রাজধানীর নভোথিয়েটারে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় হয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। তিন দিনব্যাপী মেলাটি ১২ থেকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।
‘ইনোভেট টু মার্কেট’ প্রতিপাদ্যে আয়োজিত এ মেলায় দেশের বিভিন্ন পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গবেষক ও উদ্ভাবকেরা অংশ নেন। যবিপ্রবির বিভিন্ন বিভাগের গবেষণালব্ধ উদ্ভাবনও মেলায় প্রদর্শন করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরিবেশবিদ্যা, কৃষি প্রযুক্তি, মাইক্রোবায়োলজি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–সংশ্লিষ্ট কয়েকটি উদ্ভাবন মেলায় প্রদর্শন করে যবিপ্রবি। এর মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের নেতৃত্বে পরিচালিত ‘ন্যানো ইউরিয়া’ গবেষণা প্রকল্পটি দর্শনার্থীদের আগ্রহ তৈরি করে।
প্রচলিত ইউরিয়ার বিকল্প হিসেবে ন্যানো ইউরিয়ার সম্ভাবনা, কৃষিতে এর ব্যবহার এবং উৎপাদন ও আমদানিনির্ভরতা কমানোর সম্ভাবনা নিয়ে প্রকল্পটিতে গবেষণা করা হচ্ছে বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ অর্জন সম্পর্কে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, জাতীয় পর্যায়ে এ স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে উৎসাহ জোগাবে। শিল্প খাতের সঙ্গে একাডেমিক গবেষণার সংযোগ তৈরিতেও এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, জাতীয় পর্যায়ের এ অর্জন যবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও উৎসাহিত করবে। তরুণ গবেষকদের উদ্ভাবন দেশের প্রযুক্তিগত চাহিদা পূরণে ভূমিকা রাখতে পারে বলেও তিনি মন্তব্য করেন।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নিতে আর্থিক ও কাঠামোগত সহায়তা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের গবেষকদের উদ্ভাবনী কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার কথা জানান তিনি।
মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যবিপ্রবি প্রতিনিধি দলের হাতে ট্রফি ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
শুভ্র/
