যেখানে আমি সেখানেই পরিচ্ছন্নতা এই প্রত্যয়কে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়নে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে জনতা উচ্চ বিদ্যালয়।
রোববার ২৫ অক্টোবর ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ক্লিন সানডে কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টিকে ডিসিস অ্যাওয়ার্ড ফর ক্লিনলিনেস প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন, ইন্সট্রাক্টর মো. আবু ফুয়াদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেন ময়মনসিংহের জেলা প্রশাসক।
এ অর্জনে বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, অ্যাডহক কমিটির সদস্য, শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানানো হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন বলেন, এ অর্জন আমার একার নয়। শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই আজকের এই স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, এ স্বীকৃতি শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
