শিরোনাম:
Network News BD
শনিবার, ৩ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

যবিপ্রবিতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, কানে গুরুতর আঘাতের দাবি

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১০:৪০ PM ৬ বার পঠিত
যবিপ্রবিতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, কানে গুরুতর আঘাতের দাবি

ছবি: সংগৃহীত

গোসল করাকে কেন্দ্র করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে কানে থাপ্পড় দেওয়ার অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার।

এ ঘটনায় শনিবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্রভোস্ট বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুয়েল আল ইমরান।

অভিযুক্ত তানভীর হক একই শিক্ষাবর্ষের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর থেকে এক কানে কিছুই শুনতে পাচ্ছেন না বলে দাবি করেছেন জুয়েল।

জুয়েল জানান, শুক্রবার দুপুরে গোসল করতে ওয়াশরুমে ঢুকে একটি বালতি দেখতে পান। তিনি বালতিটি বাইরে রেখে গোসল করতে থাকেন। এ সময় তানভীর দরজায় বারবার টোকা দেন। পরে বের হলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপর তানভীর তার কক্ষে গিয়ে তাকে হুমকি দেন বলেও অভিযোগ করেন জুয়েল।

পরে বন্ধুরা বিষয়টি মীমাংসার জন্য তাকে ক্যাম্পাসের একটি চায়ের দোকানে নিয়ে যান। সেখানে তানভীরসহ কয়েকজনের সঙ্গে কথা বলার একপর্যায়ে তানভীর তার কানে থাপ্পড় ও বুকে লাথি মারেন বলে অভিযোগ করেন জুয়েল। এতে তিনি মাটিতে পড়ে যান। পরে বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে যান।

বিশ্ববিদ্যালয়ের চিফ মেডিকেল অফিসার ডা. দীপক কুমার মণ্ডল বলেন, শিক্ষার্থীর কানের পর্দা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রক্ত জমে আছে। দ্রুত নাক-কান-গলা বিশেষজ্ঞের মাধ্যমে পরীক্ষা করা প্রয়োজন। এ বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে তানভীর হক বলেন, কথা বলার একপর্যায়ে জুয়েল ও তার বন্ধুরা তার প্রতি মারমুখী আচরণ করেন। ধাক্কাধাক্কির একপর্যায়ে তিনি জুয়েলকে একটি থাপ্পড় দেন। পরে বিষয়টি গুরুতর মনে হওয়ায় তাকে সদর হাসপাতালে নিয়ে যান। জুয়েলের কানে গুরুতর সমস্যা হয়েছে, তা তিনি শনিবার সকালে জানতে পারেন বলে জানান।

ঘটনাস্থলে থাকা শিক্ষার্থী রাজিন মাহমুদ খান কাব্য বলেন, বিষয়টি সমাধানের জন্য সবাই একসঙ্গে বসেছিলেন। সেখানে কথা বলার সময় তানভীর জুয়েলকে কানে থাপ্পড় মারেন। এটি অনাকাঙ্ক্ষিত ঘটনা।

শহীদ মশিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মো. মজনুজ্জামান বলেন, বিষয়টি মৌখিকভাবে শুনেছেন। পুরো ঘটনা লিখিতভাবে প্রক্টর অফিসে জমা দিতে বলা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. হামিদুর রহমান বলেন, ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!