শিরোনাম:
Network News BD
সোমবার, ৫ অক্টোবর ২০২৬
মেনু
প্রচ্ছদ

© 2026 Network News BD

কাঁচের দেয়ালে বিষাক্ত মেঘের ছায়া

শব্দশৈলী ডেস্ক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৬, ৫:৪৪ PM ১২৭ বার পঠিত
কাঁচের দেয়ালে বিষাক্ত মেঘের ছায়া

ছবি: এআই এর সহায়তায় নির্মিত

নিশাত স্নেহা:

ইটের ভিড়ে হারিয়ে যাওয়া নীল আকাশের পানে চেয়ে অচেনা এক শহরে আজ কেবলই নিভৃত এক সুর বাজে। উষ্ণ স্নেহের ঘর-কোল ছেড়ে আসা আলোছায়ার মানুষটি হঠাৎ করেই যেন ইটের কঠিন চার দেয়ালে বন্দি হয়ে পড়ে, আর তার ক্লান্ত চোখের কোণে জমতে থাকে নীরব কষ্টের কত না-বলা চুক্তি। স্বপ্নের টানে বা জীবনের প্রয়োজনে প্রথমবার এই শহরের, বিশেষ করে পুরান ঢাকার বুড়ো গলিগুলোতে পা রেখেই থমকে যেতে হয় নির্মম বাস্তবের মুখে। সেকেলে আবাসনের স্যাঁতসেঁতে পরিবেশ আর লোকাল বাসে প্রতিদিনের তীব্র অনিরাপত্তা ও অশালীন দৃষ্টি পার হয়ে পথ চলা যেখানে এক নিত্যসংগ্রাম।

নবাগতদের এই অসহায়ত্বকে পুঁজি করে চারদিকে জমজমাট হয়ে ওঠে নির্দয় আবাসন ও সিট-বাণিজ্য।

দিনশেষে এই নগরী নিঃশ্বাস নেওয়ার মতো নির্মল বাতাসটুকুও যেন কেড়ে নেয়। বিষাক্ত ধোঁয়া আর ধূলাবালিতে চুল ও ত্বক নষ্ট হওয়া তো প্রতিদিনের গল্প, তার সাথে যুক্ত হয় এডিস মশার কামড়ে ডেঙ্গুর বিভীষিকা। যানজটের স্থবিরতা, হোটেলের নিম্নমানের খসখসে খাবার, ওয়াসা-পানির তীব্র দূষণ আর নিত্যপণ্যের আকাশছোঁয়া দাম মেলবন্ধনে তৈরি করে এক দুর্বিষহ জীবন। এর মাঝেই গুলিস্তান কিংবা সদরঘাটের অলিতে-গলিতে ওত পেতে থাকা মোবাইল চুরি ও ছিনতাইয়ের স্থায়ী আতঙ্কে পকেটে হাত দিয়ে হাঁটাই যেন অভ্যাসে পরিণত হয়।

একটি বসবাসযোগ্য নগরের দাবি খুব বেশি বড় কিছু নয়। আবাসন খাতের অসাধু সিন্ডিকেট ভাঙতে কঠোর তদারকি, নিয়মিত মশা নিধন ও পরিচ্ছন্নতা জোরদার করা অত্যন্ত জরুরি। পাশাপাশি সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা, পরিবেশ দূষণ কমানো, গুলিস্তান ও সদরঘাটের মতো ঝুঁকিপূর্ণ স্থানে নিয়মিত পুলিশি টহল এবং বাজারের অস্থিরতা দূর করতে কঠোর নজরদারিই পারে এ শহরকে কিছুটা হলেও বাসযোগ্য করে তুলতে। শত প্রতিকূলতা, ক্লান্তি আর দীর্ঘশ্বাসের মাঝেও নগরবাসীর বুকে আগলে রাখা এক চিলতে আশা কিন্তু মরে যায় না। তারা বিশ্বাস করতে চায়—সব বিষাক্ততা কাটিয়ে একদিন হয়তো এই ইট-পাথরের শহরও প্রাণ ফিরে পাবে, আবার আলোয় ফুটবে মানবিক এক নতুন ভোর।

লেখক: শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।

মন্তব্য করুন

আজকের নামাজের সময়সূচি (ঢাকা)

সময় লোড হচ্ছে...

ADVERTISEMENT

ফেসবুকে আমরা

প্রতিদিনের খবর ইমেইলে

লিংক কপি হয়েছে!