শিরোনাম:
Network News BD
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৫:০৫ PM ১৮ বার পঠিত
ঢাবি’র ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী বছরের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবর্তনে সভাপতিত্ব করবেন। এ ছাড়া অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, এবারের সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। অনুষ্ঠানে তাঁকে সম্মানসূচক ডক্টর অব ল’জ ডিগ্রি প্রদান করা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ডক্টর অব সায়েন্স ডিগ্রি প্রদান করা হবে।

সমাবর্তন উপলক্ষে আয়োজিত আজকের প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভায় জানানো হয়, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। সমাবর্তনে অংশগ্রহণের জন্য নিবন্ধন প্রক্রিয়া আগামী ১ নভেম্বর শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।

সভায় বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, সিনেট সদস্য ও সংসদ সদস্য মো. আমানউল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং এ কে এম ফজলুল হক মিলনসহ বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ, বিভাগের চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও দপ্তর প্রধানেরা উপস্থিত ছিলেন।

সমাবর্তন অনুষ্ঠান সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে সভায় একটি নির্বাহী ও ব্যবস্থাপনা কমিটি এবং বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সমাবর্তন সফল করতে সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন এবং সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!