ময়মনসিংহের উন্নয়নে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও শিশুপার্ক প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, ময়মনসিংহকে আর অবহেলিত বিভাগ হিসেবে দেখতে চাই না। বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সংসদ সদস্য, প্রশাসন ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।
আজ রবিবার (১১ অক্টোবর) দুপুরে নগরীর সারিন্দা সবারি রিসোর্টে ময়মনসিংহ সিটি করপোরেশন আয়োজিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’ শীর্ষক এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর প্রতিষ্ঠার বিষয়ে বিমানমন্ত্রী বলেন, ভবিষ্যতের অগ্রগতি বিবেচনায় ঢাকার অদূরে ময়মনসিংহের ত্রিশাল এলাকায় একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে খুব দ্রুত সম্ভাব্যতা সমীক্ষা চালানো হবে। এ ছাড়া ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার বিষয়ে প্রয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলবেন বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে নেত্রকোনার বিরিশিরিকে জাতীয় পর্যায়ের উন্নত পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহর সম্প্রসারণ প্রসঙ্গে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আমরা পঁয়ত্রিশটি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছি। এই উড়োজাহাজগুলো বহরে যুক্ত হতে দশ বছর সময় লাগবে। ২০৩১ সাল থেকে শুরু করে ২০৩৬ বা ২০৩৭ সাল নাগাদ পর্যায়ক্রমে এগুলো দেশে পৌঁছাবে। তত দিনে আমাদের বর্তমান বহরের বেশির ভাগ উড়োজাহাজের উড্ডয়ন মেয়াদ শেষ হয়ে যাবে। সেই ভবিষ্যৎ চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিউইয়র্ক, সিডনি, কোরিয়া ও চীনের মতো বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও কাজ চলছে।
শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি উন্নত বাংলাদেশ গড়তে চান। তাঁর নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন এবং প্রত্যন্ত অঞ্চলের বঞ্চিত শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে। মাদকমুক্ত ও সুশৃঙ্খল সমাজ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজায় কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে নকলমুক্ত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করেছেন। এখন থেকে মেধার ভিত্তিতেই শিক্ষার্থীরা পরীক্ষার ফলাফল পাবে, কোনো কারচুপি বা নকলের সুযোগ থাকবে না।
ময়মনসিংহের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তথ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনে দেশের চৌষট্টি জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে ময়মনসিংহেও একটি আধুনিক তথ্য কমপ্লেক্স গড়ে তোলা হচ্ছে। সেখানে সাংবাদিকদের কাজের সুবিধার পাশাপাশি একটি আধুনিক সিনেপ্লেক্স এবং শিক্ষার্থীদের জন্যও নানা ধরনের বিনোদনের ব্যবস্থা থাকবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ময়মনসিংহ ৪ (সদর) আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ ৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও সংবর্ধিত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বিমানমন্ত্রী
প্রকাশিত:
১১ অক্টোবর ২০২৬, ৬:৩৩ PM
১৭
বার পঠিত
ছবি: পিআইডি
বিষয়বস্তু:
সম্পর্কিত আরও খবর
মন্তব্য করুন
ফেসবুকে আমরা
প্রতিদিনের খবর ইমেইলে
লিংক কপি হয়েছে!
