রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের ৩০ বছর পূর্তি পালিত হয়েছে। আজ সোমবার নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সকাল সাড়ে ৯টায় স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর সকাল সাড়ে ১০টায় অতিথিদের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়।
পরে বিভাগের সভাপতি অধ্যাপক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ এবং জীববিজ্ঞান অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. গোলাম মোর্ত্তুজা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে র্যালি ও আলোচনা সভাসহ পুরো অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান এবং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
