বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬-এ ১৬টি উদ্ভাবন নিয়ে অংশ নিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঢাকার আগারগাঁওয়ের নভোথিয়েটারে শনিবার শুরু হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ছয়টি গবেষণাগার অংশ নিয়েছে।
ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবির উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারী দলগুলোর নেতৃত্ব দিচ্ছেন।
রাবির অংশ নেওয়া গবেষণাগারগুলোর মধ্যে রয়েছে ফার্মেসি বিভাগের অধ্যাপক মামুনুর রশীদ ও অধ্যাপক এ এইচ এম খুরশীদ আলমের মলিকুলার ফার্মাকোলজি গবেষণাগার, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক মো. আবু রেজার এমবিপিএসএল আই-হাব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মামুনুর রশিদ তালুকদারের প্লাজমা ইঞ্জিনিয়ারিং গবেষণাগার, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. হাসনাত কবীরের থ্রিডি প্রিন্টিং গবেষণাগার, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ার হোসেনের প্ল্যান্ট মলিকুলার বায়োটেকনোলজি গবেষণাগার এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলমের ফার্মাসিউটিক্যাল অ্যান্ড প্রোটিন কেমিস্ট্রি গবেষণাগার।
রোববার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা রাবির স্টলগুলো পরিদর্শন করেন।
আগারগাঁওয়ের নভোথিয়েটারে আয়োজিত ফেয়ারটি তিন দিনব্যাপী চলবে।
শুভ্র/
