ভাটিবাংলার বীর, গেরিলা কমান্ডার জগৎজ্যোতি দাসের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের এই দিনে ‘দাস পার্টি’র কমান্ডার বীরবিক্রম জগৎজ্যোতি দাস শহীদ হন। যুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে তাঁকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়, কিন্তু ১৯৭২ সালে মুক্তিযোদ্ধাদের খেতাবের গেজেট প্রকাশের সময় তাকে বীর বিক্রম উপাধি দেয়।
২৬ এপ্রিল ১৯৪৯ সালে হবিগঞ্জের আজমিরীগঞ্জের জলসুখা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। সুনামগঞ্জ সরকারি কলেজে পড়ালেখা করার সময় তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী গণ আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ভারতের মেঘালয় রাজ্যের ইকো-১ ক্যাম্পে প্রশিক্ষণ নিতে যান। প্রশিক্ষণ শেষে ফিরে এসে তিনি ৫ নং সেক্টরের টেকেরঘাট সাব- সেক্টরের অধীনে বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করেন। তাঁর অসাধারণ নেতৃত্ব গুণ, মানসিকতা, রণকৌশল দেখে তাকে স্বতন্ত্র গেরিলা দল গঠনের অনুমতি দেওয়া হয়। সেই গেরিলা দলের নামই হল, দাস পার্টি। ইংরেজি ভাষা ও অন্যান্য আঞ্চলিক ভাষায় দক্ষতার জন্য মিত্র বাহিনীর কাছ থেকে তিনি অতি সহজেই আধুনিক অস্ত্র ও গোলাবারুদ সংগ্রহ করতে পারতেন। হাওর অঞ্চলের সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ ও নেত্রকোনায় তিনি পাক হানাদার বাহিনীর বিপক্ষে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলেন। ১৬ই অক্টোবর ১৯৭১ এ পাকিস্তানি সেনাবাহিনীর রসদবাহী বার্জ ধ্বংস করেন। জামালগঞ্জ ও বদলপুর অপারেশনে পাকিস্তানি বাহিনীর অসংখ্য ক্ষতিসাধন করেন। বানিয়াচংয়ে কার্গো কনভয় ধ্বংস করেন। পাকিস্তানি বাহিনী জগৎজ্যোতি দাসের ভয়ে আতঙ্কিত হয়ে পড়ে এবং তাঁকে হত্যা করতে মরিয়া হয়ে ওঠে।

আনফ্রেন্ড দিবস আজ
১৬ নভেম্বর হবিগঞ্জের আজমিরীগঞ্জের বদলপুর ও খৈয়াগোপির বিলের হাওরাঞ্চলে পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের ত্রিমুখী ও অসম আক্রমণে পড়ে ‘দাস পার্টি’। যুদ্ধের একপর্যায়ে গোলাবারুদ ফুরিয়ে গেলে সহযোদ্ধাদের নিরাপদ স্থানে সাঁতরে সরে যাওয়ার আদেশ দিয়ে জগৎজ্যোতি দাস একা হাতে এলএমজি নিয়ে শত্রুর মোকাবিলা করেন এবং বীরের মতো শহীদ হন। শত্রুর বুলেট তাঁর প্রাণ কেড়ে নিলেও সহযোদ্ধাদের জীবন বাঁচিয়ে তিনি ভাটি বাংলার মুক্তিসংগ্রামে এক অমর কিংবদন্তিতে পরিণত হন। কাগজে কলমে তিনি বীরবিক্রম হিসেবে থাকলেও, মুক্তিকামী প্রতিটি বাংলাদেশীর হৃদয়ে তিনি আজীবন বীরশ্রেষ্ঠ হিসেবেই থাকবেন।
ডিএ/
