আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন সামিরা খান মাহি। জাতীয় পোশাকে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। দর্শকদের ভোটেও একসময় এগিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিতে পারেননি মাহি। বাদ পড়েছেন সেমিফাইনালেই। এর মধ্য দিয়ে এবারের আসরে তাঁর যাত্রা শেষ হলো।
গত মঙ্গলবার পুয়ের্তো রিকোর সান হুয়ানে অনুষ্ঠিত হয় মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৬টায় শুরু হওয়া এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলের ১১৬ প্রতিযোগী অংশ নেন। প্রথম ধাপে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হলে সেখানে ছিল না বাংলাদেশের প্রতিনিধির নাম।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে চ্যাম্পিয়ন জেনিফার
এবারের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়নের পাশাপাশি দর্শকদের ভোটেরও গুরুত্ব ছিল। দর্শকভোটে সর্বোচ্চ ভোট পাওয়া একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ জায়গা পাওয়ার সুযোগ পান। গ্র্যান্ড ফিনালে শুরুর প্রায় এক ঘণ্টা আগেও এই ভোটে এগিয়ে ছিলেন মাহি। তবে শেষ মুহূর্তে সেই অবস্থান ধরে রাখতে পারেননি তিনি। ইকুয়েডরের প্রতিযোগী দালিয়া বাকারাম দর্শকভোটে জয়ী হয়ে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নেন। অন্য প্রতিযোগীদের বাছাই করা হয় সাক্ষাৎকার ও প্রাথমিক পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে।

এর আগে জাতীয় পোশাক প্রদর্শনীতে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে নজর কেড়েছিলেন মাহি। বাংলাদেশ সময় ২২ নভেম্বর ভোরে অনুষ্ঠিত ওই পর্বে লাল-সাদা খাদির শাড়িতে মঞ্চে হাজির হন তিনি। মাতৃত্ব: ভালোবাসার সর্বজনীন বন্ধন শিরোনামের পোশাকটির মূল ভাবনায় ছিল মা ও সন্তানের চিরন্তন সম্পর্ক। পাশাপাশি মাতৃভূমির প্রতি ভালোবাসার বার্তাও তুলে ধরেন তিনি।
কুমিল্লার ঐতিহ্যবাহী খাদি কাপড়ে তৈরি শাড়িটির নকশা করেন বিশ্বজিৎ মজুমদার। এর সঙ্গে ছিল বাংলার ঐতিহ্যবাহী গয়না। মাহির পিঠে সংযুক্ত বৃত্তাকার শিল্পকর্মে ফুটিয়ে তোলা হয় একজন নারীর শৈশব থেকে মাতৃত্ব ও বার্ধক্যে পৌঁছানোর গল্প। পোশাকটির মধ্য দিয়ে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং নারীর জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরার চেষ্টা করা হয়।
উল্লেখ্য, ২০১৯ সালে প্রথমবারের মতো মিস ইউনিভার্সে অংশ নেয় বাংলাদেশ। সে বছর দেশের প্রতিনিধিত্ব করেন শিরিন আক্তার শিলা। এরপর ২০২৪ সালে প্রতিযোগিতায় অংশ নেন অনিকা আলম। গত বছর তানজিয়া জামান মিথিলা প্রথমবারের মতো বাংলাদেশকে সেরা ৩০-এ জায়গা করে দেন। এবার সেই সাফল্যের পুনরাবৃত্তির প্রত্যাশা ছিল সামিরা খান মাহিকে ঘিরে। তবে শেষ পর্যন্ত সেরা ৩০-এর লড়াই থেকেই বিদায় নিতে হলো তাঁকে।
