শিরোনাম:
Network News BD
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

স্বর্ণপদকের দৌড়ে যবিপ্রবির ৩০ শিক্ষার্থী, চূড়ান্ত তালিকার অপেক্ষা

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ PM ১৬ বার পঠিত
স্বর্ণপদকের দৌড়ে যবিপ্রবির ৩০ শিক্ষার্থী, চূড়ান্ত তালিকার অপেক্ষা

ফাইল ছবি

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন অনুষদের মোট ৩০ শিক্ষার্থী প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন। ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনুষদভিত্তিক সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীরা এ তালিকায় রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইল ফোনে বার্তা পাঠিয়ে প্রাথমিক মনোনয়নের বিষয়টি জানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর। একই সঙ্গে পরবর্তী কার্যক্রমের জন্য আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে।
প্রাথমিক মনোনয়নে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে চারজন, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে চারজন, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদ থেকে চারজন, স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ থেকে চারজন, বিজ্ঞান অনুষদ থেকে চারজন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে চারজন এবং ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে চারজন শিক্ষার্থী রয়েছেন। এছাড়া ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে রয়েছেন দুইজন। সব মিলিয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ৩০ শিক্ষার্থী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রথম সাতটি অনুষদে ২০১৬-১৭ থেকে ২০১৯-২০ পর্যন্ত চার শিক্ষাবর্ষের প্রতিটি থেকে অনুষদে প্রথম স্থান অর্জনকারী একজন করে শিক্ষার্থী প্রাথমিক মনোনয়নে স্থান পেয়েছেন। ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে মনোনীত হয়েছেন দুইজন।

ভেটেরিনারি মেডিসিন অনুষদটি এর আগে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ হিসেবে পরিচালিত হতো। ২০২৩ সালের ১১ জানুয়ারি এটি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদ হিসেবে যাত্রা শুরু করে। বর্তমানে অনুষদটি যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে পরিচালিত হচ্ছে।

রেজিস্ট্রার দপ্তরের পাঠানো বার্তায় শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়ায় অভিনন্দন জানানো হয়। বার্তাটি রেজিস্ট্রারের পক্ষে পাঠিয়েছেন একাডেমিক শাখার সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুর রহিম।

তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ৩০ শিক্ষার্থীর নামসংবলিত চূড়ান্ত তালিকা বা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। বর্তমানে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। যাচাই-বাছাই ও পরবর্তী প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিক তালিকা প্রকাশ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য প্রাথমিকভাবে মনোনীত হওয়ার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। এখন চূড়ান্ত তালিকা প্রকাশের অপেক্ষায় রয়েছেন তারা।

বিষয়বস্তু:

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!