শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৩:১২ PM ১৫ বার পঠিত
অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ

ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবের জন্মদিন আজ। বিশেষ এই দিনে ভক্ত অনুরাগী ও সহকর্মীদের ভালোবাসায় ভাসছেন তিনি। জন্মদিনে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে জীবনের প্রাপ্তি নিয়ে স্রষ্টার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই তারকা। পাশাপাশি সহকর্মী সাফা কবির ও স্পর্শিয়ার হৃদয়ছোঁয়া শুভেচ্ছাবার্তা দিনটিকে আরও বিশেষ করে তুলেছে।

ফেসবুক পোস্টে তৌসিফ জানান, আজ জন্মদিনে কাছের এক বন্ধু তাঁকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন তিনি যেন তাঁর স্বপ্নের চেয়েও বড় হতে পারেন। কথাটি পড়ে তৌসিফ ভাবতে শুরু করেন তাঁর স্বপ্নগুলো আসলে কী এবং স্বপ্নের চেয়েও বড় হওয়ার মানে কী। ভাবতে ভাবতে তিনি উপলব্ধি করেন আজ তিনি এমন এক জীবন যাপন করছেন যে জীবনের স্বপ্ন হয়তো লাখো মানুষ দেখে। তিনি লেখেন আরও বড় কিছু হওয়ার দৌড়ে মানুষ অনেক সময় ভুলে যায় তাঁরা ইতিমধ্যে কতটা পথ পেরিয়ে এসেছেন এবং কত কিছু পেয়েছেন। তাই নতুন করে কিছু চাওয়ার আগে তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে চান। মাটিতে পা রেখে চলার তৌফিক এবং পরিবার ভক্ত ও সহকর্মীদের পাশে দাঁড়ানোর সামর্থ্য দেওয়ায় স্রষ্টার শুকরিয়া আদায় করে সবার কাছে দোয়া চেয়েছেন তৌসিফ।

তৌসিফের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ আবেগঘন পোস্ট দিয়েছেন তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী সাফা কবির এবং স্পর্শিয়া। সাফা কবির তাঁদের ১৩ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণা করে জানান ২০১৩ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত পথচলায় তৌসিফ তাঁর জীবনে আশীর্বাদ হয়ে আছেন। অনেকে ১৩ সংখ্যাটিকে অশুভ মনে করলেও সাফা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। দুর্ঘটনাবশত একই রকম সাদা শার্ট ও নীল জিনস পরা থেকে শুরু করে রাস্তা থেকে হঠাৎ প্লেট গ্লাস কেনা বা যেকোনো বিশেষ মুহূর্তে একে অপরকে স্মরণ করার মতো মজার সব স্মৃতির কথা উল্লেখ করেন তিনি। তৌসিফকে নিজের সবচেয়ে প্রিয় সহশিল্পী ও ভালো মনের মানুষ উল্লেখ করে তাঁর সুন্দর ভবিষ্যৎ কামনা করেন সাফা।

অন্যদিকে ২০০৯ সাল থেকে তৌসিফের সঙ্গে বন্ধুত্বের কথা জানিয়ে স্পর্শিয়া লেখেন কৈশোর থেকে আজকের অবস্থানে পৌঁছানো পর্যন্ত তৌসিফ তাঁকে নানাভাবে অনুপ্রাণিত করেছেন। পেশাগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনের লড়াইয়ে জয়ী হওয়ায় তৌসিফকে নিয়ে তিনি গর্বিত। তাঁদের মধ্যকার পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের বন্ধন যেন কখনোই অম্লান না হয় সেই প্রার্থনা করেন স্পর্শিয়া।

অভিনয়ে আসার আগে তৌসিফ মাহবুবের প্রকৌশলী হওয়ার ইচ্ছা ছিল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রকৌশল বিষয়ে পড়াশোনাও শুরু করেছিলেন। তবে ২০১০ সালের দিকে আদনান আল রাজীবের পরিচালনায় নেসক্যাফের একটি বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় কাজের মাধ্যমে তিনি মিডিয়া জগতে পা রাখেন। এরপর ২০১৩ সালে একই পরিচালকের অল টাইম দৌড়ের উপর নাটকের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অবাক আগন্তুক, যাযাবর, নিঃসঙ্গ শেরপা, ফেসবুক ও ইতিকথা, কলিং বেল এবং ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম এর মতো অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। স্ত্রী জান্নাতুল ফেরদৌস সুষমা ও পরিবারের সদস্যদের সঙ্গেই এবারের জন্মদিন উদ্‌যাপন করছেন এই অভিনেতা।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!