১৪ নভেম্বর, ২০২৬
English
Network News BD

‘সাদা সুন্দর’ বিড়ালের মনস্তাত্ত্বিক ভুল ও বাস্তবতার ধাক্কা

রকমারি ডেস্ক
রকমারি ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৬ | ১০:৪৬ এএম | ৯৪ বার পঠিত

মুজাহিদুল ইসলাম:

প্রথমেই আসি টমের কথায়।

টম একটি সম্ভ্রান্ত গৃহস্থ বাড়ির প্রতিষ্ঠিত চাকরিজীবী বিড়াল। মালিকের আদর-যত্ন, খাবার-দাবার আর থাকা-খাওয়ার কোনো অভাব নেই। সমাজে তার যথেষ্ট সম্মান ও গ্রহণযোগ্যতা রয়েছে। শিক্ষিত, ভদ্র, মার্জিত এবং সুন্দর পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা একটি বিড়াল হিসেবে তার জীবন বেশ গোছানো। নিয়মিত খাবার, নিরাপদ আশ্রয়, সামাজিক মর্যাদা—সবই আছে। স্বভাবেও সে বেশ নিরীহ। কেউ ধমক দিলে কিংবা আক্রমণ করলে সর্বোচ্চ একটা ‘মিঁয়াও’ দিয়ে প্রতিবাদ জানায়। অর্থাৎ, তার প্রতিবাদের ভাষা অনেকটা এমন—”ভাই, আমার সঙ্গে এমন করছেন কেন? ব্যাপারটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না।”

অন্যদিকে, আক্কাস (প্রতীকী নাম) সম্পূর্ণ ভিন্ন ঘরানার বিড়াল।

সে রাস্তার বিড়াল। ডাস্টবিনের উচ্ছিষ্ট খাবার খেয়েই তার দিন চলে। সমাজে তার ন্যূনতম সম্মানটুকুও নেই। কখনো মানুষের তাড়া খেতে হয়, কখনো লাথি-ঝাঁটা। নিরাপদ আশ্রয় বলতে তেমন কিছু নেই। নিয়মিত কিছু বখাটে অভ্যাস আর হালকা তরল কিছু সেবনের অভ্যাস রয়েছে তার। স্বভাব-চরিত্রে যথেষ্ট আগ্রাসী। মাঝেমধ্যে দলবল নিয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে। কেউ তার সঙ্গে ঝামেলা করলে সেখানেই পালটা জবাব দেয়, আবার অনেক সময় নিজেই গায়ে পড়ে ঝামেলা বাধিয়ে বসে।

এবার আসি আমাদের গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র—“সাদা সুন্দর” বিড়াল।

দেখতে আট-দশটা বিড়ালের চেয়ে সুন্দর। ভালো পরিবারে জন্ম, পারিবারিক শিক্ষা-দীক্ষা, সামাজিক মর্যাদা—সব মিলিয়ে একেবারে অভিজাত পরিবারের রাজকন্যা বিড়াল। কিন্তু তার পছন্দের জায়গায় একটা ছোট্ট সমস্যা আছে।

ফি-মেল বিড়াল হিসেবে তার পছন্দ টমের মতো প্রতিষ্ঠিত, ভদ্র, শিক্ষিত ও সম্ভ্রান্ত বিড়াল নয়, বরং আক্কাসের মতো রাস্তার অভিজ্ঞতাসম্পন্ন, আগ্রাসী ও ডানপিটে বিড়াল! টমের যতই নাম-যশ থাকুক, যতই সুন্দর হোক, কিংবা যতই ভালো বংশের হোক—“সাদা সুন্দর” বিড়ালের কাছে তার কোনো আবেদন নেই। তার চাই শুধু আক্কাস!

কেন এমন হয়? এর পেছনে একটা গভীর বিবর্তনীয় ব্যাখ্যা দাঁড় করানো যায়।

প্রকৃতিতে অনেক প্রাণীর ক্ষেত্রেই সঙ্গী নির্বাচনের সময় নিরাপত্তা, আত্মরক্ষা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে বিপদের সময় যে সঙ্গী পাশে দাঁড়াতে পারবে, তার প্রতি আকর্ষণ তৈরি হওয়াটা খুবই স্বাভাবিক। অর্থাৎ, শুধু ভালো খাবার খাওয়ানো কিংবা সুন্দর বাসায় রাখাই সব নয়, প্রয়োজনে বিপদের সময় পাশে দাঁড়ানোর সক্ষমতাও জরুরি।

একটা উদাহরণ দেওয়া যাক।

ধরুন, “সাদা সুন্দর” বিড়াল আর টম একসঙ্গে ঘুরতে বের হয়েছে। হঠাৎ রাস্তার কয়েকটা ডাস্টবিনবাসী বিড়াল এসে “সাদা সুন্দর” বিড়ালকে টিজ করতে শুরু করল। এমন পরিস্থিতিতে টমের প্রতিক্রিয়া কী হতে পারে? সম্ভবত সে বলবে, “ভাই, আপনারা এমন করছেন কেন? সে তো আপনাদের কিছু করেনি। এ ধরনের আচরণ মোটেও গ্রহণযোগ্য নয়।” তারপর হয়তো পরিস্থিতি আরও খারাপ হবে, আর টম নিজেই বিপদে পড়ে চড়-থাপ্পড় খাবে—এটা নিশ্চিত!

অন্যদিকে, একই পরিস্থিতিতে আক্কাস থাকলে দৃশ্যটা কেমন হতো? আক্কাস প্রথমে একটা ভয়ংকর দৃষ্টি দিত, তারপর নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে পরিস্থিতির মোকাবিলা করত। “সাদা সুন্দর” বিড়ালকে নিরাপদে রাখার জন্য নিজের ঝুঁকি নিতেও সে একচুল পিছু হটত না।

আর রোমান্টিক দক্ষতার কথা যদি বলি, তবে আক্কাস কিন্তু একেবারে অনভিজ্ঞ নয়। কারণ, কথাতেই আছে—“Practice makes a cat perfect!” জীবনে প্রচুর “সাদা সুন্দর” বিড়ালের সঙ্গে রোমান্টিক অভিজ্ঞতা অর্জন করতে করতে এই বিষয়ে আক্কাসের যথেষ্ট প্র্যাকটিস হয়ে গেছে। প্রেমের প্রস্তাব দেওয়া, মন জয় করার চেষ্টা, রোমান্টিক “মিও মিউ” কিংবা মুহূর্তের মধ্যে কাউকে ইমপ্রেস করা—এসব বিষয়ে তার অভিজ্ঞতা বেশ পোক্ত। যেখানে টম এখনো ভদ্রভাবে কথা শুরু করার অনুমতি পাওয়ার অপেক্ষায় থাকে, সেখানে আক্কাসের রোমান্টিক অভিজ্ঞতার ঝুলিতে ইতোমধ্যে বেশ কয়েকটি অধ্যায় লেখা হয়ে গেছে!

ব্যাস! “সাদা সুন্দর” বিড়ালের চোখে আক্কাস তখন আর সাধারণ কোনো বিড়াল থাকে না, হয়ে ওঠে স্বপ্নের রাজবিড়াল।

এই দৃষ্টিকোণ থেকে দেখলে, “সাদা সুন্দর” বিড়ালের পছন্দের পেছনে একটা মনস্তাত্ত্বিক যুক্তি খুঁজে পাওয়া যায়। তাদের একটা বড় অংশ মনে করে, আক্কাসকে নিখাদ ভালোবাসা দিয়ে বদলে ফেলা সম্ভব। তাদের ধারণা—একটু আদর, একটু যত্ন, কিছু আবেগঘন কথা আর ভালোবাসা পেলেই আক্কাস একদিন তার অতীত ভুলে যাবে। শুকনো পাতা বা বখাটেপনা ছেড়ে দেবে, গ্যাংবাজি বন্ধ করবে, ঝগড়াঝাঁটি থেকে দূরে থাকবে। একসময় সে হয়ে উঠবে বিশুদ্ধ, পরিশুদ্ধ, পীরসাহেব মার্কা, নিয়মিত নামাজি, সংসারী ও আদর্শ বিড়াল।

অর্থাৎ, প্রেমিকার ভালোবাসায় সরাাসরি পাড়ার মাস্তান থেকে মসজিদের বারান্দা!

কিন্তু সমস্যা হলো, বাস্তবতা এতটা সিনেমাটিক নয়।

একটি বিড়ালের অতীত, অভ্যাস এবং আচরণগত সমস্যাগুলো শুধু কারও ভালোবাসা পেলেই রাতারাতি পরিবর্তন হয়ে যায় না। বিশেষ করে কেউ যদি নিজের সমস্যা স্বীকারই না করে, তবে তাকে বদলানো অসম্ভব। ভালোবাসা কাউকে বদলানোর অনুপ্রেরণা হতে পারে, কিন্তু কাউকে পুরোপুরি পাল্টে দেওয়ার চাবিকাঠি হতে পারে না।

সবচেয়ে বড় কথা, আক্কাসের জীবনে পরিবর্তন আসবে কি না, সেটা আক্কাসের নিজের সিদ্ধান্ত ও চেষ্টার ওপর নির্ভর করে। “সাদা সুন্দর” বিড়ালের একতরফা ভালোবাসা এখানে একমাত্র প্রভাবক হতে পারে না।

অথচ অনেক “সাদা সুন্দর” বিড়াল প্রেমে পড়ার আগে এই ছোট্ট হিসাবটা কষে দেখতে ভুলে যায়। তারা ভাবে, “আমাকে পেলেই ও ঠিক হয়ে যাবে।” কিন্তু দিনশেষে দেখা যায়, আক্কাস আক্কাসই থেকে গেছে, আর “সাদা সুন্দর” বিড়াল নিজের জীবন থেকে শান্তি, নিরাপত্তা ও মানসিক প্রশান্তি—তিনটিই চিরতরে হারিয়েছে।

টমের সমস্যা হতে পারে সে অতিরিক্ত ভদ্র। আক্কাসের সমস্যা হতে পারে সে অতিরিক্ত উগ্র। কিন্তু “সাদা সুন্দর” বিড়ালের সবচেয়ে বড় ভুল হলো—সে আক্কাসকে যেমন আছে তেমন না দেখে, নিজের কল্পনার মতো করে দেখতে চায়।

দুঃখজনক ব্যাপার হলো, বাস্তবে এমন ‘ক্যাম্বো অফার’ সবসময় পাওয়া যায় না!

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৩ নভেম্বর ২০২৬
News Image
Watermark

‘সাদা সুন্দর’ বিড়ালের মনস্তাত্ত্বিক ভুল ও বাস্তবতার ধাক্কা

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

‘সাদা সুন্দর’ বিড়ালের মনস্তাত্ত্বিক ভুল ও বাস্তবতার ধাক্কা

১৩ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
‘সাদা সুন্দর’ বিড়ালের মনস্তাত্ত্বিক ভুল ও বাস্তবতার ধাক্কা
রকমারি | ১৪ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন