শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০১ PM ৩৯ বার পঠিত
সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও দক্ষ হতে হবে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

ছবি: সংগৃহীত

সাইবার ঝুঁকি মোকাবিলায় নাগরিকদের আরও সচেতন ও দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, ডিজিটাল প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাড়ার সঙ্গে সঙ্গে তথ্য ও নেটওয়ার্কের নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসের সিনেট হলে শিক্ষক ও কর্মকর্তাদের জন্য আয়োজিত ‘এনহ্যান্সিং সাইবার সিকিউরিটি ক্যাপাবিলিটি অব ন্যাশনাল ইউনিভার্সিটি অফিসিয়ালস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেনসিক সায়েন্স অ্যান্ড সাইবার সিকিউরিটির (আইএফএসসিএস) উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, ব্যক্তিগত, পারিবারিক ও প্রাতিষ্ঠানিক তথ্য এবং নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয় ‘ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার’ স্থাপনের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্টদের নিয়মিত সাইবার নিরাপত্তা প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় একটি বৃহৎ শিক্ষা প্রশাসন পরিচালনা করে। দেশের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও অধিভুক্ত কলেজের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদান ও ডিজিটাল যোগাযোগ করতে হয়। ফলে তথ্যের নিরাপত্তা, গোপনীয়তা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করা প্রশাসনিক দক্ষতার গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।

সাইবার নিরাপত্তা শুধু আইসিটি বিভাগের দায়িত্ব নয় উল্লেখ করে অধ্যাপক আমানুল্লাহ বলেন, প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে এ বিষয়ে সচেতন হতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার, সন্দেহজনক লিংক ও ই-মেইল শনাক্ত করা, তথ্যের গোপনীয়তা রক্ষা এবং অনলাইনে দায়িত্বশীল আচরণের মতো বিষয়গুলোও প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তার সঙ্গে যুক্ত।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. নাজমুল হোসাইন। সভাপতিত্ব করেন আইএফএসসিএসের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ বিন কাশেম।

কর্মশালায় সাইবার নিরাপত্তা, সাইবার জালিয়াতি এবং সাইবার অপরাধের আইনগত কাঠামো নিয়ে তিনটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রথম অধিবেশনে ‘প্রটেক্টিং ইওর ডিভাইসেস অ্যান্ড নেটওয়ার্ক সিস্টেমস ফ্রম সিকিউরিটি থ্রেটস’ বিষয়ে আলোচনা করেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাইবার ফরেনসিক প্রসিকিউটর ও বিইউবিটির সহযোগী অধ্যাপক তানভীর হাসান জোহা।

দ্বিতীয় অধিবেশনে ‘আন্ডারস্ট্যান্ডিং সাইবার ফ্রডস অ্যান্ড সিকিউরিটি’ বিষয়ে আলোচনা করেন সিআইডির সাইবার পুলিশ সেন্টারের অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম। তৃতীয় অধিবেশনে ‘আন্ডারস্ট্যান্ডিং দ্য লিগ্যাল ফ্রেমওয়ার্ক রিলেটেড টু সাইবার সিকিউরিটি অ্যান্ড সাইবার ক্রাইমস’ বিষয়ে আলোচনা করেন পুলিশ স্টাফ কলেজের পরিচালক (প্রশিক্ষণ) মো. মাহবুবুল আলম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক খাতুনে জান্নাত। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা অংশ নেন।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!