।
প্রতিক্রিয়া দেখে বেকারিটি শুধু ছবিতেই সীমাবদ্ধ থাকেনি। তারা একই নকশার কেক বিক্রির সিদ্ধান্ত নেয়। কিন্তু অপ্রত্যাশিত চাহিদার কারণে অল্প সময়ের মধ্যেই সব কেক বিক্রি হয়ে যায়।
বেকারিটির ভাষ্য অনুযায়ী, এপ্রিল ফুলের একটি সাধারণ রসিকতা শেষ পর্যন্ত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে ওঠে। তাদের প্রকাশিত তথ্য বলছে, পোস্টটি চার কোটির নয়, বরং ৪০ লাখের বেশি বার দেখা হয়েছে। একটি সপ্তাহান্তেই সব কেক বিক্রি হয়ে যায়। ক্রেতাদের আগ্রহ ও মানুষের হাস্যরসাত্মক প্রতিক্রিয়ায় বেকারিটির আয়োজনটি প্রত্যাশার চেয়েও বড় সাফল্য পায়।
তবে কেকটি নিয়ে সবাই যে শুধু মজা করেছেন, তা নয়। কয়েকজন খ্রিষ্টান অনুসারী ইস্টার উৎসবের সঙ্গে এমন বিদ্রূপাত্মক নকশা যুক্ত করায় আপত্তি জানান। খ্রিষ্টীয় বিশ্বাসে ভেড়া নির্দোষতার প্রতীক। একই সঙ্গে যিশু খ্রিষ্টের আত্মত্যাগের স্মারক হিসেবেও ভেড়ার প্রতীকী গুরুত্ব রয়েছে।
বিষয়টি সামনে আসার পর বেকারিটি পরদিন একটি ব্যাখ্যামূলক পোস্ট প্রকাশ করে। তারা জানায়, যুক্তরাষ্ট্রে ইস্টার উপলক্ষে ভেড়ার আদলে কেক তৈরির দীর্ঘদিনের প্রচলন রয়েছে। তবে এই কেক যিশু খ্রিষ্টের কোনো ধর্মীয় প্রতিরূপ নয়। এপ্রিল ফুল উপলক্ষে করা পোস্টটিও খ্রিষ্টধর্মকে আঘাত করার উদ্দেশ্যে দেওয়া হয়নি।
বেকারিটি আরও জানায়, তারা খ্রিষ্টীয় বিশ্বাসে আস্থাশীল এবং তাদের এই রসিকতা যেন কারও ধর্মীয় অনুভূতি কিংবা ইস্টারের প্রকৃত তাৎপর্য উপলব্ধির পথে বাধা না হয়ে দাঁড়ায়, সেটিই তাদের প্রত্যাশা।
অপ্রত্যাশিত জনপ্রিয়তা বেকারিটিকে নতুন একটি ভাবনার খোরাক দিয়েছে। তারা জানিয়েছে, আগামী ইস্টারেও এই অদ্ভুত নকশার ভেড়ার কেক তৈরি করা হবে। অর্থাৎ, যে কেকটি প্রথমে ছিল নিছক রসিকতার উপকরণ, সেটিই এখন তাদের বিশেষ আয়োজনের অংশ হতে যাচ্ছে।
এ ঘটনায় মজার একটি দিকও উঠে এসেছে। সাধারণত বেকারিগুলো সুন্দর ও নিখুঁত নকশার কেক তৈরি করে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করে। সেখানে ইচ্ছাকৃতভাবে কুৎসিত একটি কেক মানুষের আগ্রহের কেন্দ্রে চলে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের রসবোধ, ব্যতিক্রমী বিষয়বস্তুর প্রতি আগ্রহ এবং নতুন কিছু দেখার কৌতূহল যে কখনো কখনো প্রচলিত বিপণনধারণাকেও বদলে দিতে পারে, এই ঘটনা তারই একটি উদাহরণ।
একটি এপ্রিল ফুলের ঠাট্টা থেকে শুরু হয়ে কেকটির এমন জনপ্রিয়তা বেকারিটির জন্যও ছিল অপ্রত্যাশিত। নিখুঁত সৌন্দর্যের প্রতিযোগিতায় কখনো কখনো অসম্পূর্ণতা কিংবা অদ্ভুতুড়ে নকশাও যে মানুষের মুখে হাসি ফোটাতে পারে, মিশিগানের এই ভেড়ার কেক যেন তারই মজার প্রমাণ।
শুভ্র/
