শিরোনাম:
Network News BD
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিল তরুণ কলাম লেখক ফোরাম

ক্যাম্পাস ডেস্ক

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫২ PM ৫৩ বার পঠিত
ইবিতে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ দিল তরুণ কলাম লেখক ফোরাম

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা। আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আনন্দঘন পরিবেশে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচিতে সুবিধাবঞ্চিত ও বিভিন্ন বয়সী শিশুরা অংশ নেয়। তাদের হাতে খাতা কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়ার পাশাপাশি সংগঠনের নেতারা শিশুদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত পড়াশোনা করার জন্য তাদের উৎসাহিত করেন।

​অনুষ্ঠানে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. রবিউস সানি জোহা বলেন, সাক্ষরতা শুধু পড়ালেখা শেখা বা জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি একজন মানুষকে সচেতন দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম ভিত্তি। একটি শিক্ষিত ও মানবিক সমাজ বিনির্মাণে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের সব শ্রেণি পেশার মানুষকে শিক্ষাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে হবে।

​তিনি আরও বলেন, একটি খাতা কলম হয়তো আমাদের কাছে খুব সাধারণ একটি বিষয় কিন্তু কোনো সুবিধাবঞ্চিত শিশুর কাছে এটি হতে পারে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে যাওয়ার বড় অনুপ্রেরণা। আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে আমাদের এই ছোট উদ্যোগের মাধ্যমে শিশুদের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ ও আনন্দ সৃষ্টি করাই মূল উদ্দেশ্য।

​সংগঠনের সাধারণ সম্পাদক মোজাহিদ হোসেন বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে আমাদের এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়বদ্ধতার অংশ। আমরা চাই প্রতিটি শিশু যেন স্বপ্ন দেখার এবং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় শিক্ষা গ্রহণের সুযোগ পায়।

​উল্লেখ্য, ব্যক্তিগত ও সামাজিক উন্নয়নে সাক্ষরতার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৮ সেপ্টেম্বর বিশ্বব্যাপী আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের প্রত্যাশা এ ধরনের ছোট ছোট উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ তৈরি হবে এবং সমাজে শিক্ষার আলো আরও বিস্তৃত হবে।

শুভ্র/

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!