রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের সংগঠন ‘রিসার্চ সোসাইটি’র উদ্যোগে শুরু হয়েছে দুই দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন। ‘কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ বিনির্মাণ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও রাবি উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক মো. আসলাম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আসলাম হোসেন বলেন, বর্তমান বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অনিবার্য হয়ে উঠেছে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে কার্যকরভাবে ব্যবহার করে দেশ ও জাতির কল্যাণে উদ্ভাবনী গবেষণায় এগিয়ে আসতে হবে।
উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় গবেষণা ও উদ্ভাবনের জন্য এক আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষার্থীদের এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।
বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. আব্দুল আলিম বলেন, জ্ঞান-বিজ্ঞানের জগতে কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন চ্যালেঞ্জ নিয়ে এসেছে, তেমনি অবারিত সুযোগেরও সৃষ্টি করেছে। গবেষকদের এই চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশোন্নয়নে কাজে লাগতে হবে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞান ও প্রযুক্তির সঙ্গে মানবিকবিদ্যা ও সমাজবিজ্ঞানের মেলবন্ধন ঘটানোর ওপর জোর দেন।
সম্মেলনের আহ্বায়ক তানজিম হাসান প্রাঙ্গণের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সচিব ফারজানা মাহতাব সুজানা এবং সঞ্চালনা করেন সহ-আহ্বায়ক মো. নাবিল বিন জাকির। বিশেষ অতিথি ছিলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. তারিকুল ইসলাম। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমানসহ বিভিন্ন অনুষদের অধিকর্তা ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই সম্মেলনের আটটি পর্বে ৭০টি গবেষণা প্রবন্ধ এবং পৃথক আটটি পর্বে ৬৮টি পোস্টার উপস্থাপন করা হবে। এতে স্বাগতিক রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় তিন শ নবীন গবেষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী পর্ব শেষে অতিথিরা সম্মেলন উপলক্ষে আয়োজিত গবেষণা ও উদ্ভাবন প্রদর্শনী ঘুরে দেখেন।
