২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

৪৮তম বছরে ইবি: প্রাপ্তির খাতায় গৌরব, প্রত্যাশায় আধুনিক ক্যাম্পাস

ক্যাম্পাস ডেস্ক
ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬ | ১২:৩২ এএম | ৫৩ বার পঠিত

স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যাত্রা শুরু করেছিল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ১৯৭৯ সালের ২২ নভেম্বর প্রতিষ্ঠিত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উচ্চশিক্ষার এই বিদ্যাপীঠটি আজ রবিবার ৪৭ বছর পূর্ণ করে ৪৮তম বছরে পদার্পণ করল। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মাহেন্দ্রক্ষণে ক্যাম্পাসের অর্জন, সীমাবদ্ধতা এবং আগামীর পথচলা নিয়ে নিজেদের ভাবনা ও প্রত্যাশার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাঁদের কথাগুলো তুলে ধরেছেন বাংলা বিভাগের শিক্ষার্থী মো. জাহিদ হাসান।

ঐতিহ্য, গৌরব ও প্রত্যাশায় ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামি আদর্শ ও মূল্যবোধকে ধারণ করে আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি, আইন, সামাজিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষার সমন্বয়ে জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ১৯৭৯ সালের ২২ নভেম্বর যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়। সময়ের পালাবদলে নানা অর্জন, সফলতা ও চড়াই-উতরাই পেরিয়ে ৪৮তম বছরে পদার্পণ করছে প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয় হলো উন্মুক্ত চিন্তা বিকাশের আঙিনা। এখান থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভিন্ন চিন্তা, সংস্কৃতি ও মতাদর্শের মানুষের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। শিখেছি নেতৃত্ব, দায়িত্ববোধ, সহমর্মিতা ও সামাজিক বাস্তবতাকে উপলব্ধি করে প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার দক্ষতা। ব্যক্তিগত বিকাশে বিশ্ববিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রম, সাংস্কৃতিক চর্চা ও বিভিন্ন সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন

প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার আকাঙ্ক্ষা

তবে গৌরবের পাশাপাশি কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে তার প্রতিষ্ঠার মূল লক্ষ্য থেকে অনেকটা বিচ্যুত; ইসলামি মূল্যবোধের সঙ্গে আধুনিক শিক্ষার সম্পৃক্ততা নেই বললেই চলে। গবেষণায় সীমিত বরাদ্দ, আধুনিক প্রযুক্তির স্বল্পতা এবং দক্ষ গবেষক ও নির্দেশকের সংকটে বিশ্ববিদ্যালয়টি পিছিয়ে রয়েছে। এ ছাড়া আবাসন সংকট, সেশনজট, পরিবহন ও চিকিৎসাসেবার সীমাবদ্ধতা এবং অবকাঠামোগত সমস্যাগুলো শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে বাধাগ্রস্ত করছে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে নামমাত্র সনদনির্ভর শিক্ষাকেন্দ্র না রেখে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ তৈরির অন্যতম প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। আন্তর্জাতিক মানের গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ ও উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এখন সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের প্রতি ভালোবাসা থেকেই বলছি, সব সীমাবদ্ধতা দূর করে ৪৭ বছরের ঐতিহ্য ধারণ করে ইবি হয়ে উঠুক আগামীর এক বিশ্বমানের বিদ্যাপীঠ।

– মো. মোজাহিদুল ইসলাম
শিক্ষার্থী, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ

গৌরব ও প্রত্যাশার নতুন দিগন্তে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম নয়, বরং উচ্চশিক্ষা, জ্ঞানচর্চা ও সংস্কৃতির এক অনন্য বাতিঘর। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৪৭ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়টি শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এর সমৃদ্ধ ইতিহাস, চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য, বৈচিত্র্যময় সাংস্কৃতিক পরিবেশ এবং অসংখ্য মেধাবী শিক্ষার্থীর পদচারণা আমাকে গর্বিত করে। এখান থেকে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ আমার প্রাপ্তির ঝুলিকে সমৃদ্ধ করেছে।

তবে মুদ্রার ওপিঠের মতো কিছু সীমাবদ্ধতাও রয়েছে। আবাসন ও পরিবহন সংকট, নিরাপত্তার অভাব, গবেষণাবান্ধব পরিবেশের ঘাটতি, সেশনজট এবং চিকিৎসাসেবার সীমাবদ্ধতা শিক্ষার্থীদের প্রত্যাশিত শিক্ষার পরিবেশকে ব্যাহত করে। আমি প্রত্যাশা করি, ইসলামী বিশ্ববিদ্যালয় একাডেমিক উৎকর্ষ, গবেষণার সুযোগ, আধুনিক অবকাঠামো ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করে আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হবে। আমাদের প্রাপ্তির জায়গাগুলো আরও সমৃদ্ধ হোক, আর ঘাটতিগুলো দূর করে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাক গৌরবের নতুন উচ্চতায়।

– কানিজ ফাতেমা
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

১৭৫ একরের বুকে নান্দনিকতার প্রত্যাশা

ইসলামী বিশ্ববিদ্যালয় কেবল উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়; বরং এটি আমাদের আবেগ, স্মৃতি, স্বপ্ন ও সম্ভাবনার এক অনন্য প্রাঙ্গণ। কুষ্টিয়া ও ঝিনাইদহের মধ্যবর্তী শান্তিডাঙ্গায় অবস্থিত ১৭৫ একরের বিস্তৃত এই ক্যাম্পাস প্রকৃতির স্নিগ্ধতা ও শিক্ষার পরিবেশে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য ধারণ করে আছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণে আমার প্রত্যাশা, শিক্ষার উৎকর্ষের পাশাপাশি ক্যাম্পাসের নান্দনিক সৌন্দর্যও বিকশিত হোক। এই বিস্তৃত প্রাঙ্গণকে আরও দৃষ্টিনন্দন করতে প্রয়োজন সুপরিকল্পিত সবুজায়ন, ঋতুভিত্তিক ফুলের বাগান, পরিচ্ছন্ন জলাশয়, প্রশস্ত সড়ক ও পর্যাপ্ত আলোকসজ্জা। একাডেমিক ভবন, আবাসিক হল ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও ঐতিহ্যকে শিল্পসম্মতভাবে উপস্থাপনের উদ্যোগ নেওয়া যেতে পারে।
তবে সৌন্দর্য কেবল অবকাঠামোর শোভায় সীমাবদ্ধ নয়; এর প্রকৃত প্রতিফলন ঘটে মানুষের সচেতনতা ও দায়িত্বশীল আচরণে। তাই প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত অংশগ্রহণ অপরিহার্য। ১৭৫ একরের প্রতিটি প্রান্ত হয়ে উঠুক পরিচ্ছন্নতা ও নান্দনিকতার প্রতিচ্ছবি।

– মোমিন রাহমান
শিক্ষার্থী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

ঐতিহ্যের আলোয় প্রত্যাশিত ইবি

একটি বিশ্ববিদ্যালয় কেবল ভবন, শ্রেণিকক্ষ কিংবা সনদের সমষ্টি নয়; এটি একজন শিক্ষার্থীর স্বপ্ন পূরণের জায়গা, চিন্তার পরিধি বিস্তারের ক্ষেত্র এবং ভবিষ্যৎ নির্মাণের সূতিকাগার। ইসলামী বিশ্ববিদ্যালয় আমার কাছে তেমনই এক অনুভূতির নাম। গৌরবময় ইতিহাস ও স্বতন্ত্র পরিচয়ের এই বিদ্যাপীঠের অংশ হতে পারা নিঃসন্দেহে আনন্দ ও গর্বের।

তবে দুঃখজনকভাবে প্রতিনিয়ত কিছু বাস্তব সমস্যা অনুধাবন করি। আবাসন সংকট, পরিবহন সমস্যা, গবেষণার সীমিত সুযোগ এবং প্রশাসনিক জটিলতা এর অন্যতম। প্রশাসন এখনো শিক্ষার্থীদের প্রত্যাশিত শিক্ষার পরিবেশ পুরোপুরি নিশ্চিত করতে পারেনি, যা হতাশাজনক। দিনশেষে এই সমস্যাগুলোই একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত করে। সময়ের আবর্তনে এসব সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা জরুরি, যা একটি শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবে এবং আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলার দক্ষতা গড়ে তুলবে। পরিশেষে প্রত্যাশা একটাই—এমন একটি ক্যাম্পাস চাই যেখানে মেধার বিকাশে সুযোগের অভাব হবে না, গবেষণা হবে অগ্রগতির চালিকাশক্তি। প্রতিষ্ঠানের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শুধু ইতিহাস নয়, বরং সমৃদ্ধ হোক শিক্ষার্থীদের অর্জনও।

– সুমাইয়া সুলতানা
শিক্ষার্থী, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগ

প্রত্যাশা ও প্রাপ্তির মেলবন্ধনে ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে একজন শিক্ষার্থী হিসেবে আমার গৌরব ও আনন্দ অপরিসীম। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই সর্বোচ্চ বিদ্যাপীঠ দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ মানবসম্পদ তৈরিতে অনন্য ভূমিকা রেখে চলেছে। আমাদের সবুজ ও শান্তিময় ক্যাম্পাস জ্ঞানার্জনের এক চমৎকার অভয়ারণ্য, যেখানে শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা, অনুকূল একাডেমিক পরিবেশ ও পারস্পরিক সম্প্রীতি শিক্ষার্থীদের জন্য বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
তবে সুদীর্ঘ এই পথচলায় কিছু ক্ষেত্রে আমাদের প্রাপ্তি এখনো অপূর্ণ। সেশনজটের ধকল, আধুনিক গবেষণাগারের সীমাবদ্ধতা, আবাসন সংকট, সমৃদ্ধ লাইব্রেরির অভাব এবং অপর্যাপ্ত পরিবহন ব্যবস্থার কারণে শিক্ষার্থীদের একাডেমিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। দেশের অন্যতম প্রাচীন পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে যে বিশ্বমানের অবকাঠামো ও আধুনিক সুযোগ-সুবিধা থাকা উচিত ছিল, যুগের তুলনায় তা এখনো অপ্রতুল। তাই প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে প্রশাসনের কাছে প্রত্যাশা—আবাসন ও পরিবহনের আধুনিকায়ন করা হোক, সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং গবেষণায় আরও জোরালোভাবে গুরুত্ব দেওয়া হোক। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা হোক। যুগের সঙ্গে তাল মিলিয়ে ঐতিহ্যবাহী এই ক্যাম্পাস একদিন আন্তর্জাতিক মানের শিক্ষা ও গবেষণার শীর্ষে পৌঁছে যাবে, এটাই আমার দৃঢ় বিশ্বাস।

– জিন্নাত আলভী
শিক্ষার্থী, গণিত বিভাগ

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২২ নভেম্বর ২০২৬
News Image
Watermark

৪৮তম বছরে ইবি: প্রাপ্তির খাতায় গৌরব, প্রত্যাশায় আধুনিক ক্যাম্পাস

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

৪৮তম বছরে ইবি: প্রাপ্তির খাতায় গৌরব, প্রত্যাশায় আধুনিক ক্যাম্পাস

২২ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
৪৮তম বছরে ইবি: প্রাপ্তির খাতায় গৌরব, প্রত্যাশায় আধুনিক ক্যাম্পাস
সবুজ চত্বর | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন