উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে নারী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে যৌন হয়রানি প্রতিরোধক কমিটিকে আরও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বৃহস্পতিবার (২৭ আগস্ট ২০২৬) আগারগাঁও ইউজিসি ভবনে ইউজিসি ও ইউএন উইমেনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ কথা জানান।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি প্রতিরোধে শুধু কমিটি গঠন করাই যথেষ্ট নয়; বরং প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি বা ব্যর্থতা দেখা গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত এই সমঝোতার মূল উদ্দেশ্য কর্মক্ষেত্র, জনপরিসর ও উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা। ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম সমন্বয় ও তদারকির জন্য খুব শীঘ্রই জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠন করা হবে। এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে যৌন হয়রানি ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়াতে ইউএন উইমেন ও আইন ও সালিশ কেন্দ্র যৌথভাবে কাজ করবে।
অনুষ্ঠানে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএন /
