১৭ নভেম্বর, ২০২৬
English
Network News BD

আনফ্রেন্ড দিবস আজ

ধ্রুব আবির
ধ্রুব আবির
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৬ | ১২:৪২ এএম | ৩১ বার পঠিত

সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা যত বাড়ছে, বাস্তব জীবনে যোগাযোগের পরিসর কি ততটাই সমৃদ্ধ হচ্ছে? ফেসবুকের বন্ধুতালিকায় হয়তো কয়েক শ কিংবা কয়েক হাজার মানুষের নাম। তাঁদের মধ্যে কেউ শৈশবের সহপাঠী, কেউ একসময়কার পরিচিত, আবার কেউ হয়তো কোনো অনুষ্ঠানে কয়েক মিনিটের জন্য দেখা হওয়া মানুষ। অথচ তাঁদের অনেকের সঙ্গেই বছরের পর বছর কোনো কথা হয় না। কেউ কেউ আবার নিয়মিত এমন সব পোস্ট করেন, যা বিরক্তি, হতাশা কিংবা অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়।

ডিজিটাল জীবনের এই অপ্রয়োজনীয় ভিড় কমিয়ে আনতেই প্রতিবছর ১৭ নভেম্বর পালিত হয় ‘আনফ্রেন্ড দিবস’ (National Unfriend Day)।

সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা নতুন করে পর্যালোচনা করা এবং অনলাইন যোগাযোগের ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরির কথা মনে করিয়ে দেয় দিনটি। মূলত ভার্চ্যুয়াল সম্পর্কের সংখ্যা বাড়ানোর চেয়ে মানসম্মত যোগাযোগকে গুরুত্ব দেওয়াই এর উদ্দেশ্য। যাঁদের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই কিংবা যাঁদের অনলাইন উপস্থিতি নিয়মিত নেতিবাচক অভিজ্ঞতার জন্ম দেয়, তাঁদের বন্ধুতালিকা থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি সামনে আনা হয় এই দিনে।

জাতীয় আনফ্রেন্ড দিবসের সূচনা করেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিমি কিমেল। ২০১০ সালের ১৭ নভেম্বর নিজের রাতের টক শোতে দিবসটি ঘোষণা করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বিচারে বন্ধু যোগ করার প্রবণতা নিয়ে রসিকতার মধ্য দিয়ে তিনি প্রশ্ন তোলেন, যাঁর সঙ্গে বিশ বছর ধরে কোনো কথা নেই, সেই স্কুলজীবনের পরিচিত মানুষটিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধু হিসেবে রাখার প্রয়োজন কতটা? কিংবা কোনো অনুষ্ঠানে সামান্য পরিচয় হওয়া ব্যক্তির প্রতিদিনের কর্মকাণ্ড জানার আগ্রহই বা কতটুকু?

কিমেলের এই উদ্যোগের পেছনে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রমাগত বাড়তে থাকা পরিচিতির চাপ। ১৯৯৯ সালে লাইভজার্নির মতো অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম জনপ্রিয় হতে শুরু করে।

২০০৩ সালে মাইস্পেসের ‘টপ এইট’ বন্ধু নির্বাচনের ব্যবস্থা অনলাইন বন্ধুত্বকে নতুন মাত্রা দেয়। ২০০৪ সালে ফেসবুকের যাত্রা এবং ২০০৬ সালে টুইটারের (বর্তমান ‘এক্স’) আবির্ভাব মানুষের যোগাযোগের ধরন বদলে দেয়।

পরবর্তী সময়ে ইনস্টাগ্রামসহ বিভিন্ন মাধ্যমের বিস্তারে ভার্চ্যুয়াল পরিচিতির পরিসর আরও বড় হয়। ফলে মানুষের সামাজিক যোগাযোগের তালিকায় যুক্ত হতে থাকে অসংখ্য নতুন মুখ, যাঁদের অনেকের সঙ্গে বাস্তব জীবনে সম্পর্কের গভীরতা খুব সামান্য।

জাতীয় আনফ্রেন্ড দিবসের মূল বার্তা অবশ্য কাউকে নির্বিচারে বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া নয়। বরং নিজের অনলাইন পরিসরকে নিজের প্রয়োজন, আগ্রহ ও মানসিক স্বস্তির উপযোগী করে তোলা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত নেতিবাচক মন্তব্য, অপ্রয়োজনীয় বিতর্ক কিংবা হতাশাজনক বিষয়বস্তু দেখতে দেখতে অনেকেই বিরক্ত হয়ে পড়েন। এমন পরিস্থিতিতে যেসব অ্যাকাউন্টের পোস্ট নিয়মিত অস্বস্তি তৈরি করে, সেগুলো থেকে দূরে থাকার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এতে নিজের পছন্দের বিষয়, ইতিবাচক অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় যোগাযোগের জন্য অনলাইন পরিসর আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ হয়ে উঠতে পারে।

এ ক্ষেত্রে আনফ্রেন্ড ও আনফলো করার মধ্যে পার্থক্য রয়েছে। কাউকে আনফ্রেন্ড করলে সাধারণত ফেসবুকের মতো মাধ্যমে দুই পক্ষের পারস্পরিক বন্ধুত্বের সম্পর্কটি আর থাকে না। অন্যদিকে আনফলো করলে বন্ধুত্ব বা অনুসরণের সম্পর্ক বহাল রেখেই নির্দিষ্ট ব্যক্তির পোস্ট নিজের নিউজ ফিডে দেখা বন্ধ করা যায়। ইনস্টাগ্রাম ও এক্সের মতো মাধ্যমেও অনুসরণ বন্ধ করার সুযোগ রয়েছে। অর্থাৎ, সম্পর্ক পুরোপুরি ছিন্ন না করেও নিজের অনলাইন অভিজ্ঞতা নিয়ন্ত্রণ করা সম্ভব।

দিবসটি পালনের একটি সহজ উপায় হতে পারে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বন্ধুতালিকা একবার দেখে নেওয়া। কার সঙ্গে নিয়মিত যোগাযোগ হয়, কার সঙ্গে সম্পর্কটি এখনো গুরুত্বপূর্ণ এবং কার উপস্থিতি কেবল তালিকার সংখ্যা বাড়াচ্ছে, তা ভেবে দেখা যেতে পারে। তবে দীর্ঘদিন যোগাযোগ না থাকলেই কাউকে বাদ দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। পুরোনো পরিচিতিরও আলাদা মূল্য রয়েছে। সিদ্ধান্তটি হওয়া উচিত ব্যক্তিগত স্বাচ্ছন্দ্য ও প্রয়োজনের ভিত্তিতে।

একই সঙ্গে ভার্চ্যুয়াল যোগাযোগের বাইরে বাস্তব জীবনের সম্পর্কগুলোকে সময় দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের পোস্টে প্রতিক্রিয়া জানানো কিংবা নিয়মিত বার্তা বিনিময়ের পাশাপাশি সরাসরি দেখা করা, একসঙ্গে সময় কাটানো এবং আন্তরিক কথোপকথনের বিকল্প নেই। আবার পেশাগত পরিচিতদের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমের পরিবর্তে লিংকডইনের মতো পেশাভিত্তিক মাধ্যম ব্যবহার করা যেতে পারে।

জাতীয় আনফ্রেন্ড দিবস মূলত ডিজিটাল জীবনে পরিমিতিবোধের একটি স্মারক। প্রতিদিন নতুন মানুষকে যুক্ত করার প্রতিযোগিতায় না নেমে কখন, কাকে এবং কেন নিজের অনলাইন পরিসরে রাখছি, সেই প্রশ্নটিই সামনে আনে দিনটি। কারণ সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুর সংখ্যা বেশি হওয়াই সুস্থ সম্পর্কের নিশ্চয়তা নয়। বরং প্রয়োজনীয় মানুষের সঙ্গে অর্থবহ যোগাযোগ বজায় রাখা এবং অপ্রয়োজনীয় ডিজিটাল চাপ থেকে নিজেকে মুক্ত রাখাই হতে পারে আরও স্বস্তিদায়ক অনলাইন জীবনের সূচনা।

ডিএ/

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৭ নভেম্বর ২০২৬
News Image
Watermark

আনফ্রেন্ড দিবস আজ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

আনফ্রেন্ড দিবস আজ

১৭ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
আনফ্রেন্ড দিবস আজ
এই দিনে | ১৭ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন