শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

প্রশ্ন ও বাধা পেরিয়ে স্বেচ্ছাসেবার পথে নারী

রকমারি ডেস্ক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ PM ১০৪ বার পঠিত
প্রশ্ন ও বাধা পেরিয়ে স্বেচ্ছাসেবার পথে নারী

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

ভলান্টিয়ার শুধু একটি নাম নয় এটি নিঃস্বার্থ আত্মত্যাগের প্রতীক ও মানবিক চেতনার জীবন্ত রূপ। দলীয় শক্তি সম্মিলিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই ভলান্টিয়ারিজম তার প্রকৃত পরিচয় পায়। কিন্তু সাম্প্রতিক সময়ে এই মহৎ চেতনাকে বিকৃত করে প্রচার ও ক্ষমতার খেলায় ব্যবহারের প্রবণতা বাড়ছে। এমন প্রবণতা ভলান্টিয়ারিজমের আদর্শকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে যা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। তরুণীরা তাঁদের বিভিন্ন বাস্তবতা অভিজ্ঞতা ও ভলান্টিয়ারিজমের নানা শাখায় নিজেদের পদচারণা নিয়ে অকপট মতামত ব্যক্ত করেছেন। তাঁদের ভাষ্যগুলোকে একত্রিত করে সাজিয়েছেন জলবায়ু কর্মী মুহিবুল হাসান রাফি

সেবার হাতেই বদলের শক্তি, নেতৃত্বে নারী

সাদিয়া ইসলাম
সভাপতি, সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ

ভলান্টিয়ারিজম শুধু বিনা পারিশ্রমিকে কাজ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা এবং সমাজ বদলের এক নীরব অঙ্গীকার। নারীর স্বেচ্ছাসেবামূলক পথচলা সেই অঙ্গীকারকে নতুন শক্তি দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো কিংবা সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তাঁরা শুধু সমাজকে এগিয়ে নিচ্ছেন না, নিজেদের মধ্যেও গড়ে তুলছেন সাহস, নেতৃত্ব ও আত্মবিশ্বাস। অথচ এই পথ পেরোতে হয় নানা প্রশ্ন ও বাধা নিয়ে। ‘মেয়েরা কেন এসব করবে?’- পরিবার ও সমাজের এমন মানসিকতা, নিরাপত্তার উদ্বেগ, নেতিবাচক মন্তব্যের পাশাপাশি পড়াশোনা, চাকরি ও পারিবারিক দায়িত্বও থাকে। তবু তাঁরা থেমে যান না। কারণ মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই হয়ে ওঠে তাঁদের পথচলার প্রেরণা। নারীর ভলান্টিয়ারিজম তাই সেবার গল্পের পাশাপাশি সামাজিক পরিবর্তনেরও এক শক্তিশালী ভাষা।

স্বেচ্ছাসেবার পথ ধরে মানবিক সমাজের স্বপ্ন

মোসা. রুমানা আক্তার
ইয়ুথ লিডার, আরবান কমিউনিটি ফায়ার ভলান্টিয়ার এবং ফাউন্ডার, উত্তরনী বাংলাদেশ

মানুষের পাশে দাঁড়ানোর তাগিদ থেকেই আমার ভলান্টিয়ারিজমের পথচলা। ২০১৬ সালে নারী ও শিশু অধিকার নিয়ে কাজের মধ্য দিয়ে শুরু। এরপর জলবায়ু, পরিবেশ, দুর্যোগ প্রস্তুতি, খাদ্যনিরাপত্তা, যুব নেতৃত্ব ও কমিউনিটি উন্নয়নে বিস্তৃত হয়েছে আমার কাজ। বান্দরবানের প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে আমি উপলব্ধি করেছি, মানবিক সহায়তা শুধু ত্রাণে সীমাবদ্ধ নয়, প্রয়োজন মানুষের সক্ষমতা ও টেকসই সমাধান তৈরি। ২০২৪ সালের জুলাইয়ের অভিজ্ঞতা আমার কাছে তরুণদের ঐক্য, নাগরিক দায়িত্ব ও সামাজিক অংশগ্রহণের গুরুত্বপূর্ণ শিক্ষা। বন্যা ও সংকটে দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তরুণদের প্রযুক্তি, দক্ষতা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরিতেও কাজ করছি। আমার স্বপ্ন, তরুণদের শুধু স্বেচ্ছাসেবী নয়, সমস্যা সমাধানকারী, নেতৃত্বদাতা ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলা। আমার বিশ্বাস, সমাজ পরিবর্তনের সূচনা হয় একজন মানুষের দায়িত্বশীল পদক্ষেপ থেকেই।

পাশে দাঁড়ানো থেকে পথ দেখানোর যাত্রা

প্রিমা বড়ুয়া
সদস্য, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট

স্বেচ্ছাসেবা আমার কাছে কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি নিজের কণ্ঠকে খুঁজে পাওয়া এবং সেই কণ্ঠকে মানুষের অধিকারের পাশে দাঁড় করানোর পথ। YASD-এর সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, একটি কণ্ঠ যখন আরও অনেক কণ্ঠের সঙ্গে যুক্ত হয়, তখন তা পরিবর্তনের শক্তিতে পরিণত হয়। SRHR নিয়ে বস্তি এলাকার কিশোরীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে, তথ্যের অভাব শুধু অজ্ঞতা তৈরি করে না, অনেক সম্ভাবনাকেও সীমাবদ্ধ করে। একজন তরুণী হিসেবে সামাজিক দৃষ্টিভঙ্গি ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ করা সহজ ছিল না; কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও সাহসী করেছে। স্বেচ্ছাসেবা আমাকে শিখিয়েছে, নারীরা কেবল সহমর্মিতার বাহক নন, তাঁরা প্রশ্ন তুলতে, নেতৃত্ব দিতে এবং পরিবর্তনের পথ তৈরি করতে পারেন। পরিবর্তন তাই দূরের কোনো স্বপ্ন নয়, এটি শুরু হয় একটি ছোট পদক্ষেপ, একটি সাহসী সিদ্ধান্ত এবং একটি জাগ্রত কণ্ঠ থেকে।

প্রশ্ন, বাধা পেরিয়ে স্বেচ্ছাসেবার পথে

ফাতিহা ফাইরুজ
সাংগঠনিক সম্পাদক, ১ টাকায় বৃক্ষরোপণ

মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই শুরু হয়েছিল পথচলা। সময়ের সঙ্গে বুঝেছি, ভলান্টিয়ারিজম শুধু অন্যের পাশে দাঁড়ানো নয়, নিজের কণ্ঠ খুঁজে পাওয়ারও এক যাত্রা। প্রথম মাইক হাতে ভয় পেয়েছি, সংগঠনের ভিড়ে নিজেকে আড়াল করেছি। আজ সেই আমিই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, প্রশ্নের মুখোমুখি হই, মানুষের অধিকার ও প্রয়োজনের পাশে দাঁড়াই। শুনতে হয়েছে, ‘মেয়ে হয়ে রাস্তায় রাস্তায় কী করবে?’, ‘এসব করে কী লাভ?’ কিংবা ‘কত টাকা পাও?’ আমার কাছে উত্তরটি সহজ। একজন মানুষ অধিকার সম্পর্কে সচেতন হলে, প্রয়োজনীয় সেবা পেলে কিংবা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী হলেই সেটি অর্জন। ধর্ষণবিরোধী আন্দোলন, বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা কিংবা রাস্তায় পড়ে থাকা একটি প্লাস্টিক তুলে নেওয়া, এই ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। আজ তাই সবচেয়ে প্রিয় পরিচয়, আমি একজন ভলান্টিয়ার।

নারীর হাতেই স্বেচ্ছাসেবা, নেতৃত্বে নতুন সম্ভাবনা

জান্নাতুল ফেরদৌস
সদস্য, ইয়ুথ পিপল অব বাংলাদেশ

সমাজ বদলের গল্পে নারীর ভূমিকা কখনোই কেবল সহযাত্রীর নয়, তিনি নিজেই পরিবর্তনের অন্যতম কারিগর। স্বেচ্ছাসেবা আমার কাছে তাই নিছক মানুষের পাশে দাঁড়ানো নয়, এটি নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, সক্ষমতাকে কাজে লাগানো এবং নেতৃত্বের পথে নিজেকে প্রস্তুত করার এক জীবন্ত শিক্ষালয়। মাঠের অভিজ্ঞতা শেখায় মানুষের কথা শুনতে, সংকটে সিদ্ধান্ত নিতে এবং সমস্যার ভেতর থেকেই সমাধানের পথ খুঁজতে। জলবায়ু সংকট, দুর্যোগ, বৈষম্য, শিক্ষা কিংবা নারী ও শিশু সুরক্ষায় নারীর অভিজ্ঞতা পরিবর্তনের উদ্যোগকে করে আরও বাস্তব ও মানবিক। তবে নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত গ্রহণে সীমিত সুযোগ এখনো বাধা। তাই প্রয়োজন নিরাপদ পরিবেশ, সম্মান ও নেতৃত্বের সমান সুযোগ। কারণ একজন নারী যখন সেবার হাত বাড়ান, তখন তিনি শুধু একজন মানুষের পাশে দাঁড়ান না, সমাজের ভবিষ্যতের দিকও বদলে দেন।

ডিএ/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!