শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশে যৌথভাবে শীর্ষে জাবি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৯:০৯ AM ১৬ বার পঠিত
টাইমস হায়ার র‌্যাংকিংয়ে বাংলাদেশে যৌথভাবে শীর্ষে জাবি

টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টি ৮০১-১০০০তম অবস্থানের ব্যান্ডে রয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৪ ও ২০২৫ সালেও টিএইচই র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় ছিল জাবি।

এই অর্জনের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম বলেন, এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের।

আজ এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকার অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গর্বের বিষয়। এটি বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম আরও বাড়িয়েছে।’

আগামী বছরগুলোতে বৈশ্বিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে জাবি আরও এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম।

তিনি বলেন, শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত ও সম্প্রসারিত করার লক্ষ্যে নবনিযুক্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে গবেষণা এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণাপত্র প্রকাশে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে।

তিনি আরও বলেন, গবেষণার জন্য এ প্রণোদনা কর্মসূচি অব্যাহত থাকবে।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংস ২০২৭ অনুযায়ী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে শীর্ষে রয়েছে।

বৈশ্বিক ৮০১-১০০০তম ব্যান্ডে থাকা বিশ্ববিদ্যালয়গুলোকে ইংরেজি বর্ণানুক্রম অনুযায়ী তালিকাভুক্ত করা হয়েছে।

টিএইচই আজ তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এ র‌্যাংকিং প্রকাশ করেছে। ২০২৭ সালের সংস্করণে ১১৮টি দেশ ও অঞ্চলের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে র‌্যাংকিং করা হয়েছে।

র‌্যাংকিংয়ে পাঁচটি প্রধান ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হয়েছে—পাঠদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি।

গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়নে এসব ক্ষেত্রের আওতায় আরও বিস্তৃত বিভিন্ন কর্মদক্ষতার সূচক ব্যবহার করে টিএইচই।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!