শিরোনাম:
Network News BD
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শিক্ষার্থীর চোখে রেড ক্রিসেন্ট

নেটওয়ার্ক নিউজ বিডি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৪৫ PM ৭০ বার পঠিত
শিক্ষার্থীর চোখে রেড ক্রিসেন্ট

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

একটি লাল জ্যাকেট, কয়েক জোড়া দায়িত্বশীল হাত আর বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর অদম্য অঙ্গীকার।কখনো রক্তের প্রয়োজনে, কখনো দুর্যোগের ধ্বংসস্তূপে, কখনোবা সুবিধাবঞ্চিত শিশুর মুখে হাসি ফোটাতে। দৃশ্যগুলো আলাদা, কিন্তু সুতাটি এক মানবতা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের কাছে এটি কেবল একটি সংগঠন নয়; বরং পাঠ্যবইয়ের বাইরের এক জীবন্ত শিক্ষালয়, যেখানে সহমর্মিতা কাজে রূপ নেয়, দায়িত্ববোধ সাহসে পরিণত হয়, আর মানুষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা বদলে দেয় জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি। তাঁদের কারও কাছে রেড ক্রিসেন্ট প্রথম রক্তদানের স্মৃতি, কারও কাছে দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোর সাহস, আবার কারও কাছে সুবিধাবঞ্চিত শিশুর হাসিতে খুঁজে পাওয়া অনাবিল তৃপ্তি। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ইউনিটের সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেছেন। তাদের সেই উপলব্ধি, অভিজ্ঞতা ও মানবিক অঙ্গীকারের গল্পগুলো সাজিয়ে তুলেছেন চট্টগ্রাম সরকারি সিটি কলেজের শিক্ষার্থী মুহিবুল হাসান রাফি।

রেড ক্রিসেন্ট শিক্ষার্থীর বিবেক, সমাজের শক্তি
– শেফায়েতুল ইসলাম, গণিত বিভাগ

মানবসেবা কেবল সহমর্মিতার প্রকাশ নয়, দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠারও শিক্ষা। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যক্রম শিক্ষার্থীদের সেই মানবিক চেতনায় উজ্জীবিত করে। দুর্যোগে উদ্ধার, জরুরি সহায়তা, রক্তদান, প্রাথমিক চিকিৎসা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে শিক্ষার্থীরা অর্জন করে নেতৃত্ব, শৃঙ্খলা ও দায়িত্ববোধের বাস্তব শিক্ষা। শ্রেণিকক্ষের পাঠ যখন জীবনের সংকটে কাজে লাগে, তখনই শিক্ষার প্রকৃত সার্থকতা প্রকাশ পায়। তবে মানবিক মূল্যবোধের এই চর্চা যেন কেবল আনুষ্ঠানিকতা কিংবা দিবসকেন্দ্রিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থাকে। প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, পর্যাপ্ত উপকরণ ও কার্যকর অংশগ্রহণের সুযোগ। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী শক্তিকে যথাযথভাবে বিকশিত করা গেলে তারা শুধু দুর্যোগের সহায়তাকারী নয়, বরং সহমর্মী ও দায়িত্বশীল সমাজ গঠনের অগ্রণী শক্তি হয়ে উঠবে।

রক্তদান, দুর্যোগ ও জনসচেতনতায় শিক্ষার্থীর শক্তি
– সুদর্শন চক্রবর্তী, পদার্থবিজ্ঞান বিভাগ

মানবিকতার প্রকৃত পরিচয় সংকটে মানুষের পাশে দাঁড়ানো। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবী কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীরা রক্তদান, দুর্যোগ মোকাবিলা ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সেই দায়িত্বই পালন করছে। মুমূর্ষু রোগীর জন্য রক্তদাতা খুঁজে দেওয়া, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা কিংবা বন্যা ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো প্রতিটি উদ্যোগই মানবিক সমাজ গঠনের অনন্য দৃষ্টান্ত। পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা, রোগ প্রতিরোধ ও পরিবেশ সুরক্ষায় প্রচার কার্যক্রম মানুষের মধ্যে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। তবে এই সম্ভাবনাকে কার্যকর করতে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা। শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী শক্তিকে যথাযথভাবে কাজে লাগানো গেলে তারা শুধু সংকটের সহায়তাকারী নয়, বরং সচেতন, সহমর্মী ও দায়িত্বশীল সমাজ নির্মাণের অগ্রদূত হয়ে উঠবে।

শিক্ষার্থী থেকে মানবিক নেতৃত্বে
– তন্ময় বিশ্বাস, রসায়ন বিভাগ

শিক্ষার সার্থকতা শুধু সনদে নয়, মানুষের প্রয়োজনে পাশে দাঁড়ানোর সক্ষমতায়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব কার্যক্রম শিক্ষার্থীদের সেই মানবিক নেতৃত্বের পাঠ দেয়। সাতটি মৌলিক নীতির চর্চা, প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ ব্যবস্থাপনা ও দলগত প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা হয়ে ওঠে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সহমর্মী। দুর্যোগে উদ্ধারকাজ, জরুরি সহায়তা কিংবা জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা শেখে সংকটে বিচলিত না হয়ে সিদ্ধান্ত নিতে, ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করতে এবং মানুষের মর্যাদা রক্ষা করতে। তবে এই নেতৃত্ব বিকাশে প্রয়োজন নিয়মিত প্রশিক্ষণ, প্রাতিষ্ঠানিক সহযোগিতা ও বাস্তব কাজের সুযোগ। শিক্ষার্থীদের মানবিক শক্তিকে বিকশিত করা গেলে তারা শুধু ভবিষ্যতের নেতা নয়, বর্তমানেও সমাজ পরিবর্তনের কার্যকর অংশীদার হয়ে উঠবে।

মানুষের পাশে দাঁড়ানোর প্রথম অভিজ্ঞতা
– শাইয়ান মুনতাহিনা, বিজ্ঞান বিভাগ

মানবসেবার শিক্ষা বইয়ের পাতায় নয়, মানুষের মুখে হাসি ফোটানোর অভিজ্ঞতায় পূর্ণতা পায়। রেড ক্রিসেন্টের যুব সদস্য হিসেবে আমার প্রথম ঈদুল ফিতরে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদবস্ত্র বিতরণ, চুল কাটা ও মেহেদি উৎসবে অংশ নেওয়া ছিল তেমনই এক স্মরণীয় অভিজ্ঞতা। নতুন পোশাক, মেহেদির রঙ আর আনন্দে উজ্জ্বল শিশুদের মুখ আমাকে বুঝিয়েছে, ছোট্ট উদ্যোগও কারও জীবনে বিশেষ মুহূর্ত তৈরি করতে পারে। তাদের উচ্ছ্বাসে আমিও খুঁজে পেয়েছি অনাবিল আনন্দ ও নিজের প্রাপ্তির প্রতি নতুন কৃতজ্ঞতা। সেদিন উপলব্ধি করেছি, স্বেচ্ছাসেবা নিছক সহায়তা নয়; এটি মানুষের অনুভূতি বোঝা, সামর্থ্যকে কল্যাণে কাজে লাগানো এবং নিজেকে মানবিক করে তোলার অনুশীলন। আমার কাছে রেড ক্রিসেন্ট তাই শুধু সংগঠন নয়, মানবিক হয়ে ওঠার জীবন্ত শিক্ষালয়।

একটি ইউনিফর্ম, অসংখ্য মানবিক গল্প
– রবিউল হাসান, এমবিএ (ব্যবস্থপনা)

২০০৮ বা ২০০৯ সালের কোনো এক দুর্যোগে টেলিভিশনে উপকূলে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের দেখে মানবসেবার স্বপ্ন জেগেছিল মনে। লাল জ্যাকেটের পরিচয় তখন জানতাম না, জানতাম শুধু তাদের মতো মানুষের পাশে দাঁড়াতে চাই। স্কুলে সুযোগ না পেলেও কলেজে এসে যুক্ত হই যুব রেড ক্রিসেন্টে। সেই ইউনিফর্ম হয়ে ওঠে মানবিকতার প্রতি অঙ্গীকারের প্রতীক। ক্ষুধার্তকে খাবার দেওয়া, সুবিধাবঞ্চিত শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া, দুর্যোগে উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা প্রতিটি অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে জীবনবোধ। এই পোশাক আমাকে শিখিয়েছে, মানবসেবায় পরিচয় নয়, মানুষের প্রয়োজনই মুখ্য। এর সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য স্মৃতি, আবেগ ও প্রাপ্তি। আমার কাছে লাল জ্যাকেট কেবল ইউনিফর্ম নয়; এটি মানুষের পাশে দাঁড়ানোর সাহস, দায়িত্ব ও ভালোবাসার পরিচয়।

তারুণ্যের শক্তিতে মানবতার সেতুবন্ধ

– প্রতিম বড়ুয়া, হিসাববিজ্ঞান বিভাগ

করোনাকালের এক নিস্তব্ধ রাতে জরুরি ফোন আসে সংকটাপন্ন এক গর্ভবতী মায়ের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন ‘ও নেগেটিভ’ রক্ত। রাত আড়াইটায় সব বাধা পেরিয়ে হাসপাতালে ছুটে যাই। রক্তদানের পর চিকিৎসক যখন মা ও নবজাতকের সুস্থতার খবর দিলেন, স্বজনের চোখে ফুটে ওঠা স্বস্তি মানবসেবার গভীরতা উপলব্ধি করিয়েছিল। সেই অভিজ্ঞতা শিখিয়েছে, মানবতা কেবল উচ্চারিত কোনো আদর্শ নয়; বিপদের মুহূর্তে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ানোর সাহস। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তরুণ স্বেচ্ছাসেবীরা রক্তদান, দুর্যোগ মোকাবিলা ও জরুরি সহায়তার মাধ্যমে প্রতিনিয়ত এই মানবিক বন্ধন গড়ে তুলছেন। তাঁদের প্রতিটি উদ্যোগ প্রমাণ করে, তারুণ্যের শক্তি শুধু পরিবর্তনের স্বপ্ন দেখে না, মানুষের সংকটে আশার আলোও জ্বালায়। এভাবেই স্বেচ্ছাসেবা হয়ে ওঠে মানবতার সেতুবন্ধ।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!