শিরোনাম:
Network News BD
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সাংবাদিক ও সাহিত্যিক আবিদ আজমের জন্মদিন আজ

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ AM ২২ বার পঠিত
সাংবাদিক ও সাহিত্যিক আবিদ আজমের জন্মদিন আজ

ছবি: আর. করিম

আজ ২৭ সেপ্টেম্বর, তরুণ সাংবাদিক, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মী আবিদ আজমের জন্মদিন। মাদারীপুরের কালকিনি উপজেলায় জন্মগ্রহণ করা আবিদ আজমের পারিবারিক নাম মোহাম্মদ আলী আজম। তাঁর বাবা মরহুম আলহাজ মো. মকছুর রহমান আবু তাহের ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা এবং মা কোহিনুর বেগম। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও সাংবাদিকতাকে পেশা ও নেশা হিসেবে নিলেও তাঁর চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে মা, মাটি ও মানুষ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে পড়াশোনা শেষ করা আবিদ আজমের লেখালেখির শুরুটা বেশ ছোটবেলায়। সপ্তম শ্রেণিতে পড়ার সময় পত্রিকায় তাঁর প্রথম লেখা ছাপা হয়। পরবর্তীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে প্রশিক্ষণ নিয়ে সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়ার শিশু সাংবাদিকদের মুখপত্র ‘ত্রৈমাসিক শিশুকণ্ঠ’-এর সম্পাদক হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে সাংবাদিকতা শুরু করেন।

দীর্ঘ কর্মজীবনে দেশের নানা স্বনামধন্য গণমাধ্যমে নিজের পদচারণা রেখেছেন আবিদ আজম। দৈনিক ইত্তেফাক, আনন্দ আলো, ভোরের কাগজ, সাপ্তাহিক বৈচিত্র্য এবং দৈনিক আলোকিত বাংলাদেশের শিশু-কিশোর বিভাগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। রেডিও টুডে এফএম ৮৯.৬-এ ব্রডকাস্টিং জার্নালিস্ট হিসেবে কাজ করার পর তিনি দৈনিক খোলা কাগজের সাহিত্য ও ফিচার বিভাগে ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া চ্যানেল নাইনে সংবাদ উপস্থাপক এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিভিন্ন অনুষ্ঠানেও তিনি কাজ করেছেন। বর্তমানে আবিদ আজম ‘এশিয়া পোস্ট’-এ কর্মরত আছেন।

সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য জগতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের সাথে তিনি দীর্ঘ সময় কাজ করেছেন; কবির অনেক লেখার শ্রুতিলিখনও করেছেন আবিদ। ২০১০ সালে প্রথম বই প্রকাশের পর থেকে এ পর্যন্ত তাঁর প্রায় ত্রিশটি বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ‘ভূত ডটকম’, ‘আমাদের ক্লাশে একটি পরী আছে’, ‘বইখোকো ভূত’, ‘খসড়া ছড়ার পসরা’ এবং ‘একটা ছড়া লুকিয়ে ছিলো মায়ের আঁচল তলে’ পাঠকপ্রিয়তা পেয়েছে। তাঁর সম্পাদিত ‘বাংলাদেশের নির্বাচিত কিশোর মুক্তিযুদ্ধের গল্প’ গ্রন্থটিও পাঠকমহলে বেশ সাড়া ফেলেছে। এছাড়া গান ও উপস্থাপনার জগতেও তিনি নিজের স্বাক্ষর রেখেছেন।

কাজের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বইমেলা সেরা বই পুরস্কার-২০২৫’, ‘বিবিএফ-ইয়ুথ ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১৮’, দেশগ্রাম অ্যাওয়ার্ড, সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির প্রশিক্ষক সম্মাননা, লাটাই ছড়া সাহিত্য পুরস্কার, স্টার ভয়েস সম্মাননা ও প্রথম আলো কৃতী ছাত্র সংবর্ধনাসহ নানা পুরস্কার লাভ করেছেন। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বিএফইউজে এবং সাব-এডিটর কাউন্সিলের সক্রিয় সদস্য হিসেবে যুক্ত আছেন।

জন্মদিন উপলক্ষে অসংখ্য শুভানুধ্যায়ী তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকতা ও সৃজনশীলতার সব মাধ্যমে তাঁর এই বর্ণিল পথচলা আগামীতেও অব্যাহত থাকবে—এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষীদের।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!