পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি প্রশাসন বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. অলিউল্লাহ পিয়াস অষ্টাদশ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। এর মাধ্যমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো কেউ বিচারক পদে সুপারিশপ্রাপ্ত হলেন।
১৮তম বিজেএস পরীক্ষায় ১০৯তম মেধা অবস্থানে থেকে তিনি এই সাফল্য অর্জন করেন। তাঁর এই অসাধারণ সাফল্যে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান। একই সঙ্গে তাঁকে অভিনন্দন জানিয়েছেন আইন ও ভূমি প্রশাসন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক মো. আব্দুর রহিমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করে মো. অলিউল্লাহ পিয়াস বলেন, আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এই দীর্ঘ পথচলায় যাঁরা পাশে ছিলেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন বিভাগ থেকে প্রথমবার কোনো শিক্ষার্থী বিচার বিভাগে সহকারী জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়ায় পুরো বিশ্ববিদ্যালয় অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।
মো. অলিউল্লাহ পিয়াসের গ্রামের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল দেওনাইপাড় গ্রামে। তিনি উপজেলার ফুলবাড়ীয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করেন। তাঁর এই অসাধারণ অর্জনে এলাকার বন্ধুমহলেও বইছে আনন্দের জোয়ার।
সংশ্লিষ্টরা প্রত্যাশা করছেন, অলিউল্লাহ পিয়াসের এই অগ্রপথিক ভূমিকা পবিপ্রবির অন্যান্য শিক্ষার্থীকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হতে গভীরভাবে অনুপ্রাণিত করবে।
শুভ্র/
