শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

রেডিও টুডে এফএম ৮৯.৬ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ছায়াছন্দ ডেস্ক

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ AM ৩৪ বার পঠিত
রেডিও টুডে এফএম ৮৯.৬ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ফাইল ছবি

দেশের প্রথম বেসরকারি এফএম স্টেশন রেডিও টুডে এফএম ৮৯.৬ এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ২০০৬ সালের ১৫ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম স্টেশনের মাধ্যমে আনুষ্ঠানিক সম্প্রচার শুরু হয় দেশের সবচেয়ে শ্রোতাপ্রিয় এই এফএম স্টেশনের। যে স্বপ্ন নিয়ে রেডিও টুডের পথচলা শুরু হয়েছিল, সেই স্বপ্ন আজ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে।

আজ দেশের অন্যতম শীর্ষ এই রেডিও স্টেশনের ২১তম প্রতিষ্ঠা দিবস। অর্থাৎ সফলতার সঙ্গে ২০ বছর পূর্ণ করে ২১তম বর্ষে পা রাখল শ্রোতাপ্রিয় এই স্টেশন।

সম্প্রচারের শুরু থেকেই রেডিও টুডে জনপ্রিয় সব অনুষ্ঠানের পাশাপাশি সংবাদ প্রচারও শুরু করে। সংবাদ ও মিউজিকের পাশাপাশি রেডিও টুডে পারস্পরিক সংমিশ্রণমূলক অনুষ্ঠানের দিকেও নজর দিয়েছে। যার ফলে নানা সময় নানা ধরনের লাইভ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। রেডিও টুডের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রোতারা তাঁদের পছন্দের গান ও প্রোগ্রাম শোনার পাশাপাশি শুনতে পারেন চারটি প্রাইম টাইম নিউজও। যা প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের আধুনিক মানুষের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। রেডিও টুডের পরে দেশে অনেক এফএম স্টেশন এলেও রেডিও টুডে নিজেদের মান ধরে রেখে স্বমহিমায় টিকে আছে।

সময়ের সঙ্গে তাল মিলিয়ে বর্তমানে রেডিও টুডে ডিজিটাল মাধ্যমেও বেশ সক্রিয়। ডিজিটাল মাধ্যমের পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালও চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রায় পাঁচ বছরের নিউজ পোর্টাল যাত্রায় ইতিমধ্যেই বেশ নাম কুড়িয়েছে দেশের অন্যতম এই গণমাধ্যম। এফএমের পাশাপাশি রেডিও টুডে এফএম ৮৯.৬ অ্যাপের মাধ্যমে এখন স্টেশনটি বিশ্বের কোটি কোটি বাংলা ভাষাভাষী শ্রোতার কাছে পৌঁছে গেছে।

রেডিও টুডের প্রায় শুরু থেকে এর নিউজ পার্টনার হিসেবে যুক্ত ছিল বিশ্বখ্যাত রেডিও চ্যানেল ভয়েস অব আমেরিকা। ২০২১ সালের জুলাই মাসে ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিস বন্ধ ঘোষণার পূর্ব পর্যন্ত রেডিও টুডে ও ভয়েস অব আমেরিকা যৌথভাবে দুটি সংবাদ বুলেটিন পরিবেশন করেছে বাংলাদেশের শ্রোতাদের জন্য। বর্তমানে ২০২২ সাল থেকে পার্টনারশিপের ভিত্তিতে হ্যালো চায়না নামে রেডিও টুডের একটি অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে চায়না মিডিয়া গ্রুপ সিএমজি।

২১তম বছরে এসেও শ্রোতানন্দিত স্টেশনটির প্রতি সব শ্রেণির মানুষের মুগ্ধতা অটুট রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে রেডিও টুডের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন শ্রোতা থেকে শুরু করে সব শুভানুধ্যায়ী। সামনের দিনগুলোতে রেডিও টুডে আরও নতুন নতুন অনুষ্ঠান এবং নিউজ প্রচারের মাধ্যমে মানুষের পাশে থাকবে, এটাই সব বয়সী মানুষের প্রত্যাশা।

রেডিও টুডে কর্তৃপক্ষও দর্শক ও শ্রোতাদের প্রত্যাশা পূরণে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভদিনে সবার ভালোবাসায় রেডিও টুডে এফএম ৮৯.৬ আরও বহুদূর এগিয়ে যাবে, সকলের এমনটাই শুভকামনা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!