মোহাম্মদ কুতুবউদ্দিন:
বই প্রজন্ম ও মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। বইবিহীন যে কোনো রাষ্ট্র এবং সমাজব্যবস্থা অনেকটাই প্রাণহীন, ধূসর এক মরুভূমির মতোই। মানুষের ভাবনার বিশালত্ব, চিন্তার উৎকর্ষ সাদন, নান্দনিক দর্শন, মেধার বিকাশ, সংস্কৃতির জৌলুশ, অর্থনৈতিক অগ্রগতি, ধর্মীয় আবেগ ও অনুশাসন এবং বিশ্বাসের অবিচলতা এসবের সঙ্গে বইয়ের সম্পর্ক নিবিড় ও অনস্বীকার্য। মানুষের নৈতিক মূল্যবোধ, চারিত্রিক বৈশিষ্ট্য, ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতির ভিত নির্মাণে বইয়ের ভূমিকা অপরিসীম ।একইভাবে একটি রাষ্ট্রের জ্ঞানভিত্তিক অগ্রযাত্রা ও সুস্থ সমাজ বিনির্মাণেও বই এক তর্কাতীত অনুষঙ্গ।

ময়মনসিংহে শুরু হলো বিভাগীয় বইমেলা ২০২৬, উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার
বিশ্বায়নের এই বিস্তৃত পরিমণ্ডলে কোথায় কী ঘটে চলেছে, বিশ্বরাজনীতির মেরুকরণ কোন দিকে ধাবিত হচ্ছে, ইতিহাসের অকাট্য দলিল কী সাক্ষ্য দিচ্ছে, কূটনৈতিক সম্পর্কের গতিপথ কোন বাঁকে মোড় নিচ্ছে, বৈশ্বিক জলবায়ু কী সংকেত দিচ্ছে, বিশ্ব অর্থনীতির হালচাল কেমন, শিল্প-সাহিত্য ও সংস্কৃতির গতিধারা কোন পথে প্রবাহিত হচ্ছে কিংবা যুদ্ধবিগ্রহের অভিঘাতে মানবসভ্যতা কতটা বিপর্যস্ত, এসব বিষয়ে তথ্যনির্ভর ও তথ্যবহুল জ্ঞান অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বই। আর জাতীয় বইমেলা সেই জ্ঞানভান্ডারের সঙ্গে পাঠকের পরিচয় ঘটানোর এক বিশাল ও প্রাণবন্ত আয়োজন।
বইমেলার প্রতিটি স্টলে যেন সাজানো থাকে জ্ঞানের বিচিত্র সম্ভার। ইতিহাস, দর্শন, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, ধর্ম, সাহিত্য, শিল্পকলা ও সংস্কৃতির বহুমাত্রিক উপস্থাপন পাঠকের সামনে উন্মোচন করে নতুন এক দিগন্ত দুয়ার। এতে পাঠকের জানার আগ্রহ তীব্রতর হয়, চিন্তার দিগন্ত প্রসারিত হয় এবং অন্তরাত্মায় দীর্ঘদিন ধরে লালিত জ্ঞানতৃষ্ণা খুঁজে পায় পরিতৃপ্তির অবকাশ। বলা যায়, বই মানুষের ব্যস্ততাময় জীবনে একখণ্ড প্রশান্তির আশ্রয়; কখনো নিভৃত অবসরের সঙ্গী, কখনো অজানাকে জানার সোপান, আবার কখনো আত্মোপলব্ধির একান্ত সহযাত্রী।
বাঙালির প্রাণের মেলা বইমেলা। প্রতিটি প্রজন্মের মননে বই ও বইমেলাকে ঘিরে জন্ম নেয় এক দুর্নিবার আকর্ষণ। নতুন বইয়ের গন্ধ, মলাটের নান্দনিকতা, পরিচিত লেখকের সঙ্গে সাক্ষাৎ, প্রিয় লেখকের স্বাক্ষর সংগ্রহ কিংবা নতুন কোনো বইয়ের পাতায় নিজের অজানা পৃথিবীকে আবিষ্কার করার আনন্দ—সব মিলিয়ে বইমেলা হয়ে ওঠে পাঠক ও প্রজন্মের এক প্রাণবন্ত মিলনমঞ্চ। এখানে বইয়ের পাতায় পাতায় যেমন জ্ঞানের আদান-প্রদান ঘটে, তেমনি লেখক, পাঠক ও প্রকাশকের মধ্যেও গড়ে ওঠে এক আন্তরিক সেতুবন্ধন।
প্রতি বছর লেখক, পাঠক ও প্রকাশকেরা আগ্রহভরে অপেক্ষা করেন জাতীয় গ্রন্থমেলার এই মহাযজ্ঞের পানে। লেখকেরা তাঁদের সৃষ্টির উল্লাসে, চিন্তার গভীরে ও অনুভূতির অনুষঙ্গগুলো একত্র করে বুনে চলেন নান্দুনিক শব্দের বীজ। অভিজ্ঞতা, উপলব্ধি, স্বপ্ন, প্রতিবাদ, প্রেম, বিরহ, ইতিহাস ও জীবনদর্শনের বিচিত্র উপাদানে তাঁরা নির্মাণ করেন একটি বইয়ের অন্তর্জগৎ। পাঠকের রুচি, মনন ও অনুভূতির সঙ্গে সংযোগ স্থাপনের প্রত্যাশায় নিজের ভাবনাগুলোকে শব্দের শরীরে রূপ দেন। তারপর সেই সৃষ্টিকে মলাটবন্দি করে তুলে দেন বইপ্রেমী মানুষের বিশাল সমাবেশে।
অন্যদিকে, পাঠকের অপেক্ষাও কম নয়। তৃষিত চোখে, কৌতূহলী মননে তাঁরা খুঁজে ফেরেন প্রিয় লেখকের নতুন সৃষ্টি। একটি বই হাতে তুলে নেওয়ার মুহূর্তে পাঠক কেবল কাগজ ও মলাট স্পর্শ করেন না, স্পর্শ করেন লেখকের দীর্ঘদিনের সাধনা, নির্ঘুম রাতের সেই আরাধ্য স্মৃতি, অনুভূতির গভীরতা এবং চিন্তার একান্ত মুহূর্তগুলো। এই পারস্পরিক আকাঙ্ক্ষার পরিপূর্ণ মিলনমুহূর্তই বইমেলাকে করে তোলে অনন্য ও ঐতিহাসিক।
একজন লেখকের কাছে জাতীয় বইমেলা অনেকটা কোকিলের দীর্ঘ প্রতীক্ষার পর ফিরে আসা ঠিক বসন্তের মতো। কোকিল যেমন ঋতুরাজ বসন্তকে বরণ করে নেওয়ার জন্য প্রকৃতির পরিবর্তনের অপেক্ষায় থাকে, তেমনি একজন লেখকও সারা বছর প্রতীক্ষা করেন তাঁর সৃষ্টিকে পাঠকের হাতে তুলে দেওয়ার কাঙ্ক্ষিত সময়টির জন্য। বসন্তের আগমনে প্রকৃতি যেমন নতুন সাজে সজ্জিত হয়, গাছে গাছে কচি পাতার উন্মেষ ঘটে, ফুলের সৌরভে চারপাশ সুশোভিত হয় এবং কোকিলের কণ্ঠে জেগে ওঠে সেই উচ্ছ্বসিত সুর, তেমনি বইমেলার আগমনে লেখকের হৃদয়েও বেজে ওঠে তৃপ্তির আলোড়ন।
কিন্তু এই আনন্দের নেপথ্যে থাকে দীর্ঘ সাধনা, নিরলস শ্রম ও একান্ত আত্মনিবেদন।
নিজের কর্মব্যস্ততাকে বিসর্জন দিয়ে, নিদ্রাকে অবসরে পাঠিয়ে, রাতের নিস্তব্ধতাকে সঙ্গী করে একজন লেখক বুনে চলেন তাঁর চিন্তার উৎকর্ষতা , অনুভূতির প্রলয়, অভিজ্ঞতার নির্যাস ও জ্ঞানের আলো। কখনো একটি শব্দের যথার্থতা খুঁজতে গিয়ে থমকে দাঁড়ান, কখনো একটি বাক্যের ভেতর অনুভূতির গভীরতা সঞ্চার করতে গিয়ে কাটিয়ে দেন দীর্ঘ সময়। কখনো বাস্তবতার রূঢ় অভিজ্ঞতা তাঁর কলমে প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, কখনো প্রেম ও মমতার কোমল স্পর্শে শব্দেরা ধারণ করে নতুন প্রাণ। এভাবেই দিন, মাস ও বছরের নিরলস চর্চায় ধীরে ধীরে পূর্ণতা পায় সেই অপেক্ষার পাণ্ডুলিপি।
বছরজুড়ে সযত্নে বুনে রাখা বিচিত্র লেখাগুলো একত্র করে তিনি নির্মাণ করেন তাঁর আরাধ্য গ্রন্থ। সেই পাণ্ডুলিপি প্রকাশকের হাতে তুলে দেওয়ার মধ্য দিয়ে শুরু হয় আরেকটি অপেক্ষা সম্পাদনা, মুদ্রণ, প্রচ্ছদ নির্মাণ, বাঁধাই এবং অবশেষে বইটির পাঠকের কাছে পৌঁছে যাওয়ার প্রতীক্ষা। প্রতিটি ধাপের সঙ্গে মিশে থাকে লেখকের স্বপ্ন, উৎকণ্ঠা, প্রত্যাশা ও আবেগ। একটি বই প্রকাশিত হওয়া শুধুমাত্র কিছু লেখা মলাটবন্দি করা নয়, এটি একজন লেখকের দীর্ঘ আত্মনিবেদনকে দৃশ্যমান রূপ দেওয়ার সেই কাঙ্খিত মুহূর্ত।
আর সেই আরাধ্য বইটিকে ঘিরে পাঠকের সঙ্গে প্রত্যক্ষ সংযোগ স্থাপনের অন্যতম কাঙ্ক্ষিত উপলক্ষ হলো জাতীয় বইমেলা। বইমেলার প্রাঙ্গণে যখন নিজের বইটি সাজানো অবস্থায় দেখতে পান একজন লেখক, যখন কোনো পাঠক আগ্রহভরে বইটি হাতে তুলে নেন, যখন মলাটের আড়ালে থাকা শব্দগুলো অপরিচিত কোনো হৃদয়ে প্রবেশের সুযোগ পায় তখন একজন লেখকের কাছে দীর্ঘ প্রতীক্ষা যেন এক তৃপ্তময় পূর্ণতা অনুভব হওয়ার মতোই মনে হয় ।
তবে বইমেলার সার্থকতা শুধু নতুন বইয়ের প্রকাশনা কিংবা বিপুলসংখ্যক মানুষের সমাগমে সীমাবদ্ধ নয়। এর প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে পাঠাভ্যাসের বিস্তার, সুচিন্তার বিকাশ, মনুষ্যত্বের জাগরণ এবং জ্ঞানভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠনের এক দৃঢ়প্রত্যয়। একটি বই হয়তো একজন মানুষের চিন্তা বদলে দিতে পারে, প্রজন্মকে নতুন পথের সন্ধান দিতে পারে, এমনকি একটি সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তনের সূচনা তৈরি করতে পারে। সেই বিবেচনায় বইমেলা কেবল বই কেনাবেচার উৎসব নয়, এটি সৃজনশীলতার মোড়কে মূলত মননশীলতার উৎসব, মানবিক মূল্যবোধের উৎসব এবং অনাগত প্রজন্মের জন্য আলোকিত পথ নির্মাণের এক দিগন্ত দুয়ার।
বইয়ের পাতায় পাতায় বেঁচে থাকে প্রজন্মের স্বপ্ন, ইতিহাসের আভিজাত্য , সংগ্রামের প্রেরণা ও সবক এবং বিশ্বাস ও সভ্যতার উত্তরাধিকার। প্রজন্ম থেকে প্রজন্মে সেই উত্তরাধিকার পৌঁছে দেওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম বইমেলা। তাই বইমেলার প্রতিটি আয়োজন হোক জ্ঞানচর্চার নতুন অঙ্গীকার, প্রতিটি নতুন বই হোক চিন্তার নতুন দিগন্ত, আর প্রতিটি পাঠক হয়ে উঠুক আলোকিত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের একেকজন অগ্রণীযোদ্ধা।
তাই, বইমেলা একদিকে যেমন লেখকের আরাধ্য এক বসন্ত ঠিক তেমনিভাবে পাঠকের জ্ঞানতৃষ্ণার এক মহাউৎসব, প্রজন্মের মনন নির্মাণের এক প্রানবন্ত প্রাঙ্গণ এবং মানবিক মূল্যবোধে নিজেকে প্রস্তুত করার আর একটি উন্মুক্ত দুয়ার।
তাই আশা করাই যায়, এবারের বইমেলাও হবে ঠিক পাঠক ও লেখকের ঐতিহাসিক জনাকীর্ণ এক মিলনমেলা
