একসময় মনের কথা বা খবরাখবর পৌঁছানোর একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম ছিল কাগজ আর কলম। ডাকপিয়নের সাইকেলের ঘণ্টার শব্দ কিংবা ডাকবাক্সের সামনে লাল খামের অপেক্ষায় কাটত দিন। প্রযুক্তির দ্রুতগতির এই যুগে বদলে গেছে যোগাযোগের ধরন—ইনবক্স, মেসেঞ্জার কিংবা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ভিড়ে মুহূর্তেই পৌঁছে যায় বার্তা। কিন্তু যান্ত্রিক এই ফন্ট আর ইমোজির যুগে কি সত্যিই হারিয়ে গেছে হাতে লেখা চিঠির টান? নাকি বদলে গেছে শুধু তার প্রকাশের ঠিকানা?
১ সেপ্টেম্বর ‘বিশ্ব চিঠি দিবস’ উপলক্ষে হাতে লেখা চিঠি, এর ভবিষ্যৎ এবং জেন-জি অর্থাৎ নতুন প্রজন্মের মনের অনুভূতি নিয়ে কথা বলেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী। তাদের মনের অনুভূতি তুলে ধরছেন জবি রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম।
আরও ব্যক্তিগত, আরও স্মৃতিময়
আল আরাবী (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)
জেন-জি প্রজন্মের কাছে হাতে লেখা চিঠির আবেগ কি এখনো জীবন্ত? বর্তমান প্রজন্ম শতভাগ প্রযুক্তিনির্ভর হলেও হাতে লেখা চিঠির প্রতি তাদের আগ্রহ একেবারে হারিয়ে যায়নি। বরং অনেকের কাছে চিঠি এখন বিশেষ কোনো মানুষকে নিজের অনুভূতি জানানোর এক ব্যতিক্রমী ও সম্মানজনক মাধ্যম। প্রতিদিনের অসংখ্য যান্ত্রিক বার্তার ভিড়ে হাতে লেখা একটি চিঠি আলাদা এক উষ্ণতা তৈরি করে। নতুন প্রজন্মের অনেকেই হয়তো নিয়মিত চিঠি লেখে না, তবে বিশেষ উপলক্ষে হাতে লেখা চিঠি আদান-প্রদানের অভিজ্ঞতা তাদের অনেকেরই রয়েছে। দ্রুতগতির যোগাযোগের এই সময়ে এসে হাতে লেখা চিঠি হয়ে উঠেছে আরও ব্যক্তিগত, আরও স্মৃতিময়। হয়তো এখন আর ডাকপিয়নের জন্য আকুল অপেক্ষা নেই, কিন্তু প্রিয়জনের হাতে লেখা কয়েকটি ভালোবাসার শব্দ পাওয়ার আনন্দ আজও অমলিন।
ইনবক্স উত্তর দেয়, চিঠি শেখায় অপেক্ষা
কামনা মিম (গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ)
একসময় অনুভূতি পৌঁছাতেও ধৈর্য ধরতে হতো। কাগজে লেখা আবেগ খামে ভরে ডাকবাক্সে ফেলার পর শুরু হতো দীর্ঘ প্রতিক্ষা—উত্তর আসবে কবে! এখন কয়েক সেকেন্ডেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বার্তা পৌঁছে যায়। জেন-জির কাছে তাই হাতে লেখা চিঠি অনেকটা বিরল বা দুর্লভ অভিজ্ঞতা। হাতে লেখা আঁকাবাঁকা অক্ষর, খামের গায়ে স্পষ্ট ঠিকানা কিংবা উত্তরের অপেক্ষা—এসব তাদের দৈনন্দিন অভ্যাসের অংশ নয়। তবু চিঠির আসল আবেগ পুরোপুরি মুছে যায়নি; বদলে গেছে কেবল প্রকাশভঙ্গি। ইনবক্স আমাদের তাৎক্ষণিক উত্তর দেয়, আর চিঠি শেখায় অপেক্ষা করার ধৈর্য। মেসেজ হয়তো মুহূর্তের ভিড়ে হারিয়ে যায়, কিন্তু একটি চিঠি বহু বছর পরও পরম স্মৃতি হয়ে ফিরে আসে। চিঠি তাই হারিয়ে যায়নি, শুধুই ঠিকানার রূপান্তর ঘটেছে।
কলমের স্পর্শে জীবন্ত আবেগ
লাবনী আক্তার শিমলা (গণিত বিভাগ)
ছোটবেলা থেকেই বাবাকে চিঠি লেখার একটা অভ্যাস ছিল। মায়ের সামনে মুখ ফুটে যে আবদারগুলো করতে পারতাম না, সেগুলো কাগজের টুকরোয় লিখে লুকিয়ে রাখতাম বাবার বুকপকেটে। এরপর চিঠি লিখতাম প্রিয় বান্ধবীকে। ডাকবাক্সের প্রয়োজন পড়ত না তখন, মিষ্টি হাসির আদান-প্রদানে এক হাত থেকে আরেক হাতে চলে যেত আবেগ মাখানো পাতা। এখন আর আগের মতো চিঠি লেখা হয় না। সোশ্যাল মিডিয়ায় মনের আকুতি প্রকাশ পায় ঠিকই, কিন্তু চিঠির প্রতিটি শব্দে যে গভীরতা আর অপেক্ষার মূল্য থাকত, যান্ত্রিক টেক্সট মেসেজ তা ধরে রাখতে পারে না। কলমের স্পর্শে মনের আবেগ জীবন্ত হয়ে উঠত। চিঠি সহজে মুছে ফেলা যায় না, ডিজিটাল মেসেজ মুহূর্তেই হাওয়া হয়ে যায়। চিঠি হয়তো আর দৈনন্দিন যোগাযোগের প্রধান মাধ্যম হবে না, কিন্তু মানুষের নিভৃত ভালোবাসা ও স্মৃতির অন্তরালে তা টিকে থাকবে চিরকাল।
ঠিকানা বদলানো এক ভালোবাসার গল্প
মোছা: রাতিয়া খাতুন (দর্শন বিভাগ)
একটা সময় ছিল যখন মনের বার্তা পৌঁছে দেওয়ার একমাত্র ভরসা ছিল ডাকপিয়ন। কাঙ্ক্ষিত সেই খামের অপেক্ষা আর চিঠি খুলে প্রতিটি শব্দ বারবার পড়ার মাঝে ছিল অন্যরকম এক ব্যাকুলতা। বর্তমানে সেই জায়গা দখল করেছে বিভিন্ন ডিজিটাল মাধ্যম। জেন-জি প্রজন্ম নিয়মিত চিঠি লেখে না কিংবা খামে স্ট্যাম্প লাগিয়ে পোস্ট করার অভ্যাসও অনেকের নেই—এটা সত্যি। কিন্তু নিজের হাতে কাকে কয়েকটা লাইন লিখে পাঠানোর অনুভূতি আজও অন্য যেকোনো মাধ্যমের চেয়ে আলাদা। তাই চিঠি কখনো হারাবে না, চিঠি কেবল সময়ের সাথে সাথে নিজের ঠিকানা পরিবর্তন করেছে।
পরম ভালোবাসার এক জীবন্ত শিল্প
রাফিদ আহমেদ (গণিত বিভাগ)
প্রযুক্তির দ্রুতগতির যুগে এক ক্লিকেই বার্তা পৌঁছে যায় মহাদেশ থেকে মহাদেশে। এই ডিজিটাল ছন্দের মাঝে কাগজের পাতায় হাতে লেখা চিঠি হয়তো কারো কারো কাছে সেকেলে বা বাড়তি আদিখ্যেতা মনে হতে পারে। তবে স্ক্রিনের ফন্ট বা ইমোজির যান্ত্রিকতায় যা কখনো প্রকাশ করা যায় না, তা সুন্দরভাবে ফুটে ওঠে কাটাকুটি আর কাগজের ভাঁজে। প্রিয়জনের হাতের লেখা প্রতিটি শব্দে জড়িয়ে থাকে অদ্ভুত এক যত্ন ও আন্তরিকতা। বন্ধ খাম খোলার উত্তেজনা আর পুরনো কাগজের সুবাস বছরের পর বছর স্মৃতি হিসেবে রয়ে যায়। তাই কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামাজিক যোগাযোগের ভিড়েও হাতে লেখা চিঠি পরম ভালোবাসার এক নান্দনিক শিল্প।
চিঠি লেখার প্রবণতা বেঁচে থাক
মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন (ফিন্যান্স বিভাগ)
হাতে লেখা চিঠির অনুভূতি সম্পূর্ণ আলাদা। নিজের চিন্তাভাবনা গুছিয়ে হাতে চিঠি লিখলে মানুষের অনুভবশক্তি বৃদ্ধি পায়; মনের মাধুরী মেশানো শব্দ অন্যের হৃদয়কে খুব সহজেই স্পর্শ করতে পারে। ১ সেপ্টেম্বর বিশ্ব চিঠি দিবসের সূচনা কীভাবে হয়েছে তা হয়তো অনেকের জানা নেই, তবে যিনি এই দিবসের প্রবর্তন করেছিলেন, তিনি হয়তো অনুধাবন করতে পেরেছিলেন যে একদিন মানুষ যান্ত্রিকতায় হারিয়ে গিয়ে নিজের আবেগ প্রকাশ করতেই ভুলে যাবে। এই দিবসের মূল উদ্দেশ্যই হলো বিশ্বব্যাপী বিলুপ্তপ্রায় এই নস্টালজিক প্রবণতাকে টিকিয়ে রাখা এবং নতুন প্রজন্মকে আবারও কাগজের অনুভূতির সাথে পরিচয় করিয়ে দেওয়া।
