বাংলা সাহিত্যের কালজয়ী কথাসাহিত্যিক ও ‘বিষাদ-সিন্ধু’ গ্রন্থের রচিয়তা মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদীতে অবস্থিত তাঁর স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে বাংলা একাডেমি।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পদমদীতে অবস্থিত তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। সকাল ৯টা ৪০ মিনিটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হবে সেমিনার ও আলোচনা সভা।

আজ নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন
অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন আর রশিদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।
এ ছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণে দিনব্যাপী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। বাংলা সাহিত্যের এই মহান স্রষ্টার জীবন, সাহিত্যকর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আয়োজনের অন্যতম লক্ষ্য।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তিনি উনিশ শতকের বাঙালি মুসলিম সাহিত্যিকদের মধ্যে অন্যতম পথিকৃৎ। বাংলা সাহিত্যে কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও আত্মজীবনীসহ বিভিন্ন শাখায় অসামান্য অবদান রেখে তিনি চিরস্মরণীয় হয়ে আছেন।
তাঁর রচিত কালজয়ী গ্রন্থ ‘বিষাদ-সিন্ধু’ বাংলা সাহিত্যের এক অনন্য সংযোজন। কারবালার মর্মান্তিক ঘটনাকে উপজীব্য করে রচিত এ গ্রন্থ তাঁকে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা এনে দেয়। সময়ের ব্যবধানে আজও বইটি বাংলা সাহিত্যের পাঠকদের কাছে সমানভাবে সমাদৃত।
