শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

নারীর স্বাস্থ্য ও অধিকার সচেতনতায় চট্টগ্রামে ওয়াইএএসডি’র উঠান বৈঠক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২ জুলাই ২০২৬, ৯:৪৭ PM ৪১ বার পঠিত
নারীর স্বাস্থ্য ও অধিকার সচেতনতায় চট্টগ্রামে ওয়াইএএসডি’র উঠান বৈঠক

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার নুর মাস্টার লেন এলাকায় নারীর স্বাস্থ্য, আইনি অধিকার, জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ এবং সরকারি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক একটি সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজ (FWP)-এর সহযোগিতায় এবং ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (YASD)-এর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

বৈঠকে গৃহিণী, ক্ষুদ্র ব্যবসায়ী, গৃহকর্মী, পোশাকশ্রমিক, দিনমজুর ও কিশোরীসহ নানা বয়সের প্রায় ৫০ জন নারী অংশ নেন। তাঁরা নিজেদের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্য, আইনি অধিকার এবং সরকারি সেবাপ্রাপ্তি নিয়ে প্রশ্ন করেন ও বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ফাউন্ডেশন ফর উইমেন পসিবিলিটিজ-এর প্রোগ্রাম হেড ফরিদা বেগম। তিনি মূলত ব্রেস্ট (স্তন) ও সার্ভিক্যাল (জরায়ুমুখ) ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। ক্যানসারের প্রাথমিক লক্ষণ, স্তনের স্ব-পরীক্ষা (Breast Self-Examination), সার্ভিক্যাল ক্যানসার প্রতিরোধে ভায়া (VIA) পরীক্ষার গুরুত্ব এবং সময়মতো চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এছাড়া জেন্ডারভিত্তিক সহিংসতার প্রভাব এবং তা প্রতিরোধে সমাজ ও পরিবারের সম্মিলিত ভূমিকা নিয়ে তিনি কথা বলেন।

ওয়াইএএসডি-এর কমিউনিটি পিয়ার এডুকেটর সানজুমা আক্তার এবং শিরলেহা বিনতে মেঘনা স্বাস্থ্যবিধি, রোগ শনাক্তকরণ এবং সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক থেকে বিনামূল্যে প্রাপ্ত স্বাস্থ্যসেবা সম্পর্কে উপস্থিত নারীদের ধারণা দেন। তাঁরা নারীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য উৎসাহিত করেন।

পাশাপাশি বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর প্রশিক্ষণপ্রাপ্ত প্যারালিগ্যাল হিসেবে সানজুমা আক্তার নারীদের আইনি অধিকার, বাল্যবিবাহ, যৌতুক ও পারিবারিক সহিংসতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি জানান, নির্যাতনের শিকার যেকোনো অসহায় নারী ব্লাস্ট-এর মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে আইনি পরামর্শ ও আইনি সহায়তা পেতে পারেন। এ সময় তিনি এই সেবা পাওয়ার প্রক্রিয়াও বুঝিয়ে বলেন।

ওয়াইএএসডি-এর নির্বাহী পরিচালক অমিত দাস সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির কথা তুলে ধরেন। মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং জটিল রোগে সরকারি আর্থিক সহায়তার আবেদন প্রক্রিয়া সম্পর্কে তিনি বিস্তারিত আলোচনা করেন। সঠিক তথ্যের অভাবে যেন কেউ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

বক্তারা জানান, ব্রেস্ট ও সার্ভিক্যাল ক্যানসার প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসায় সফল হওয়ার হার অনেক বেড়ে যায়। একই সঙ্গে আইনি অধিকার ও সরকারি সেবা সম্পর্কে সচেতনতা নারীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং একটি বৈষম্যহীন সমাজ গঠনে বড় ভূমিকা রাখবে।

বৈঠক শেষে সময়োপযোগী ও প্রয়োজনীয় এমন উদ্যোগ নেওয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অংশগ্রহণকারী নারীরা। কমিউনিটির বিভিন্ন এলাকায় ভবিষ্যতে নিয়মিত এমন স্বাস্থ্য ও অধিকারবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান তাঁরা।

ডিএ/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!