১৬ নভেম্বর, ২০২৬
English
Network News BD

তাইওয়ানে প্রাচীন শস্য চাষে আদিবাসী কৃষকের উদ্যোগ

নেটওয়ার্ক নিউজ বিডি
নেটওয়ার্ক নিউজ বিডি
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ | ১১:৪৬ পিএম | ১৮ বার পঠিত

দক্ষিণ-পূর্ব তাইওয়ানের সোনালি রঙের বিস্তীর্ণ মাঠে লম্বা গাছের সারির মধ্যে দিয়ে হেঁটে ফসল কাটছেন আদিবাসী কৃষক বানু ইসমাহাসান।

চরম আবহাওয়া সহ্য করতে সক্ষম বহু প্রাচীন এক ধরনের শস্যের শিষ তিনি হাতে কেটে সংগ্রহ করছেন।

একসময় তাইওয়ানের আদিবাসী কৃষকেরা তাদের প্রধান খাদ্যশস্য নষ্ট হয়ে গেলে বিকল্প হিসেবে ব্যবহারের জন্য এ শস্য চাষ করতেন। তবে ধানের সহজলভ্যতা বাড়তে থাকায় ছয় দশকেরও বেশি আগে মাঠ থেকে প্রায় হারিয়ে যায় অয়েল মিলেট নামের এই শস্য।

তাইওয়ান থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত এক দশক ধরে ইসমাহাসান ও তার বৃদ্ধ মা-বাবা বিলুপ্তপ্রায় এ শস্যের চাষ ফিরিয়ে আনতে কাজ করছেন।

তাইতুং কাউন্টির বুকলাভু গ্রামের বুনুন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে তারা এ উদ্যোগ নিয়েছেন। চারদিকে সবুজ পাহাড়ঘেরা গ্রামটিতে ঐতিহ্যবাহী এ শস্যের চাষ আবারও ছড়িয়ে দিতে চান তারা।

নীল আকাশের নিচে নিজের অয়েল মিলেটের ক্ষেতে দাঁড়িয়ে ৪৮ বছর বয়সী ইসমাহাসান এএফপিকে বলেন, ‘আমাদের আশা, বুনুন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী অনেক ফসল আবার ফিরিয়ে আনব এবং এ জমিতে সেগুলোর চাষ শুরু করব।’

বুনুন ভাষায় অয়েল মিলেটকে বলা হয় ‘দিল’। এটি তাইওয়ানের নিজস্ব শস্য। পাহাড়ে প্রাকৃতিকভাবেও এ গাছ জন্মে।

ইসমাহাসান প্রথমে ইন্টারনেটে এ শস্য সম্পর্কে পড়েন। এরপর নিজেই গবেষণা শুরু করেন। এ জন্য তিনি বিভিন্ন ঐতিহাসিক নথিপত্র ঘেঁটেছেন এবং আদিবাসী সম্প্রদায়ের প্রবীণদের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে এক নারীও ছিলেন। ওই নারী জানান, প্রায় ৫০ বছর আগে তিনি সর্বশেষ এ শস্য খেয়েছিলেন।

গবেষণায় ইসমাহাসান জানতে পারেন, বুনুন কৃষকেরা তাদের প্রধান খাদ্যশস্য ফক্সটেইল মিলেটের পাশাপাশি অয়েল মিলেট চাষ করতেন। ফসল নষ্ট হলে কিংবা কোনো দুর্যোগ দেখা দিলে বিকল্প হিসেবে ব্যবহারের জন্য তারা এ শস্য সংরক্ষণ করতেন।

নিজে কয়েক বছর অয়েল মিলেট চাষ করার পর পূর্বপুরুষেরা কেন এ শস্যের ওপর নির্ভর করতেন, তা বুঝতে পারেন ইসমাহাসান।

একটি অয়েল মিলেটের বীজ থেকে ১৫ থেকে ২০টি শিষ বা শাখাবিশিষ্ট বীজগুচ্ছ জন্মাতে পারে। গাছের কাণ্ড থেকেও স্বাভাবিকভাবে আবার নতুন গাছ জন্মায়। অন্যদিকে, ফক্সটেইল মিলেটের একটি বীজ থেকে সাধারণত একটি শিষ জন্মায়। ফসল কাটার পর এ শস্য আবার বপন করতে হয়।

ইসমাহাসানের ২ দশমিক ২ হেক্টর জমিতে চরম আবহাওয়া কিংবা রোগের প্রাদুর্ভাবে অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হলেও অয়েল মিলেট তুলনামূলকভাবে বেশি টিকে থাকার সক্ষমতা দেখিয়েছে।

কয়েক বছর আগে ২০০ দিনের বেশি সময় ধরে চলা খরার কথা উল্লেখ করে ইসমাহাসান বলেন, ‘অন্য ফসলগুলো শুকিয়ে গেলেও অয়েল মিলেট উজ্জ্বল সবুজ ছিল।’

ঘূর্ণিঝড়, বন্যা এমনকি মরিচা রোগের প্রাদুর্ভাবেও এ শস্যের কোনো ক্ষতি হয়নি।

তাইওয়ানের অ্যাকাডেমিয়া সিনিকার অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উদ্ভিদ জিনতত্ত্ব বিশেষজ্ঞ সিং ইউয়ে-ইয়ে ১৫ বছর আগে একটি আন্তর্জাতিক সম্মেলনে প্রথম অয়েল মিলেট সম্পর্কে জানতে পারেন।

তখন তিনি জানতেন না, ১৮৯০-এর দশকে সংগ্রহ করা তাইওয়ানের অয়েল মিলেটের নমুনা যুক্তরাজ্যের রয়্যাল বোটানিক গার্ডেনস, কিউতে সংরক্ষিত রয়েছে।

পরে সিংয়ের নেতৃত্বে একটি গবেষক দল দক্ষিণ-পূর্ব তাইওয়ানের পাহাড়ে অয়েল মিলেটের সন্ধান চালায় এবং এ স্বল্পপরিচিত শস্য নিয়ে গবেষণা শুরু করে।

গবেষণায় দেখা যায়, বীজের ওপর থাকা সুরক্ষামূলক মোমের আবরণ এ শস্যকে সেচ, সার কিংবা কীটনাশক ছাড়াই অনুর্বর জমিতে জন্মাতে সাহায্য করে।

তেল, প্রোটিন ও খনিজ উপাদানে সমৃদ্ধ এ শস্য মানুষ ও পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়। জ্বালানি হিসেবেও এর ব্যবহার সম্ভব।

সিং বলেন, ‘সূর্যের আলো ও পানি ব্যবহারে এ শস্য প্রাকৃতিকভাবেই অত্যন্ত দক্ষ।’

তিনি আরও বলেন, ‘মাটির অবস্থা যেমনই হোক, এমনকি পাহাড়ি এলাকায় বড় বড় পাথরে ভরা জমিতেও এটি খুব ভালোভাবে জন্মাতে পারে।’

একটি মাত্র অয়েল মিলেটের শিষ দিয়ে চাষ শুরু করেছিলেন ইসমাহাসান। এখন তাদের পরিবার বছরে দুইবার এ শস্য সংগ্রহ করে। তাদের জমির একটি অংশে অন্যান্য ঐতিহ্যবাহী বুনুন খাদ্যশস্যের পাশাপাশি এর চাষ হয়।

অয়েল মিলেটের দানা খুব ছোট এবং স্বাদহীন। তবে এটি দিয়ে জাউ, ভাপা পাউরুটি, রুটি এমনকি পপকর্নও তৈরি করা যায়।

তবে অন্য কৃষকদের এ শস্য চাষে আগ্রহী করে তুলতে পরিবারটি হিমশিম খাচ্ছে। কারণ, এখনো বাণিজ্যিকভাবে এর চাষ লাভজনক হয়ে ওঠেনি।

অয়েল মিলেট চাষে শ্রম বেশি লাগে। তা ছাড়া তাইওয়ানের সবচেয়ে জনপ্রিয় প্রধান খাদ্য চালের তুলনায় এ শস্যের দামও অনেক বেশি।

বর্তমানে অয়েল মিলেটের বাজার সীমিত হলেও ভবিষ্যতের কথা বিবেচনা করে এর বীজ সংরক্ষণে গুরুত্ব দিচ্ছে তাইওয়ানের ন্যাশনাল ক্রপ জার্মপ্লাজম সেন্টার।

জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে আরও বেশি কৃষক এ শস্য চাষে আগ্রহী হতে পারেন বলে মনে করছে সংস্থাটি।

কেন্দ্রটির সহকারী গবেষক লিন ইয়েন-ইউ এএফপিকে বলেন, জিনগত বৈচিত্র্য ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতার কারণে অয়েল মিলেটের বীজ ‘অত্যন্ত মূল্যবান।’

তিনি জানান, বীজগুলো অ্যালুমিনিয়াম ফয়েলের প্যাকেটে ভরে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কম আর্দ্রতাযুক্ত পরিবেশে সংরক্ষণ করা হয়। এভাবে কয়েক দশক পর্যন্ত বীজগুলো ভালো রাখা সম্ভব।

লিন বলেন, ‘ভবিষ্যতে চাষাবাদের পদ্ধতি কিংবা জলবায়ুতে পরিবর্তন এলে এ বীজের মূল্য ও গুরুত্ব নতুন করে উপলব্ধি করা হবে এবং এর নতুন ব্যবহার খুঁজে পাওয়া যেতে পারে।’

তিনি আরও বলেন, ‘এটি ভবিষ্যতের জন্য অনেক সম্ভাবনা ধরে রাখে।’

ইসমাহাসান বলেন, আপাতত তাঁর প্রধান লক্ষ্য নিজেদের সম্প্রদায়ের আরও বেশি মানুষকে অয়েল মিলেট চাষ ও খাওয়ার অভ্যাসে ফিরিয়ে আনা। পূর্বপুরুষদের সময়ের মতো এ শস্যকে আবারও ‘আমাদের দৈনন্দিন জীবনের অংশ করে তুলতে চাই’।

তিনি বলেন, ‘আমরা নিজেরাই যদি আর এ শস্য না খাই, তাহলে কীভাবে আশা করতে পারি যে এটি লাভজনক ব্যবসায় পরিণত হবে?’

ফলো করুন

লিখতে পারেন আপনিও!

আপনার এলাকার ঘটে যাওয়া ঘটনা, মতামত, ফিচার বা সৃষ্টিশীল সাহিত্য পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। নিয়ম ও শর্তাবলি জানতে কন্ট্রিবিউটর গাইডলাইন দেখুন।

ফটো কার্ড প্রিভিউ

Logo
১৫ নভেম্বর ২০২৬
News Image
Watermark

তাইওয়ানে প্রাচীন শস্য চাষে আদিবাসী কৃষকের উদ্যোগ

networknewsbd.com
বিস্তারিত কমেন্টে
News Image
Watermark

তাইওয়ানে প্রাচীন শস্য চাষে আদিবাসী কৃষকের উদ্যোগ

১৫ নভেম্বর ২০২৬
networknewsbd.com
ফটোকার্ড জেনারেটর
Network News BD
তাইওয়ানে প্রাচীন শস্য চাষে আদিবাসী কৃষকের উদ্যোগ
বিদেশ | ১৬ নভেম্বর, ২০২৬
📰 বিস্তারিত কমেন্টে দেখুন