শিরোনাম:
Network News BD
সোমবার, ৯ নভেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

২০২৪ এর চেতনার আলোকে শিক্ষাব্যবস্থা সংস্কার অপরিহার্য: জবির সেমিনারে বক্তারা

ক্যাম্পাস প্রতিনিধি

ক্যাম্পাস প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:৫৪ PM ১৯ বার পঠিত
২০২৪ এর চেতনার আলোকে শিক্ষাব্যবস্থা সংস্কার অপরিহার্য: জবির সেমিনারে বক্তারা

ছবি: নেটওয়ার্ক নিউজ বিডি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং সমসাময়িক বিষয় নিয়ে জ্ঞানভিত্তিক আলোচনার লক্ষ্যে লেকচার সিরিজ শুরু হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত এ সিরিজের প্রথম লেকচারে ‘২০২৪-এর চেতনার আলোকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সংস্কারের অনিবার্যতা’ (Education System Reform in the Light of the Spirit of 2024) শীর্ষক বিষয়ে বক্তব্য প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত প্রফেসর ইমেরিটাস ড. আনোয়ারউল্লাহ চৌধুরী।

লেকচারে তিনি বিশ্বব্যাপী বিভিন্ন সময়ে স্বৈরশাসকদের পতনের প্রেক্ষাপট ও কারণ তুলে ধরেন। একই সঙ্গে বাংলাদেশের ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি, বিভিন্ন পর্যায় এবং ফ্যাসিবাদী শাসনের করুণ পরিণতি নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী শাসনামলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক পরিস্থিতির অবনতি ঘটেছে এবং দেশ ঋণগ্রস্ত হয়ে পড়েছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে একটি নবজাগরণের সৃষ্টি হয়েছে।

শিক্ষাব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে গুণগত মানসম্পন্ন, গণমুখী ও কর্মমুখী করতে হবে। শিক্ষার সঙ্গে বাস্তব কর্মক্ষেত্রের যোগসূত্র বাড়ানোর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। সুনাগরিক গড়ে তোলা, তরুণ প্রজন্মের মধ্যে জ্ঞানচর্চার প্রসার, গ্রন্থাগারের আধুনিকায়ন এবং ইংরেজি ভাষা শিক্ষার মানোন্নয়নেও কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন। এ ছাড়া প্রচলিত পরীক্ষা পদ্ধতির ত্রুটিগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে লেকচার সিরিজের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাওলী মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে লেকচার প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার ফাতেমা জোহরা।

বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, সামাজিক বিজ্ঞান অনুষদের উদ্যোগে এ ধরনের লেকচার সিরিজের আয়োজন এবারই প্রথম। সময়োপযোগী ও প্রাসঙ্গিক বিষয়কে কেন্দ্র করে এ আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান কেবল রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন ঘটায়নি, বরং মানুষের মনোজগতেও ব্যাপক পরিবর্তন এনেছে। বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা শুধু জ্ঞান অর্জনই করছে না, তারা প্রশ্ন করতেও শিখেছে। জুলাই গণ-অভ্যুত্থান তরুণদের মধ্যে এই পরিবর্তনের পথ তৈরি করেছে।

তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে তরুণ প্রজন্মের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মূল্যবোধে যে পরিবর্তন এসেছে, তার প্রভাব শিক্ষার্থীদের মধ্যেও প্রতিফলিত হচ্ছে। বৈশ্বিক প্রেক্ষাপটে উদ্ভাবন, জ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন ঘটছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থা ও শিক্ষার দর্শনেও পরিবর্তন আনতে হবে। বর্তমান সমাজব্যবস্থার চাহিদা পূরণে আমাদের শিক্ষাব্যবস্থা কতটা উপযোগী, তা শিক্ষাবিদদের নতুন করে ভাবতে হবে। দীর্ঘদিন ধরে প্রচলিত ব্যবস্থাকে অনুসরণ না করে এর বিকল্প ও আরও কার্যকর পদ্ধতি নিয়ে চিন্তাভাবনা করা প্রয়োজন। এ ধরনের লেকচার, সেমিনার ও আলোচনা নতুন চিন্তার দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম মাজহারুল ইসলাম।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত প্রফেসর ইমেরিটাস ড. আনোয়ারউল্লাহ চৌধুরী তাঁর রচিত ২৫টি বই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের জন্য ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীনের নিকট হস্তান্তর করেন।

মূল বক্তব্য শেষে উপস্থিত গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা আলোচ্য বিষয়ের ওপর তাঁদের বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রশ্ন উপস্থাপন করেন। মূল বক্তা তাঁদের প্রশ্নের উত্তর দেন এবং সংশ্লিষ্ট বিষয়ে মতামত প্রদান করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ লেকচার সিরিজের আওতায় সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত আটটি বিভাগ পর্যায়ক্রমে পৃথকভাবে লেকচার আয়োজন করবে।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!