শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

বাংলাদেশি তরুণদের জন্য সাইটস বিডি’র নতুন উদ্যোগ

তানজিদ শুভ্র

তানজিদ শুভ্র

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ AM ৫০ বার পঠিত
বাংলাদেশি তরুণদের জন্য সাইটস বিডি’র নতুন উদ্যোগ

ওয়েবসাইটের স্ক্রিনশট

একজন শিক্ষার্থী নিজের পোর্টফোলিও বানাতে চান। আরেকজন ডেভেলপার নতুন প্রজেক্টটি অনলাইনে প্রকাশ করতে চান। কেউ হয়তো প্রথমবারের মতো নিজের একটি ওয়েবসাইট তৈরির চেষ্টা করছেন। কিন্তু ওয়েবসাইট তৈরির আগেই সামনে আসে ডোমেইন, হোস্টিং, ডিএনএস আর নানা কারিগরি শব্দ। সঙ্গে থাকে খরচের হিসাব। ফলে অনেকের ডিজিটাল যাত্রা শুরু হওয়ার আগেই থেমে যায়।

এই জায়গাটিকে সহজ করার লক্ষ্যেই কাজ করছে SITES.BD। বাংলাদেশের তরুণ শিক্ষার্থী ও ডেভেলপারদের জন্য বিনামূল্যে সাবডোমেইন দেওয়ার মাধ্যমে শুরু হওয়া উদ্যোগটি অল্প সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ওয়েব প্ল্যাটফর্মে রূপ নিয়েছে। যেখানে name.sites.bd ধরনের একটি ওয়েব ঠিকানা নেওয়ার পাশাপাশি DNS ব্যবস্থাপনা ও ওয়েবসাইট পরিচালনার বিভিন্ন সুবিধাও পাওয়া যাচ্ছে।

SITES.BD-এর গল্প অবশ্য শুরু হয়েছিল একটি ডোমেইন নাম খোঁজার মধ্য দিয়ে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড সাধারণ ব্যবহারকারীদের জন্য সরাসরি ডট বিডি ডোমেইন নিবন্ধনের সুযোগ উন্মুক্ত করার পর একটি ব্যতিক্রমী ডোমেইন নেওয়ার পরিকল্পনা করেন ওয়েব উদ্যোক্তা মোহাম্মদ আরমান। তাঁর ভাবনা ছিল, শিক্ষার্থী ও ডেভেলপারদের জন্য এমন একটি সেবা তৈরি করা, যেখানে তারা কোনো খরচ ছাড়াই একটি দেশীয় ওয়েব ঠিকানা ব্যবহার করতে পারবেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে পাওয়া যায় SITES.BD নামটি। নামটি পছন্দ হয়ে যাওয়ার পর প্রথমে তৈরি করা হয় একটি সাধারণ ল্যান্ডিং পেজ। সেটি ছিল মূলত ব্যবহারকারীদের প্রতিক্রিয়া বোঝার একটি পরীক্ষা। কিন্তু মাত্র এক মাসেই যে সাড়া পাওয়া যায়, সেটিই বদলে দেয় প্রকল্পটির পরবর্তী পরিকল্পনা।

২০২৬ সালের মার্চে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে SITES.BD। শুরুতে ব্যবহারকারীর সাবমিট করা ডিএনএস রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে আপডেট করার সুবিধা যোগ করা হয়। ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে যুক্ত হয় ডেডিকেটেড ইউজার ড্যাশবোর্ড, লগইন সিস্টেম, স্বয়ংক্রিয় ডোমেইন ব্যবস্থাপনা এবং অন্যান্য অটোমেশন।

পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে SITES.BD-তে নিবন্ধিত ব্যবহারকারী ৪০০-এর বেশি। মোট ডোমেইন অর্ডার ১ হাজার ছাড়িয়েছে এবং সক্রিয় ওয়েবসাইটের সংখ্যা ২২০-এর বেশি। কোনো বড় ধরনের আনুষ্ঠানিক প্রচারণা বা পেইড মার্কেটিং ছাড়াই মূলত অর্গানিকভাবে এই ব্যবহারকারীভিত্তি তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সেবাটির অন্যতম বৈশিষ্ট্য এর অটোমেশন। অর্ডার করার পর সাবডোমেইন তাৎক্ষণিকভাবে সক্রিয় করার ব্যবস্থা রয়েছে। একই সঙ্গে ডিএনএস রেকর্ডও স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। সংশ্লিষ্টরা জানান, এই পরিবর্তন এক মিনিটেরও কম সময়ে রিয়েল-টাইমে কার্যকর হতে পারে।

বিনামূল্যে সাবডোমেইন দেওয়ার পরও SITES.BD-এর কার্যক্রম কীভাবে টেকসই হবে, সেটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর উত্তর খুঁজতে তারা রেখেছে ফ্রি ও পেইড সেবার সমন্বিত মডেল।

শিক্ষার্থীদের জন্য সাবডোমেইন বিনামূল্যে রাখার পাশাপাশি রয়েছে সাধারণ ওয়েব হোস্টিং, হাই-পারফরম্যান্স ওয়ার্ডপ্রেস হোস্টিং, রেডিমেড ওয়েবসাইট সলিউশন এবং কাস্টম ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট সেবা। ব্যবহারকারীদের একটি অংশ ফ্রি সাবডোমেইন নেওয়ার পর ওয়েবসাইট অনলাইনে চালু করতে এসব পেইড সেবা গ্রহণ করছেন। এটিই বর্তমানে প্ল্যাটফর্মটির প্রধান আয়ের উৎস বলে জানিয়েছে টিমটি।

দেশীয় .bd পরিচয়কে সামনে রেখে তৈরি হলেও SITES.BD-এর পরিকল্পনা শুধু বাংলাদেশের ব্যবহারকারীদের মধ্যে সীমাবদ্ধ রাখার নয়। ভবিষ্যতে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য আরও বৈচিত্র্যময় ডোমেইন এক্সটেনশন যুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

SITES.BD পরিচালিত হচ্ছে দেশীয় ওয়েব সার্ভিস এজেন্সি Bangladesh Web Services (BWS)-এর অধীনে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে শিক্ষার্থী ও তরুণদের জন্য ফ্রি হোস্টিং, ফ্রি ই-মেইল এবং ফ্রি বেসিক ওয়েব ডিজাইন সেবা চালু করা।

এই উদ্যোগের পেছনে রয়েছেন প্রতিষ্ঠাতা মোহাম্মদ আরমান। আর প্রকল্পটির প্রযুক্তিগত বিস্তার, ইউজার ড্যাশবোর্ড এবং স্বয়ংক্রিয় সিস্টেম আর্কিটেকচার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডেভেলপার আর এ ফাহিম।

বাংলাদেশে তরুণদের প্রযুক্তি উদ্যোগের গল্পে SITES.BD-এর আলাদা জায়গাটি এখানেই। এটি শুধু একটি সাবডোমেইন দেওয়ার উদ্যোগ হিসেবে শুরু হলেও এর লক্ষ্য ধীরে ধীরে একটি বড় ওয়েব ইকোসিস্টেম তৈরির দিকে যাচ্ছে। একজন শিক্ষার্থীর প্রথম পোর্টফোলিও কিংবা একজন নতুন ডেভেলপারের পরীক্ষামূলক প্রজেক্ট, একটি ছোট ওয়েব ঠিকানা থেকেই যার শুরু হতে পারে।

ডিজিটাল পরিচয়ের সময়ে সেই প্রথম ওয়েব ঠিকানাটিই হয়তো কারও অনলাইন ক্যারিয়ারের প্রথম দরজা।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!