ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার আল আমিন উচ্চ বিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে প্রথম পুনর্মিলনী আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) শিবগঞ্জ হাট কালির বাজারের বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত পুনর্মিলনী বাস্তবায়ন পরিষদের আয়োজনে এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং এডহক কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এর আগে তিনি আনুষ্ঠানিক ফিতা কেটে বিদ্যালয়ের নবনির্মিত গেইটের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন আগমন করলে তাকে ফুল ছিটিয়ে অভ্যর্থনা জানান শিক্ষার্থী। পরে পায়রা উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন মহিমা ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ হারুন অর রশীদ সহ অন্যান্যরা।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ জাহাঙ্গীর আলম অত্র প্রতষ্ঠানের উন্নয়নকল্পে জাতীয় সংসদ সদস্যের দৃষ্টি আকর্ষণ করে বিদ্যালয়ের চারতলা বিল্ডিং নির্মাণ এবং প্রতিষ্ঠানটি মহাবিদ্যালয়ে উন্নিত করার দাবী জানান।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন আল আমিন উচ্চ বিদ্যালয়ে চারতলা বিল্ডিং নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি প্রতিষ্ঠানটি মহাবিদ্যালয়ে রূপান্তর করার প্রক্রিয়া অনুসরণের জন্য স্কুল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবাইদ ফেরদৌস, জাতীয় রাজস্ব বোর্ডের অতিরিক্ত কমিশনার রিজভী আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক লাইলী আক্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আনোয়ার হোসেন বাদশা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডাঃ আব্দুর রাজ্জাক, ফুলবাড়ীয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, প্রাক্তন শিক্ষার্থী আসাদুজ্জামান ও গোলাম মোস্তফা সহ অন্যান্যরা। মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল ফারুক।
অনুষ্ঠান পরিচালনা করেন এটিএন বাংলা টেলিভিশনের উপস্থাপক মারিয়া শিমু, প্রাক্তন ছাত্র ওয়ারেন্ট অফিসার শফিক, তাসলিমা ফেরদৌসী শিমু এবং মোহাম্মদ খোরশেদ আলম।
অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের প্রাক্তন কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করে পুনর্মিলনী বাস্তবায়ন পরিষদ।
