আজ ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস। রোগের সংক্রমণ ঠেকাতে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়।
হাতের মাধ্যমে বিভিন্ন রোগের জীবাণু সবচেয়ে বেশি ছড়ায়। তাই খাবার খাওয়ার আগে, খাবার তৈরির আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। এ ছাড়া কাশি বা হাঁচির পরও হাত পরিষ্কার করা উচিত। বিশেষজ্ঞদের মতে, শুধু পানি দিয়ে হাত ধোয়ার চেয়ে সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করা জীবাণু ধ্বংস করতে বেশি কার্যকর। হাতের তালু, হাতের পিঠ, আঙুলের ফাঁক ও নখের আশপাশ ভালোভাবে ঘষে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে।
বিশ্ব হাত ধোয়া দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। ব্যক্তিগত পরিচ্ছন্নতার পাশাপাশি এই অভ্যাস পরিবার ও সমাজের অন্য সদস্যদেরও নানা ধরনের ক্ষতিকর সংক্রমণ থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করে।
