শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ভালোবাসা থাকার পরও মানুষ কেন হঠাৎ নিজেকে গুটিয়ে নেয়?

জারা হাসান (তুলি)

জারা হাসান (তুলি)

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ৭:৫৭ PM ৯০ বার পঠিত
ভালোবাসা থাকার পরও মানুষ কেন হঠাৎ নিজেকে গুটিয়ে নেয়?

ছবি: সংগৃহীত

সম্পর্কের এক অদ্ভুত এবং বিভ্রান্তিকর দিক হলো, মাঝে মাঝে সবকিছু ঠিকঠাক চলার পরও কাছের মানুষটি হঠাৎ দূরে সরে যেতে থাকে। হয়তো দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া ছিল, আড্ডায় কোনো ক্লান্তি ছিল না আর ছিল একে অপরের প্রতি স্পষ্ট আকর্ষণ। কিন্তু হঠাৎ করেই যেন তাল কেটে যায়। মেসেজের উত্তর আসতে দেরি হয়, দেখা করার পরিকল্পনাগুলো বাতিল হতে থাকে আর চেনা উষ্ণতার জায়গা দখল করে নেয় এক অজানা দ্বিধা। এমন পরিস্থিতিতে যে কারও মনে হতে পারে, মানুষটি হয়তো আর পরোয়া করে না বা তার অনুভূতি ফুরিয়ে গেছে। তবে মনোবিজ্ঞান আর সম্পর্কের সমীকরণ বলে অন্য কথা। দূরে সরে যাওয়ার অর্থ সব সময় এই নয় যে ভালোবাসা শেষ হয়ে গেছে। অনেক ক্ষেত্রে অনুভূতির তীব্রতা সামলাতে না পেরেই মানুষ নিজেকে গুটিয়ে নেয়। মূলত পাঁচটি কারণে অনুভূতি থাকা সত্ত্বেও একজন মানুষ সম্পর্ক থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে পারে।

প্রথম কারণটি হলো সম্পর্কের বাস্তবতা আর পরিণতি নিয়ে ভয়। যখন সম্পর্কের মধ্যে কোনো দায়বদ্ধতা থাকে না, তখন সবকিছু খুব সহজ মনে হয়। কিন্তু যখন কেউ বুঝতে পারে যে সে সত্যিই মানুষটির প্রেমে পড়ে যাচ্ছে, তখনই তার মধ্যে হারানোর ভয় কাজ করতে শুরু করে। তখন মনের মধ্যে নানা প্রশ্ন উঁকি দেয়। সম্পর্কটি যদি না টেকে, যদি সে খুব বেশি নির্ভরশীল হয়ে পড়ে এবং শেষে কষ্ট পায়, এমন নানা ভাবনায় তারা অস্থির হয়ে ওঠেন। এসব প্রশ্নের উত্তর খোঁজার বদলে অনেকেই সহজাত প্রবৃত্তি হিসেবে নিজেকে কিছুটা সরিয়ে নেওয়ার পথ বেছে নেন। তারা আসলে সম্পর্ক থেকে নয়, বরং ভবিষ্যতের সম্ভাব্য কষ্ট থেকে দূরে পালাতে চান।

অতীতের তিক্ত অভিজ্ঞতাও মানুষকে বর্তমান সম্পর্ক নিয়ে সন্দিহান করে তোলে। অতীতে যদি কেউ প্রতারণা, প্রত্যাখ্যান বা মানসিক আঘাতের শিকার হয়ে থাকেন, তবে নতুন কাউকে তীব্রভাবে ভালোবাসলেও তার ওপর পুরোপুরি আস্থা রাখা তার জন্য কঠিন হয়ে পড়ে। তারা হয়তো নতুন সম্পর্কের প্রতিটি কথা বা আচরণ খুব সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করেন। মনের কথা খুলে বলতে দ্বিধা করেন এবং নিজেকে সুরক্ষিত রাখতে কিছুটা দূরত্ব বজায় রাখেন। এটি কোনোভাবেই তাদের অনাগ্রহের লক্ষণ নয়, বরং এটি তাদের আত্মরক্ষার একটি কৌশল মাত্র। নতুন করে আঘাত পাওয়ার ভয় তাদের স্বাভাবিকভাবে ভালোবাসতে বাধা দেয়।

পরিস্থিতি অনেক সময় এমন হয় যে, একজন মানুষ ঠিক বুঝতে পারেন না অপর প্রান্তের মানুষটি তার কাছে ঠিক কী প্রত্যাশা করছেন। সম্পর্কে যদি মিশ্র সংকেত বা অস্পষ্টতা থাকে, তবে খুব আত্মবিশ্বাসী মানুষও দ্বিধায় পড়ে যান। আপনি তাকে নিয়ে ভবিষ্যৎ ভাবছেন নাকি নিছকই তার সঙ্গ উপভোগ করছেন, এই বিষয়টি পরিষ্কার না হলে অনেকেই নিজেকে গুটিয়ে নেন। কারণ, কেউ এমন পরিস্থিতি তৈরি করতে চান না যেখানে তাকে অতিরিক্ত আগ্রহী বা দুর্বল মনে হতে পারে। বিশেষ করে যখন দুজনেই অপেক্ষা করেন কে আগে নিজের মনের কথা বলবে, তখন এই দূরত্ব আরও প্রকট হয়ে ওঠে।

সম্পর্কের বাইরের নানা পারিপার্শ্বিক চাপও অনেক সময় এই দূরত্বের কারণ হতে পারে। সব সময় সম্পর্কের ভেতরের কোনো সমস্যাই যে মানুষকে দূরে ঠেলে দেয়, তা কিন্তু নয়। কাজের অতিরিক্ত চাপ, পারিবারিক সমস্যা, আর্থিক সংকট বা মানসিক অবসাদ একজন মানুষকে এতটা ক্লান্ত করে দিতে পারে যে, তার পক্ষে কাছের মানুষের সঙ্গেও স্বাভাবিক যোগাযোগ রাখা কঠিন হয়ে পড়ে। মুশকিল হলো, অপর প্রান্তের মানুষটি তখন ধরে নেন যে সমস্যাটি হয়তো তাকে ঘিরেই। অথচ বাস্তবে মানুষটির মনে গভীর অনুভূতি থাকা সত্ত্বেও, সেই মুহূর্তে তা প্রকাশ করার মতো মানসিক শক্তি হয়তো তার অবশিষ্ট থাকে না।

সবশেষে যে বিষয়টি কাজ করে, তা হলো অনুভূতি আর প্রস্তুতির মধ্যে দ্বন্দ্ব। কাউকে গভীরভাবে ভালোবাসার অর্থ এই নয় যে একজন মানুষ সেই মুহূর্তেই একটি সিরিয়াস সম্পর্কে জড়ানোর জন্য পুরোপুরি প্রস্তুত। অনেকেই প্রিয় মানুষটিকে নিয়ে দ্বিধায় ভোগেন যে, বর্তমান সময়ে তাদের দুজনের জীবনযাত্রা আদৌ একসঙ্গে মিলবে কি না বা সম্পর্কটি টিকিয়ে রাখার মতো যথেষ্ট সময় ও মনোযোগ তিনি দিতে পারবেন কি না। এই অনিশ্চয়তা থেকে তারা কখনও খুব কাছে আসেন, আবার কখনও অতিরিক্ত চাপে দূরে সরে যান। বাইরের মানুষের কাছে এটিকে সিদ্ধান্তহীনতা মনে হলেও, ভেতর থেকে সেই মানুষটি মূলত তার অনুভূতি এবং সামর্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার আপ্রাণ চেষ্টা করতে থাকেন।

সম্পর্কে এমন পরিস্থিতি তৈরি হলে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে না পৌঁছানোই বুদ্ধিমানের কাজ। দূরত্ব মানেই যে ভালোবাসার মৃত্যু, এমনটা ভেবে নেওয়ার কারণ নেই। খোলাখুলি আলোচনা, ধৈর্য এবং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই কেবল এই নীরবতার পেছনের আসল কারণটি বের করা সম্ভব। একটু সময় আর মানসিক সমর্থন হয়তো একটি সুন্দর সম্পর্ককে অকালে শেষ হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!