শিউলি ফোটা হাওয়া
শাকেরা বেগম শিমু
শিউলি ফোটা হাওয়া নিয়ে শরৎ এলো দেশে,
বসুন্ধরা সাজল নতুন রূপ অপরূপ বেশে।
নদীর তীরে কাশফুলদের মেলা বসেছে,
নবীন ধানের পসরা নিয়ে শরৎ এসেছে।
কচি ধানের হাজার শীষে, শিঁশিরঝরা ঘাসে,
প্রভাতবেলার সোনালী রোদ মুক্তার ন্যায় হাসে।
নীল আকাশে যাচ্ছে ভেসে সাদা মেঘের ভেলা,
মেঘের সাথে রোদ ও ছায়ার লুকোচুরির খেলা।
রাত্রিবেলা রূপালী চাঁদ ঝলমলিয়ে হাসে,
তারার সাথে খেলতে জোনাক দারুণ ভালোবাসে।
শুভ্র কুয়ায় ঢাকা থাকে শারদ প্রভাতবেলা,
শিউলি-বকুল তলায় বসে ফুলকুড়োনির মেলা।
জোছনামাখা চাদর গাঁয়ে শেষ না হতেই যামিনী,
সৌরভে প্রাণ মাতিয়ে তুলে শুভ্র বেলী-কামিনী।
সুখপাখিরা করে শরৎরাণীর পিছু ধাওয়া,
মনে সুখের পরশ বুলায় শিউলি ফোটা হাওয়া।
