শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট অপরিহার্য: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৪ আগস্ট ২০২৬, ৬:৪৩ PM ৭ বার পঠিত
উচ্চশিক্ষাকে যুগোপযোগী করতে আধুনিক রিসোর্স বুক ও ডিজিটাল কনটেন্ট অপরিহার্য: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড আইসিটি কোর্সকে আরও যুগোপযোগী, শিক্ষার্থীবান্ধব ও কর্মমুখী করতে মানসম্মত রিসোর্স ম্যাটেরিয়াল ও অনলাইন কনটেন্ট উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেছেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শুধু একটি বিষয় নয়; শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন এবং দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে এটি নিবিড়ভাবে যুক্ত।

​আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) সাভারের ব্র্যাক সিডিএমে ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের অ্যাপ্লাইড আইসিটি কোর্সের জন্য ‘রিসোর্স ম্যাটেরিয়ালস ফাইনালাইজেশন’ শীর্ষক তিন দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান এবং প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত ছিলেন।

​ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈচিত্র্য, তাদের প্রযুক্তিগত সক্ষমতা এবং দেশের বিভিন্ন অঞ্চলের বাস্তবতা বিবেচনায় নিয়ে রিসোর্স ম্যাটেরিয়াল চূড়ান্ত করতে হবে। কনটেন্টের ভাষা সহজ ও শিক্ষার্থীবান্ধব হতে হবে, যাতে স্বল্প মেধার শিক্ষার্থীও সহজে বিষয়বস্তু অনুধাবন করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, ডেটা ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি, ডিজিটাল মার্কেটিং ও গিগ ইকোনমির মতো বিষয়গুলো পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার মাধ্যমে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্র ও ফ্রিল্যান্সিংয়ের সঙ্গে যুক্ত করার ওপর জোর দেন তিনি।

​ইউনিসেফ বাংলাদেশের কারিগরি সহযোগিতার প্রশংসা করে ড. আমানুল্লাহ বলেন, এ ধরনের উদ্যোগ উচ্চশিক্ষার মানোন্নয়নে এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের কাছে আধুনিক শিক্ষাসামগ্রী পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিন দিনব্যাপী এই কর্মশালার প্রথম দিনে রিসোর্স বুকের প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু, প্যাডাগজিক্যাল পদ্ধতি ও ব্যবহারিক প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং পরবর্তী দিনে এর চূড়ান্ত রূপ দেওয়া হবে।

​জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান মো. মুজাহিদুল ইসলাম, আইসিটি (কারিকুলাম)-এর ফোকাল পার্সন সহযোগী অধ্যাপক ড. নাজমা তারা, ইউনিসেফের প্রোগ্রাম স্পেশালিস্ট ফাহমিদা শবনম ও ইস্তানুল কবিরসহ সংশ্লিষ্ট বিষয় বিশেষজ্ঞ, ডোমেইন এক্সপার্ট এবং কর্মকর্তাবৃন্দ।

এসএন/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!