সাহিত্য ভুবনে নিয়মিত বিচরণ করছেন কথাসাহিত্যিক সাঈদুর রহমান লিটন। সাহিত্যের সব শাখায় তাঁর সাবলীল পদচারণা থাকলেও শিশু কিশোরদের উপযোগী লেখার আমি দারুণ ভক্ত। তিনি যেন শিশুদের কথা শিশুদের মতোই লেখেন। শিশুদের সঙ্গে না মিশলে হয়তো এমন করে শিশুসাহিত্য রচনা করা তাঁর পক্ষে সম্ভব হতো না। গল্প লিখতে গেলে তিনি নিজেই যেন শিশু হয়ে যান।
তাঁর লেখা শিশু কিশোর গল্পের বই শিমুল গাছে ভূতের বাসা ২০২৪ সালের একুশে বইমেলায় দ্বিতীয় সংস্করণ হিসেবে প্রকাশিত হয়েছে। টইটই প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশ পায় ২০২২ সালে। প্রকাশের পর থেকেই এটি ব্যাপক পাঠকপ্রিয়তা পেয়েছে এবং প্রকাশনীর স্টলে দ্বিতীয় সর্বোচ্চ কপি বিক্রির রেকর্ড গড়েছে। সজীব ওয়ার্সীর করা বইটির নান্দনিক চাররঙা প্রচ্ছদ সহজেই শিশুদের আকৃষ্ট করে। আর ভেতরের গল্পগুলো পড়ে তারা দারুণ মজা পায়। তাদের মনে হয় গল্পগুলো যেন তাদের নিজেদের কথা বলছে। শিশুদের চলাফেরা আচার আচরণ কথাবার্তা ও আবেগ অনুভূতি কথাসাহিত্যিক সাঈদুর রহমান লিটন দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
পেশায় তিনি একজন শিক্ষক। শিশুদের ক্লাসে পড়াতে পড়াতেই তিনি যে নিজেই শিশু হয়ে উঠেছেন তা শিমুল গাছে ভূতের বাসা পড়লেই বোঝা যায়। ২০০ টাকা মূল্যের এই বইটিতে ছোটদের ২২টি গল্প স্থান পেয়েছে। লেখক প্রতিটি গল্পে শিশুদের মন ছুঁয়ে যায় এমন বিষয়বস্তু তুলে ধরেছেন। অসহায় শিশুদের পথচলা হাসি খুশি খেলাধুলা ভূতের ভয় এবং তাদের সংগ্রামী জীবন নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে। আবহমান গ্রামবাংলার শিশুদের জীবনযাত্রা গ্রামীণ সমাজ ও অনিশ্চিত জীবন এই গ্রন্থের প্রধান উপজীব্য। সব মিলিয়ে এটি শিশুদের সুপাঠ্য একটি গল্পের বই যা তাদের মনকে গভীরভাবে আন্দোলিত করবে। শিশুদের বই শিশুদের মতোই লিখতে পারাটাই এই লেখকের মূল মুন্সিয়ানা।
সাহিত্য ভুবনে সাঈদুর রহমান লিটন এক নিভৃত পথচারী। এর আগে তাঁর কবিতার বই পঞ্চকবির পদাবলী ব্যাপক সাড়া ফেলেছিল। তিনি বিভিন্ন জাতীয় দৈনিকে নিয়মিত গল্প কবিতা ও প্রবন্ধ লিখে যাচ্ছেন। সাঈদুর রহমান লিটন বাংলা সাহিত্যের আকাশে উজ্জ্বল তারকা হয়ে জ্বলবেন এমন বিশ্বাস রাখাই যায়। খুব শিগগিরই আসছে তাঁর নতুন গল্পের বই ফুল পরীদের গল্প। এই বইটিও পাঠকদের কাছে সমাদৃত হবে বলে আমরা প্রত্যাশা করি।
লেখক: প্রকাশক, টইটই প্রকাশনী
