ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও দুস্থ নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আরআরইপি (RREP) প্রকল্পের আওতায় কর্মী নির্বাচনের লটারি ও যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে এই লটারি কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী দেশের প্রতিটি ইউনিয়নে ১০ জন করে কর্মী নিয়োগের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের পাশাপাশি গ্রামের অবহেলিত ও দুস্থ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। বাছাই প্রক্রিয়ায় বিধবা, স্বামী পরিত্যক্তা, ভূমিহীন এবং স্বামী অসুস্থ—এমন দুস্থ পরিবার প্রধান নারীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
প্রতিটি ওয়ার্ড থেকে যথাযথ যাচাই-বাছাই ও লটারির মাধ্যমে চূড়ান্ত প্রার্থী এবং একজন করে অপেক্ষমাণ প্রার্থী নির্বাচন করা হয়। এই প্রকল্পের আওতায় নিয়োজিত কর্মীরা দৈনিক মজুরির পাশাপাশি কাজের নির্দিষ্ট অংশ নগদ এবং বাকি অংশ সঞ্চয়ী অ্যাকাউন্টে জমা রাখবেন, যা মেয়াদ শেষে তাদের আয়বর্ধক কাজে সহায়তা করবে।
রুহিয়া ১নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, “এই আরআরইপি (RREP) প্রকল্পের আওতায় প্রথম দিনে ১০ জন কর্মী নিয়োগের জন্য যাচাই-বাছাই ও লটারি অনুষ্ঠিত হয়েছে। কর্মকর্তারা অত্যন্ত সুন্দর ও স্বচ্ছভাবে লটারি পরিচালনা করেছেন। আমার জানা মতে, কাজটি সম্পূর্ণ সুস্থ ও নিরপেক্ষভাবে হয়েছে। যাদেরকে নেওয়া হয়েছে, তারা খুবই দুস্থ ও চরম দরিদ্র পরিবারের—যাদের অনেকের স্বামী নেই, কেউ বিধবা বা স্বামী পরিত্যক্তা। লটারির মাধ্যমেই তারা এই সুযোগ পেয়েছেন। কাজটি অত্যন্ত সুন্দর হয়েছে, এজন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন তার বক্তব্যে বলেন, “নির্দেশনা দেওয়া আছে, যাদেরকে অগ্রাধিকার দেওয়ার কথা, তারা সেটি মেনেই কাজটি করছেন। আমাদের সামনেই তো লটারি সম্পন্ন হলো। এভাবে প্রতিটি ওয়ার্ডের কার্যক্রম তারা পরিচালনা করবেন। এখানে আমাদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত আছেন। সকলের প্রতি অনুরোধ থাকবে, শান্তভাবে বসে তাদের এই কার্যক্রমে সহযোগিতা করবেন।
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সম্পূর্ণ নিরপেক্ষভাবে লটারি অনুষ্ঠিত হওয়ায় স্থানীয়রা গভীর সন্তোষ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের উপস্থিতিতে পুরো কার্যক্রমটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
