শিরোনাম:
Network News BD
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

শিক্ষার্থীর চোখে নিজ ক্যাম্পাস

নেটওয়ার্ক নিউজ বিডি

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১:২৯ PM ২৪ বার পঠিত
শিক্ষার্থীর চোখে নিজ ক্যাম্পাস

নেটওয়ার্ক নিউজ বিডি সম্পাদিত

ক্যাম্পাস মানে শুধু শ্রেণিকক্ষ, পরীক্ষার ফল কিংবা সনদের গণ্ডি নয়; এটি স্বপ্নের প্রথম মানচিত্র, চিন্তার বিকাশক্ষেত্র এবং আগামীর মানুষ হয়ে ওঠার অনন্য পাঠশালা। প্রতিটি শিক্ষার্থীর চোখে নিজ ক্যাম্পাসের রয়েছে আলাদা ছবি। কোথাও জ্ঞানচর্চার বিস্তার, কোথাও বন্ধুত্ব ও সৃজনশীলতার উচ্ছ্বাস, আবার কোথাও অপূর্ণ সুযোগ-সুবিধা বদলে দেওয়ার তীব্র প্রত্যাশা। কারও কাছে ক্যাম্পাস সবুজে ঘেরা প্রশান্তির ঠিকানা, কারও কাছে নেতৃত্ব ও মানবিকতা শেখার মঞ্চ। শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস কে ঘিরে মতামত জানিয়েছেন। তাদের মতামত গুলোকে তুলে ধরেছেন তরুণ লেখক মুহিবুল হাসান রাফি।

আমার ভাবনায় আমার ক্যাম্পাস
আফিয়া আলম, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়,কুষ্টিয়া

ক্যাম্পাস শুধু শিক্ষার স্থান নয়, এটি জ্ঞান, মনন ও ব্যক্তিত্ব গঠনের উন্মুক্ত প্রাঙ্গণ। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) আমার কাছে তেমনই এক সম্ভাবনাময় ঠিকানা। সুবিশাল কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগীয় সেমিনার লাইব্রেরি, হলের পাঠাগার ও রিডিংরুম শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে সমৃদ্ধ করে। আধুনিক শিক্ষার সঙ্গে তাল মেলাতে হল ও একাডেমিক ভবনে রয়েছে ওয়াই-ফাই সুবিধা। সবুজ বৃক্ষরাজি ও বাহারি ফুলের সমারোহ ক্যাম্পাসের সৌন্দর্যকে দিয়েছে স্বতন্ত্র পরিচয়। পাশাপাশি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও দক্ষতাভিত্তিক সংগঠন শিক্ষার্থীদের নেতৃত্ব, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের আন্তরিকতা, উদার চিন্তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ এই পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। আমার প্রত্যাশা, ইবি হয়ে উঠুক জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও মানবিক বিকাশের আরও সমৃদ্ধ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস।

যে ক্যাম্পাস চায় শিক্ষার্থী
সোমাইয়া সোলতানা তানি (সুমু), সাবেক শিক্ষার্থী, সাতকানিয়া সরকারি কলেজ

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সাতকানিয়া সরকারি কলেজ। দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এলেও ৯.৬০ একরের ক্যাম্পাসে আবাসন, পরিবহন ও নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে নিয়মিত ক্লাসে অংশগ্রহণ ব্যাহত হয়, বাড়ে শিক্ষার্থীদের ভোগান্তি। সাংস্কৃতিক চর্চার সুযোগের অভাব, মানসম্মত ক্যান্টিন না থাকা এবং বিশেষত ছাত্রীদের জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশের সংকটও প্রকট। অন্যদিকে, কলেজের মাঠের বেহাল দশা খেলাধুলার স্বাভাবিক পরিবেশকে বাধাগ্রস্ত করছে। যে ক্যাম্পাস জ্ঞানচর্চা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের কেন্দ্র হওয়ার কথা, সেখানে মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতি শিক্ষার্থীদের প্রত্যাশাকে সংকুচিত করছে। শিক্ষার্থীদের চাওয়া নিরাপদ ক্যাম্পাস, উন্নত মাঠ, মানসম্মত ক্যান্টিন, আবাসন ও পরিবহন সুবিধা। কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগেই সাতকানিয়া সরকারি কলেজ হয়ে উঠুক শিক্ষার্থীবান্ধব, প্রাণবন্ত ও সম্ভাবনাময় ক্যাম্পাস।

আমার স্বপ্ন, আমার ক্যাম্পাস
মারিয়া আক্তার, শিক্ষার্থী, গভর্মেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স

১৯৬১ সালে প্রতিষ্ঠিত গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি উপাদানকল্প কলেজ। ২০২২ সালের ডিসেম্বরে খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগে ভর্তির মধ্য দিয়ে শুরু হয় আমার ক্যাম্পাসজীবন। এখানে শিখেছি, পুষ্টিবিজ্ঞান শুধু খাদ্য নিয়ে অধ্যয়ন নয়; সুস্বাস্থ্য ও জনকল্যাণ নিশ্চিত করারও গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাত্ত্বিক পাঠের পাশাপাশি ব্যবহারিক শিক্ষা আমাকে দক্ষ পুষ্টিবিদ হওয়ার স্বপ্ন দেখায়। নিউট্রিশন ক্লাব, কালচারাল ক্লাব, বিএনসিসি ও স্কাউট নেতৃত্ব, শৃঙ্খলা ও সৃজনশীলতা বিকাশের সুযোগ তৈরি করে। সবুজে ঘেরা ক্যাম্পাস, পুকুরপাড় আর গৃহস্বাদ ক্যান্টিনের আড্ডা জীবনে যোগ করে প্রশান্তি ও স্মৃতি। জাহানারা ইমাম হল শেখায় আত্মনির্ভরতা ও সহমর্মিতা। আমার স্বপ্ন এই ক্যাম্পাস হয়ে উঠুক মানসম্মত শিক্ষা, মানবিক মূল্যবোধ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ার অনন্য প্রাঙ্গণ।

শুভ্র/

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!