২২ নভেম্বর, ২০২৬
English
Network News BD

প্রতিকূলতাকে জয় করে সাহিত্যের পথে শারমিন ইসলাম রত্না

তানজিদ শুভ্র
তানজিদ শুভ্র
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬ | ০৯:১৫ এএম | ৫৪ বার পঠিত

দৃষ্টিশক্তি হারানোর পথে এগিয়ে চলা জীবনের কঠিন বাস্তবতা। অথচ সেই বাস্তবতাকে অতিক্রম করে সাহিত্যের আলোয় নিজের পথ তৈরি করেছেন শারমিন ইসলাম রত্না। শৈশবে দুরারোগ্য চোখের রোগে আক্রান্ত হওয়ার পরও থেমে থাকেননি তিনি। বই পড়ার ভালোবাসা থেকে লেখালেখিতে হাতেখড়ি, আর সেই পথ ধরে দুই দশকেরও বেশি সময় ধরে শিশু-কিশোরদের জন্য সাহিত্যচর্চা করে চলেছেন এই লেখক।

ঢাকার কেরানীগঞ্জে আজকের দিনে জন্ম নেওয়া শারমিন ইসলাম রত্নার বাবা মোহাম্মদ হারুন এবং মা ইয়াসমিন বেগম। মাত্র তিন বছর বয়সে তাঁর চোখে শনাক্ত হয় রেটিনাইটিস পিগমেন্টোসা নামের দুরারোগ্য রোগ। এ রোগে ধীরে ধীরে দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসে। চিকিৎসাবিজ্ঞানে এখনো এ রোগের স্থায়ী চিকিৎসা আবিষ্কৃত হয়নি। শৈশব থেকেই এই কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করতে হয়েছে তাঁকে।

আরও পড়ুন

হ্যালো দিবস: একটি শুভেচ্ছা বদলে দিতে পারে সম্পর্কের দূরত্ব

নবম শ্রেণি পর্যন্ত পাওয়ার চশমা ব্যবহার করে বইয়ের অক্ষর বড় করে পড়তেন রত্না। কিন্তু দশম শ্রেণিতে ওঠার পর বই দেখে পড়া আর সম্ভব হয়নি। তখন লেখাপড়া চালিয়ে যেতে প্রয়োজন হয় শ্রুতিলেখকের। তিনি মুখে বলতেন, অন্যজন লিখে দিতেন এবং তাঁকে পড়ে শোনাতেন। ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা শুরু করার সুযোগ থাকলেও আগে থেকে শেখা না থাকায় সেটি তাঁর কাছে কঠিন মনে হয়েছিল। তবু পড়াশোনার পথ থেকে সরে দাঁড়াননি তিনি।

ছোটবেলা থেকেই বই পড়ার প্রতি ছিল তাঁর গভীর আগ্রহ। সেই আগ্রহই ধীরে ধীরে লেখালেখির অনুপ্রেরণা হয়ে ওঠে। ২০০৩ সাল থেকে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত শারমিন ইসলাম রত্না। তাঁর প্রথম গল্প প্রকাশিত হয় ওই বছরের ৪ জুলাই দৈনিক ইত্তেফাকের ‘কচিকাঁচার আসর’ পাতায়। প্রথম প্রকাশের পর থেকেই নিয়মিত লেখালেখির সঙ্গে যুক্ত হন তিনি। দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় পত্রিকায় শিশু-কিশোরদের জন্য তাঁর লেখা প্রকাশিত হয়ে আসছে।

প্রযুক্তির অগ্রগতি তাঁর সাহিত্যচর্চাকে আরও সহজ করে দিয়েছে। একসময় শ্রুতিলেখকের সহায়তায় লেখার কাজ করলেও বর্তমানে গুগল ভয়েস টাইপিং ব্যবহার করে নিজের কথা সরাসরি লেখায় রূপান্তর করেন। এরপর ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে লেখা সম্পাদনা ও সংশোধন করেন। প্রযুক্তির এই সহায়তা তাঁকে লেখালেখিতে আরও স্বাধীনতা দিয়েছে।

শিশু-কিশোর সাহিত্য নিয়ে তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যাও উল্লেখযোগ্য। ‘পাথর রাজ্যের রাজকন্যা’ প্রকাশ করেছে শিশু প্রকাশ, ‘সোনার পায়রা’ মুক্তধারা, ‘তাহিয়ানের যত মজার কাণ্ড’ সাতভাই চম্পা প্রকাশনী, ‘সবুজ বনের খরগোশ’ পঙ্খিরাজ এবং ‘ভূতের উপহার’ শিশুগ্রন্থ কুটির থেকে প্রকাশিত হয়েছে। এ ছাড়া ‘রংতুলিতে ছুটির দিন’ প্রকাশ করেছে শিশুবেলা।

তাঁর গল্পে শিশুদের কল্পনা, আবেগ, আনন্দের পাশাপাশি থাকে শিক্ষণীয় বার্তা। ছোটদের উপযোগী করে গল্প বলার মধ্য দিয়ে নতুন প্রজন্মকে আলোকিত করার চেষ্টা করেন তিনি। তাঁর বই শিশুদের পাশাপাশি বড় পাঠকদেরও আগ্রহ তৈরি করেছে বলে জানান লেখক।

সাহিত্যচর্চার পাশাপাশি শারমিন ইসলাম রত্না একজন বাচিকশিল্পী। আবৃত্তির সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে তাঁর। রেডিও, টেলিভিশন ও বিভিন্ন সাহিত্যসংগঠনের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।

জীবনের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তাঁর স্বপ্ন এখন আরও বিস্তৃত। বাংলাদেশের হেলেন কেলার হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেন তিনি। নিজের সাহিত্যকর্মের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধীসহ প্রতিকূলতার মুখোমুখি মানুষদের অনুপ্রেরণা জোগাতে চান। তাঁর বিশ্বাস, সত্যের চেয়ে সুন্দর এবং স্বপ্নের চেয়ে বড় কিছু নেই।

দীর্ঘ ২৩ বছরের সাহিত্যযাত্রায় পাঠকের ভালোবাসাকেই সবচেয়ে বড় অর্জন মনে করেন শারমিন ইসলাম রত্না। আমৃত্যু সাহিত্যচর্চা চালিয়ে যেতে চান তিনি। জন্মদিনে পাঠকের কাছে দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করে এই লেখক জানান, পাঠকের ভালোবাসাই তাঁর সাহিত্যজীবনের সবচেয়ে বড় পুরস্কার।

শুভ্র/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
২১ নভেম্বর ২০২৬
News Image
Watermark

প্রতিকূলতাকে জয় করে সাহিত্যের পথে শারমিন ইসলাম রত্না

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

প্রতিকূলতাকে জয় করে সাহিত্যের পথে শারমিন ইসলাম রত্না

২১ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
প্রতিকূলতাকে জয় করে সাহিত্যের পথে শারমিন ইসলাম রত্না
রকমারি | ২১ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন