পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম আজ শনিবার (৭ নভেম্বর) ফরিদপুরের নগরকান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণ এবং দুটি শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
সফরসূচি অনুযায়ী শনিবার দুপুর ১টায় ঢাকার বনানীতে নিজ বাসভবন থেকে সড়কপথে ফরিদপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর বিকেল সাড়ে ৩টায় তিনি কক্সবাজারের টেকনাফে মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান পরিচালনাকালে গুলিতে নিহত সেনাসদস্য তিতাসের শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। নিহত তিতাস নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদারের ভাগনে।
বিকেল সাড়ে ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা আকরামুননেছা বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে নগরকান্দা উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় যোগ দেন তিনি। এরপর সন্ধ্যা সাড়ে ৫টায় জাতীয়তাবাদী যুবদল নগরকান্দা শাখার সদস্য এবং লস্করদিয়া ইউনিয়নের জঙ্গুরদী পশ্চিমপাড়ার বাসিন্দা নাজমুল হোসাইন রাজুর কন্যার মৃত্যুতে তাঁর শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন শামা ওবায়েদ।
সফর শেষে সন্ধ্যা ৭টায় নগরকান্দার লস্করদিয়া ইউনিয়ন থেকে ঢাকার বনানীর উদ্দেশে রওনা হন তিনি। তাঁর এই সফরসূচি বাস্তবায়নে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং নগরকান্দা পুলিশ প্রশাসনের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করে।
শুভ্র/
