বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, নবীন বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা সভা, অ্যালামনাই অ্যাসোসিয়েশন নির্বাচন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
আজ শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় পিটিআর বিভাগের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচি শুরু হয় আনন্দ শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি যবিপ্রবির ডা. এম আর খান মেডিকেল সেন্টার থেকে শুরু হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে পুনরায় মেডিকেল সেন্টারে এসে শেষ হয়। পরে পিটিআর বিভাগের সামনে কেক কাটা হয়।

যবিপ্রবির সমাবর্তনে রাষ্ট্রপতির সম্মতি, শিক্ষা ব্যবস্থায় সমন্বয়ের আহ্বান
কেক কাটার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে নবীনদের ফুল দিয়ে বরণ, বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।
প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, মানুষের সেবা করার সুযোগ সবার ভাগ্যে আসে না। পিটিআর বিভাগের শিক্ষার্থীরা সেই সুযোগ পেয়েছেন। চিকিৎসাসেবায় দক্ষতার পাশাপাশি সহযোগী স্বাস্থ্যকর্মীদের সুন্দর ব্যবহার ও সেবার মান রোগীদের আস্থা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিভাগের প্রথম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের একত্র হয়ে বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, নানা সীমাবদ্ধতা সত্ত্বেও পিটিআর বিভাগ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। দেশের বিভিন্ন বড় হাসপাতালে বিভাগের গ্র্যাজুয়েটদের প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের বিষয়। তিনি বলেন, ফিজিওথেরাপির মাধ্যমে মানুষের সুস্থতা ও সেবায় অবদান রাখা অত্যন্ত মহৎ কাজ।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, পিটিআর বিভাগের প্রথম অ্যালামনাই পুনর্মিলনী আয়োজন আনন্দের বিষয়। মানবসেবা ও দক্ষতার মাধ্যমে বিভাগটি দেশব্যাপী প্রশংসিত অবস্থান তৈরি করেছে। তিনি শিক্ষার্থীদের গবেষণা ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মানবসেবায় নিজেদের নিয়োজিত রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
পিটিআর বিভাগের চেয়ারম্যান ড. মো. ফিরোজ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যবিপ্রবির স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাসিম রেজা ও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। এ ছাড়া বক্তব্য দেন পিটিআর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. জাহিদ হাসান, পিটিআর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবু জুবায়ের শাওন এবং শিক্ষার্থী সুস্মিতা, মো. আলামিন ও হাসিবুর রহমান।
অনুষ্ঠানে পিটিআর বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আগত অতিথিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক ডা. কাজী মো. এমরান হোসেন। সন্ধ্যায় বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষ্যে গতকাল (২০ নভেম্বর) ‘ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন প্র্যাকটিসে মাসকুলোস্কেলেটাল আল্ট্রাসনোগ্রাফি এবং রিজেনারেটিভ অ্যাপ্রোচ বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার আট বছরে পিটিআর বিভাগ একাডেমিক শিক্ষা, ক্লিনিক্যাল সেবা ও গবেষণায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের পাশাপাশি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিয়মিত বিনামূল্যে ফিজিওথেরাপি চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে মানবিক স্বাস্থ্যসেবায় অবদান রাখছে বিভাগটি। বর্ষপূর্তি উপলক্ষ্যে বিভাগের পক্ষ থেকে শিক্ষা, গবেষণা ও ক্লিনিক্যাল সেবার মান আরও উন্নত করার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করা হয়। দক্ষ, মানবিক ও দায়িত্বশীল ফিজিওথেরাপিস্ট তৈরির মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে অবদান রাখাই বিভাগের লক্ষ্য।
