গালিবা আনতারা সোয়ারা:
২৯ অক্টোবর, রাত ৯টা। দিনটি আমার কাছে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে। লেখালেখির দক্ষতা উন্নয়ন ও সঠিক কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখা আয়োজন করেছিল একটি অনলাইন প্রশিক্ষণ সেশন। সেশনের বিষয় ছিল—কেন লিখব, কীভাবে লিখব। প্রশিক্ষক হিসেবে ছিলেন জনপ্রিয় ফিচার লেখক তানজিদ শুভ্র ভাই। শুভ্র ভাইয়ের কবিতা সামাজিক যোগাযোগমাধ্যমে আগেই পড়েছি। পত্রিকায় তাঁর লেখাও পড়েছি। তাই নামটি আমার কাছে বেশ পরিচিত ছিল। আমি মূলত কলাম লেখার মধ্য দিয়ে লেখালেখির যাত্রা শুরু করেছি আমার মেন্টরের কলাম পড়ার মাধ্যমে। কিন্তু ফিচার কীভাবে লিখতে হয়, সে সম্পর্কে তেমন ধারণা ছিল না। এই প্রশিক্ষণ সেশনের মাধ্যমেই ফিচার লেখার প্রাথমিক কৌশলগুলো জানতে পেরেছি। বলা যায়, শুভ্র ভাইয়ের কাছ থেকেই ফিচার লেখার হাতেখড়ি।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আজিমপুরে বিশেষ কর্মশালা
আমাদের লেখার শুরুর কথাটি আসে মূলত জানার কৌতূহল থেকে। লেখালেখির পেছনে বেশ কিছু উদ্দেশ্য থাকে। নিজের ভাবনা ও অভিজ্ঞতা প্রকাশ, মানুষের গল্প তুলে ধরা, গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আনা, জ্ঞান ও ইতিহাস সংরক্ষণ এবং নিজের চিন্তা, ভাষা ও বিশ্লেষণী ক্ষমতা বাড়ানোর জন্য আমরা লিখি। লেখালেখির উপাদান মূলত আমাদের চারপাশের সমাজ থেকেই আসে। এ কারণেই সাহিত্য ও লেখালেখিকে সমাজের দর্পণ বলা হয়। তবে এই কাজের সঙ্গে জড়িয়ে রয়েছে কিছু নৈতিক দায়িত্বও। একজন লেখক হিসেবে তথ্যের সঠিকতা নিশ্চিত করা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা এবং কারও গল্প লেখার আগে তাঁর সম্মতি নেওয়া জরুরি। মানুষের গল্প তুলে ধরতে হবে যত্নের সঙ্গে। পাশাপাশি নিরপেক্ষতা বজায় রাখা, তথ্য যাচাই করা এবং বানোয়াট বা অতিরঞ্জিত তথ্য পরিহার করাও লেখকের দায়িত্ব।
ভালো লেখার আইডিয়া খুঁজে পেতে হলে প্রথমে চারপাশ দেখতে হবে, প্রশ্ন করতে হবে, মানুষের কথা শুনতে হবে, প্রয়োজনীয় বিষয়গুলো নোট করতে হবে এবং তথ্য যাচাই করতে হবে। অর্থাৎ, পর্যবেক্ষণ, কৌতূহল ও অনুসন্ধান মিলে তবেই একটি লেখার বিষয় তৈরি হয়। একটি বিস্তৃত বিষয় থেকেই তৈরি হতে পারে একটি নির্দিষ্ট গল্প। যেমন—ক্যাম্পাস জীবন, পরিবেশ কিংবা আবাসনসংকটে শিক্ষার্থীদের প্রতিদিনের লড়াই। এসব বিষয়কে কেন্দ্র করে আলাদা আলাদা ফিচার লেখা সম্ভব। ফিচারে মূলত মানুষের গল্প, অভিজ্ঞতা, ঘটনার প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয়। অন্যদিকে, মতামত বা কলামে যুক্তিনির্ভর বিশ্লেষণ ও লেখকের নিজস্ব অবস্থান প্রকাশ পায়। তবে দুই ধরনের লেখার ক্ষেত্রেই সঠিক তথ্য ও নির্ভরযোগ্য সূত্রের গুরুত্ব রয়েছে।
লেখা শুরু করার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। যেমন—পাঠক কারা, লেখার মূল প্রশ্ন কী, বিষয়টির গুরুত্ব কোথায়, কী তথ্য প্রয়োজন, কার সঙ্গে কথা বলতে হবে, কোন তথ্যগুলো যাচাই করা বাকি এবং লেখার দৈর্ঘ্য ও প্রকাশের মাধ্যম কী হবে। গবেষণা ও তথ্য যাচাইয়ের ক্ষেত্রে প্রাথমিক সূত্র ব্যবহার, প্রাসঙ্গিক সাক্ষাৎকার গ্রহণ, নাম, তারিখ, স্থান ও পরিসংখ্যান যাচাই এবং একাধিক সূত্রের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা জরুরি। একই সঙ্গে তথ্য, পর্যবেক্ষণ ও ব্যাখ্যার মধ্যে পার্থক্য রাখতে হবে। অন্যের সহায়তা নিলেও নিজের পক্ষ থেকে তথ্য যাচাই করতে হবে।
একটি ফিচার লেখার ক্ষেত্রে প্রথমেই প্রয়োজন স্পষ্ট ও আকর্ষণীয় শিরোনাম। প্রথম বাক্যই পাঠকের সঙ্গে লেখার প্রথম সংযোগ তৈরি করে। তাই শিরোনাম ও ভাষা হতে হবে স্পষ্ট, নির্দিষ্ট ও সঠিক। আকর্ষণীয় করার চেষ্টা থাকবে, তবে তা যেন বিভ্রান্তিকর না হয়। ছোট ও প্রাকৃতিক বাংলা বাক্য, শক্তিশালী ক্রিয়া এবং স্পষ্ট বিবরণ ব্যবহার করতে হবে। অপ্রয়োজনীয় বিশেষণ পরিহার করতে হবে। যেমন, ‘অবিশ্বাস্য এক সংকটের ভয়াবহ কাহিনি’ শিরোনামের পরিবর্তে ‘পানির অপেক্ষায় হলের সকাল’ শিরোনামটি বেশি স্পষ্ট, স্বাভাবিক ও আকর্ষণীয়। সূচনা এমন হতে হবে, যা পাঠকের আগ্রহ তৈরি করবে এবং লেখাটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা দেবে। তারপর মূল গল্প ও প্রেক্ষাপট, সংশ্লিষ্ট মানুষ ও পরিবেশ, প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য তুলে ধরতে হবে। সবশেষে থাকতে হবে বিশ্লেষণ ও তাৎপর্যপূর্ণ সমাপ্তি। এমন সমাপ্তি, যা পাঠকের মনে একটি ভাবনা বা প্রশ্নের প্রতিধ্বনি রেখে যায়।
লেখা শেষ করার পর অন্তত তিনবার ফিরে দেখা প্রয়োজন। প্রথমবার তথ্যের সঠিকতা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়বার লেখার কাঠামো, ভাষা, প্রবাহ ও যুক্তির ধারাবাহিকতা ঠিক করতে হবে। তৃতীয়বার পুনরাবৃত্তি, অপ্রয়োজনীয় শব্দ ও বাক্য বাদ দিতে হবে। লেখার প্রকাশের আগে উপযুক্ত মাধ্যম নির্বাচন, প্রকাশনার নিয়ম মেনে লেখা জমা দেওয়া এবং সঠিক লেখক পরিচিতি যুক্ত করা প্রয়োজন। নিজের নাম, ঠিকানা ও ই-মেইল ঠিকানা দিতে হবে। নতুন লেখকদের সাধারণ ভুলের মধ্যে রয়েছে—তথ্য যাচাই না করা, অতিরিক্ত ভূমিকা লেখা, অতিরঞ্জিত শিরোনাম দেওয়া, একই কথা বারবার বলা, মতামতকে তথ্য হিসেবে উপস্থাপন করা এবং শুধু নিজের কথা ভাবা।
লেখালেখি শেখার জন্য শুধু প্রশিক্ষণ নিলেই হবে না, নিয়মিত অনুশীলনও করতে হবে। চারপাশ পর্যবেক্ষণ করতে হবে, নতুন বিষয় নিয়ে ভাবতে হবে, প্রয়োজনীয় তথ্য ও সূত্র সংগ্রহ করতে হবে, সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হবে। এরপর প্রথম খসড়া তৈরি, তথ্য যাচাই ও সম্পাদনার মাধ্যমে লেখাটিকে প্রকাশের উপযোগী করে তুলতে হবে। সবশেষে উপযুক্ত পত্রিকা বা অনলাইন পোর্টালে ই-মেইলের মাধ্যমে লেখা পাঠাতে হবে।
২৯ অক্টোবরের সেই প্রশিক্ষণ সেশন আমার কাছে শুধু একটি অনলাইন ক্লাস ছিল না; বরং লেখালেখির নতুন একটি দরজা খুলে দেওয়ার অভিজ্ঞতা। এত দিন কলাম লেখার মধ্য দিয়ে যে যাত্রা শুরু করেছিলাম, সেই যাত্রায় ফিচার লেখার একটি নতুন পাঠ যুক্ত হলো। শুভ্র ভাইয়ের কাছ থেকে পাওয়া এই দিকনির্দেশনা ভবিষ্যতে লেখালেখির পথে কাজে লাগবে বলে বিশ্বাস করি। কৃতজ্ঞতা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার প্রতি, এমন একটি সুন্দর ও সময়োপযোগী প্রশিক্ষণ সেশনের আয়োজন করার জন্য। আর তানজিদ শুভ্র ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা, লেখালেখির নানা কৌশল এত সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য।
শিক্ষার্থী, বাংলা বিভাগ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
