শিরোনাম:
Network News BD
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

পাঁচ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ

মোঃ রাজু

মোঃ রাজু

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২৬, ৬:০০ PM ১৯ বার পঠিত
পাঁচ বছর পর ন্যানো ইউরিয়ার পেটেন্ট পেলেন যবিপ্রবির অধ্যাপক জাভেদ

ছবি: সংগৃহীত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানের উদ্ভাবিত ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদন দিয়েছে বাংলাদেশ পেটেন্ট অফিস। ২০২১ সালে পেটেন্টের জন্য আবেদন করার পাঁচ বছর দুই মাস পর উদ্ভাবনটির স্বীকৃতি পেলেন তিনি।

গতকাল রোববার (২৫ অক্টোবর) পেটেন্টটি অনুমোদন দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১ সালে ন্যানো ইউরিয়ার পেটেন্টের জন্য আবেদন করেন অধ্যাপক জাভেদ হোসেন খান। এরপর দীর্ঘ সময় ধরে আবেদনটি অনুমোদনের অপেক্ষায় ছিল।

পেটেন্ট অনুমোদনের বিষয়ে অধ্যাপক জাভেদ হোসেন খান বলেন, এ প্রক্রিয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং জনপ্রশাসন মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ জন্য তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধ্যাপক জাভেদের মতে, ন্যানো ইউরিয়া কার্যকরভাবে ব্যবহার করা গেলে প্রচলিত ইউরিয়া সারের ব্যবহারের দক্ষতা বাড়ানো সম্ভব। এর মাধ্যমে সারের অপচয় ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া অতিরিক্ত সার ব্যবহারের ফলে পরিবেশের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ে, তা হ্রাস করতেও প্রযুক্তিটি সহায়ক হতে পারে।

এ অর্জনকে বিশ্ববিদ্যালয়ের গবেষণার অগ্রগতির প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি বলেন, প্রচলিত ইউরিয়া সারের তুলনায় কম খরচে সমপরিমাণ পুষ্টি সরবরাহ করা সম্ভব হলে কৃষকের উৎপাদন ব্যয় কমবে। পাশাপাশি ইউরিয়া সার আমদানির ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

অধ্যাপক জাভেদ হোসেন খান ২০১৩ সাল থেকে যবিপ্রবিতে নিজস্ব গবেষণাগার পরিচালনা করছেন। তাঁর প্রতিষ্ঠিত ন্যানো-বায়ো অ্যান্ড অ্যাডভান্সড মেটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং (ন্যাম) ল্যাবে ন্যানোটেকনোলজি ও উন্নত উপকরণ নিয়ে গবেষণা পরিচালিত হয়। গবেষণায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে তিনি বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো নির্বাচিত হন।

সংশ্লিষ্টদের মতে, ন্যানো ইউরিয়ার পেটেন্ট অনুমোদনের ফলে উদ্ভাবনটির আরও উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং বাণিজ্যিক উৎপাদনের পথ তৈরি হতে পারে। তবে কৃষিতে এর কার্যকারিতা, উৎপাদন ব্যয় ও পরিবেশগত প্রভাব সম্পর্কে নিশ্চিত হতে আরও বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা এবং মাঠপর্যায়ে যাচাই প্রয়োজন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!