‘লাইট-গেটেড আয়ন চ্যানেল’ এবং ‘অপ্টোজেনেটিক্স’ নিয়ে গবেষণার জন্য এ বছর চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী। তারা হলেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল।
ফ্রান্স ২৪ এর প্রতিবেদন অনুযায়ী, পুরস্কারের অর্থমূল্য হিসেবে তারা পাচ্ছেন ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার, যা প্রায় ১২ লাখ মার্কিন ডলারের সমান।
৫৪ বছর বয়সী ডেইসেরথ, ৭১ বছর বয়সী হেগেম্যান এবং ৭৩ বছর বয়সী নাগেল জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন। নোবেল অ্যাসেম্বলির তথ্যমতে, ডেইসেরথ যুক্ত আছেন ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। অন্যদিকে হেগেম্যান বার্লিনের হামবোল্ট বিশ্ববিদ্যালয় এবং নাগেল জার্মানির উর্জবার্গ বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন।
নোবেল কমিটি তাদের এই কাজের ব্যাপক প্রশংসা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তারা জানিয়েছে, মস্তিষ্কের নানা রহস্য উন্মোচনে বিশ্বের বিভিন্ন গবেষণাগারে এখন তাদের আবিষ্কৃত পদ্ধতিটি ব্যবহার করা হচ্ছে।
BREAKING NEWS
The 2026 #NobelPrize in Physiology or Medicine has been awarded to Karl Deisseroth, Peter Hegemann and Georg Nagel “for their discoveries concerning light-gated ion channels and optogenetics.” https://t.co/pkDDEBWtkz— The Nobel Prize (@NobelPrize) October 5, 2026
স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট থেকে চিকিৎসায় এই পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে মূলত এবারের নোবেল সপ্তাহ শুরু হলো। গত বছর রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেম নিয়ে গবেষণার জন্য চিকিৎসায় তিন বিজ্ঞানী নোবেল পেয়েছিলেন।
সোমবার চিকিৎসার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর শুক্রবার শান্তিতে নোবেল এবং আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে।
এ বছর নোবেল পুরস্কারটি কোনো একক ব্যক্তি, ছোট গবেষক দল বা কোনো প্রতিষ্ঠান পাক না কেন, সবার জন্যই অর্থমূল্য নির্ধারিত থাকছে ১ কোটি ২০ লাখ সুইডিশ ক্রোনার বা প্রায় ১২ লাখ ডলার।
